গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, দুর্বল ব্যাংক খাত এবং পাহাড়সম রাজস্ব ঘাটতিÑ অর্থনীতির এমন এক চ্যালেঞ্জিং ও জরাজীর্ণ উত্তরাধিকার নিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান বিএনপি সরকার। গত ছয় মাস সরকারের জন্য ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের বিনিময় হারে কিছুটা স্থিতিশীলতা এলেও, অর্থনীতির কাঠামোগত দুর্বলতা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, বিনিয়োগের অনীহা এবং কর্মসংস্থানের অভাবÑ এসব সমস্যা যেন এক দুষ্টচক্রের মতো অর্থনীতিকে ঘিরে রেখেছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনীতির পতনের গতি রোধ করার জন্য নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হলো, গত কয়েক বছরে দেশের অর্থনীতি যে পরিমাণ সংকটে পড়েছিল, মাত্র ছয় মাসের স্বল্প মেয়াদে তা সমাধান করা অসম্ভব। বর্তমান সরকার যে অর্থনীতি পেয়েছে, তা বিনিয়োগে স্থবিরতা, সীমিত কর্মসংস্থান এবং জ্বালানি খাতের তীব্র সংকট এই পুনরুদ্ধারের পথকে আরও পিচ্ছিল করে তুলেছে।
প্রায় চার বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট। নিত্যপণ্যের দামের ক্রমাগত ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে তলানিতে নামিয়ে এনেছে। বিএনপি সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই ছিল সবচেয়ে বড় পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের সময় এটি কিছুটা নিয়ন্ত্রণে এসে ৮ দশমিক ৫ শতাংশে নেমেছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম চার মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। জুলাই মাসে তা সামান্য কমে ৮ দশমিক ৩২ শতাংশ হলেও বাজারে গিয়ে এর ইতিবাচক প্রভাব খুব একটা টের পাওয়া যাচ্ছে না।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মজুরি হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে আছে প্রায় চার বছর ধরে। এতে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের সুরক্ষার উদ্যোগ নিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু মধ্যবিত্ত সমাজের বিশাল একটি অংশ, যারা মুখ ফুটে কিছু বলতে পারেনা, তাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে।
অর্থনীতির মেরুদণ্ড হলো রাজস্বব্যবস্থা। অথচ বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে কম। এই ঘাটতির অন্যতম কারণ করব্যবস্থায় দীর্ঘদিনের স্থবিরতা ও প্রয়োজনীয় সংস্কারের অভাব। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর ভেঙে শুল্ক-কর নীতি ও রাজস্ব আদায়ব্যবস্থা আলাদা করার যে যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখনও হয়নি।
আইএমএফ-এর শর্ত পূরণের লক্ষ্যে সংস্কারের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন করতে যে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন, তা এখনও দৃশ্যমান নয়। করপোরেট কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ না নিলে এবং এনবিআরকে জনবান্ধব ও স্বচ্ছ করতে না পারলে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে না।
দেশের অর্থনীতির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বিনিয়োগের অভাব। গত এক দশকের বেশি সময় ধরে দেশে বিনিয়োগ মন্দা চলছে। বিবিএসের তথ্য অনুযায়ী, গত ১৪ বছরের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ এখন সর্বনিম্ন, মাত্র ২১ দশমিক ৫৩ শতাংশ। শিল্পের কাঁচামাল আমদানি ও মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র (এলসি) খোলার হার ১০ শতাংশের বেশি কমেছে, যা নতুন শিল্প স্থাপনের অনাগ্রহের ইঙ্গিত দেয়। উদ্যোক্তারা নতুন বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন না, কারণ জ্বালানি সরবরাহ নেই, ব্যাংকে ঋণের খরচ বেশি এবং ব্যবসার পরিবেশ এখনও আস্থাহীন। সরকার বেসরকারি খাতের জন্য নানাবিধ উদ্যোগ নিলেও যতক্ষণ পর্যন্ত গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না হবে, ততক্ষণ বিনিয়োগের গতি ফেরা প্রায় অসম্ভব।
বিনিয়োগ না হওয়ায় সবচেয়ে বড় ভুক্তভোগী দেশের শিক্ষিত তরুণ সমাজ। গত এক দশকে উচ্চশিক্ষিত বেকারত্বের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। প্রায় ৯ লাখ স্নাতক ডিগ্রিধারী তরুণ আজ কর্মহীন। নতুন কর্মসংস্থান সৃষ্টি না হলে জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এফবিসিসিআইয়ের প্রশাসকের মতে, বিনিয়োগের অভাবে কর্মসংস্থান স্থবির হয়ে আছে। কেবল সরকারি চাকরি দিয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়, এর জন্য প্রয়োজন বেসরকারি খাতে বিপ্লব ঘটানো।
গত ছয় মাসে রিজার্ভ ও ডলারের সংকট কিছুটা কাটিয়ে ওঠা গেছে, যা সরকারের একটি উল্লেখযোগ্য অর্জন। রেমিট্যান্স আয় ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখা বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য। তবে এই সাফল্য যেন সাময়িক না হয়, সেদিকে মনোযোগ দেওয়া জরুরি।
ব্যাংক খাত সচল করতে বর্তমান সরকার ব্যাংক রেজল্যুশন আইন পাস করেছে। যদিও দুর্বল ব্যাংকের মালিকদের পুনর্বহালের বিতর্কিত ধারাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে, তবুও ব্যাংকিং খাত নিয়ে মানুষের আস্থাহীনতা এখনও কাটেনি। খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট ঋণের ৩২ শতাংশ। এটি একটি ভয়াবহ চিত্র। এই বিপুল অঙ্কের ঋণ উদ্ধার করতে না পারলে ব্যাংক খাত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকবে।
বর্তমান সরকারকে উত্তরাধিকারসূত্রে বয়ে বেড়াতে হচ্ছে বিশাল বিদেশি ঋণের চাপ। গত বছরেই ৪৫০ কোটি ডলার ঋণ শোধ করতে হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কিস্তি শুরু হওয়ায় এই চাপ আগামী কয়েক বছরে বহুগুণ বাড়বে। উন্নয়ন প্রকল্পের নামে অহেতুক ব্যয় এবং ঋণের অর্থে নির্মিত প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা না পাওয়ায় আমাদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। নতুন ঋণ নেওয়ার আগে আমাদের ভাবতে হবেÑ এর থেকে প্রাপ্ত সুবিধা ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতা তৈরি করবে কি না।
বাংলাদেশ ব্যাংক দীর্ঘ ২১ মাস পর নীতি সুদহার কমিয়ে সাড়ে ৯ শতাংশ করেছে। সরকারের আশা, ঋণের সুদ কমলে বিনিয়োগ বাড়বে। কিন্তু নীতি সুদহার কমালেই বিনিয়োগ বাড়বে, অর্থনীতিবিদগণ এমনপি মনে করেন না। কেননা, বিনিয়োগ শুধু সস্তা ঋণের ওপর নির্ভর করে না। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ, স্থিতিশীল আইনশৃঙ্খলা, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং সহজ ট্যাক্স নীতি এর সঙ্গে জড়িত। ব্যাংকিং খাতে আস্থাহীনতা বিদ্যমান থাকলে নীতি সুদ কমালেও সাধারণ উদ্যোক্তারা ঋণ পেতে হিমশিম খাবেন। তাই ঋণের সুদের হার কমানোর পাশাপাশি ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে হবে।
অর্থনীতির সংকটগুলো মৌলিক এবং গভীর। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরীর মতে, ব্যাংকিং খাতের অস্থিরতা আর জ্বালানি-সংকট সমাধান না করলে অন্য উদ্যোগগুলো সফল হওয়ার সুযোগ নেই। গ্যাস ও বিদ্যুৎ নিরবচ্ছিন্ন করতে না পারলে শিল্পায়ন সম্ভব নয়। আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন্য বাজার মনিটরিং এবং সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। সামগ্রিকভাবে, অর্থনীতির এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে আরও সাহসী পদক্ষেপ নিতে হবে। প্রথমত, ব্যাংকিং খাতে কঠোর সুশাসন কায়েম করতে হবে। দ্বিতীয়ত, জ্বালানি খাতে আমদানি-নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস ও দেশীয় গ্যাসের অনুসন্ধানে গতি বাড়াতে হবে। তৃতীয়ত, রাজস্ব সংস্কারে কোনো প্রকার কালক্ষেপণ করা চলবে না। চতুর্থত, বেকার যুবকদের জন্য দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দুই বছর সময় লাগার যে কথা অর্থমন্ত্রী বলেছেন, তা বাস্তবসম্মত। কিন্তু এই দুই বছরে প্রতিটি মুহূর্ত যেন সংস্কারের জন্য ব্যয় হয়। রাজনৈতিক বিতর্ক দূরে সরিয়ে রেখে অর্থনীতিকে অগ্রাধিকার দিতে হবে। তথ্য ও পরিসংখ্যানের চেয়েও বড় প্রয়োজন সাধারণ মানুষের স্বস্তি। সরকার যদি বিনিয়োগের পরিবেশ ঠিক করতে পারে, ব্যাংক খাতকে সচল এবং দায়বদ্ধ করতে পারে, জ্বালানি সংকটের সমাধান করতে পারে, তাহলেই অর্থনীতি পুনরুজ্জীবন ঘটানো সম্ভব। সেটা সম্ভব হলেই অর্থনীতির রুগ্ণ দশা কাটিয়ে স্থিতিশীল বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে।
লেখক: বিজনেস এডিটর, প্রতিদিনের বাংলাদেশ