× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা

মো. ইলিয়াস হোসেন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১ এএম

মো. ইলিয়াস হোসেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মো. ইলিয়াস হোসেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০ আগস্ট ২০২৬ একটি স্মরণীয় দিন। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও ভোটাভুটি হয়েছে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। সেই সাংবিধানিক ব্যবস্থার অধীনেই জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১-দলীয় জোটের প্রার্থী, এলডিপির চেয়ারম্যান, ড. কর্নেল (অব.) অলি আহমদ। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি পদে এমন প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘটনা নয়; বরং সংসদীয় গণতন্ত্রের সংস্কৃতিতে একটি নতুন অধ্যায়ের সূচনাও বটে।

এই রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিনের একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মীর প্রতি তার দলের আস্থারও প্রকাশ। ছাত্রজীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে এরশাদ-বিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দিয়ে তিনি তৃণমূল থেকে ধীরে ধীরে জাতীয় নেতৃত্বে উঠে আসেন। তার রাজনৈতিক উত্থান ছিল দীর্ঘ, ধারাবাহিক ও পরীক্ষিত। ২০০৯ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। দলের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করার যে সুযোগ ও অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা বিএনপির বর্তমান নেতৃত্বের মধ্যে তাকে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।

তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল বিগত সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপির সাংগঠনিক অস্তিত্ব ধরে রাখা। মামলা, গ্রেপ্তার, কারাবরণ, পুলিশি হয়রানি, রাজনৈতিক চাপ এবং নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশের বাইরে অবস্থান করছিলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রকাশ্য রাজনৈতিক নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেন। কঠিন সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ বাস্তবায়নে তার ভূমিকা বিএনপির রাজনৈতিক ইতিহাসে আলাদা করে মূল্যায়নের দাবি রাখে। পতিত সরকারের বিভিন্ন চাপ ও দলকে বিভক্ত করার নানা প্রচেষ্টার মধ্যেও তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। একজন নিবেদিত রাজনৈতিক কর্মীর এই অনমনীয়তা এবং দলের প্রতি দায়বদ্ধতা তাকে শেষ পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছে দিয়েছে। 

দীর্ঘ মাঠের রাজনীতি শেষে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বিএনপি তার দলের মহাসচিবকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান এবং সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই এই পদে এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা, যিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ, প্রতিকূল সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সামাজিকভাবে মার্জিত ও গ্রহণযোগ্যÑ বিএনপির জন্য তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। 

অন্যদিকে ড. কর্নেল অলি আহমদের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত সাবেক সামরিক কর্মকর্তা। একসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ঠ কর্মী ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিএনপি থেকে বেরিয়ে নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন। সময়ের পরিবর্তনে সেই রাজনৈতিক সহকর্মী আজ তারই একসময়ের রাজনৈতিক অনুজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজনৈতিক বাস্তবতা ও সময়ের পরিবর্তনের ফলে এই ধরনের উদাহরণ রাজনীতিতে খুব বেশি নেই। স্মরণযোগ্য, ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনেও দুই সিনিয়র-জুনিয়রের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সে ভোটযুদ্ধে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী (অব.) ও তারই একসময়ের অধস্তন জেনারেল জিয়াউর রহমান প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। সে ভোটের লড়াইয়েও জুনিয়র জিয়াউর রহমান সিনিয়র এমএজি ওসমানীকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তবে এই দুই নির্বাচনের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। ১৯৭৮ সালের নির্বাচনের ফলাফল ছিল অনিশ্চিত। আর এবারের ভোটের হিসাব-নিকাশে অলি আহমদ পরাজিত হবেন, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। তদুপরি, একসময় যারা একই রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য নিয়ে পথ চলেছেন, সময়ের আবর্তনে তাদের একজন এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়েছেন এবং অন্যজন পরাজিত হয়েছেন এটাই বাস্তবতা। 

এই নির্বাচনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক কৌশলও বিশেষভাবে আলোচনার দাবি রাখে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে একজন বীর মুক্তিযোদ্ধাকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো নিঃসন্দেহে একটি রাজনৈতিক কৌশল। ফলে নির্বাচনটি কেবল মির্জা ফখরুল বনাম অলি আহমদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল না; এর সঙ্গে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, জাতীয়তাবাদ, রাজনৈতিক পরিচয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণের প্রশ্নও এসে যুক্ত হয়েছে। তবে দলীয় কৌশল ও রাজনৈতিক হিসাব-নিকাশের বাইরে এই নির্বাচনের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো গণতান্ত্রিক প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হওয়া।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করা। বিএনপির মহাসচিব হিসেবে তাকে এতদিন দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে; রাষ্ট্রপতি হিসেবে তাকে প্রয়োজন হলে দলীয় আবেগ ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে সাংবিধানিক ভারসাম্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, জাতীয় সংকটে ঐক্যের পরিবেশ সৃষ্টি এবং জনগণের আস্থার জায়গা হিসেবে রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হবে তার দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই দায়িত্ব পালনে সহায়ক হতে পারে। তবে সেই অভিজ্ঞতার সবচেয়ে বড় পরীক্ষা হবেÑ তিনি কতটা নিরপেক্ষ, সংযত এবং রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

বাংলাদেশ বহুদিন পর এমন একজন রাষ্ট্রপতি পেয়েছে, যিনি উচ্চশিক্ষিত, দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী এবং প্রতিকূলতার মধ্যে সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এ কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সিদ্ধান্তকে বিএনপির একটি যথার্থ ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে। একজন রাজনৈতিক কর্মীর দীর্ঘদিনের ত্যাগ, আনুগত্য ও দায়িত্বশীলতার যে স্বীকৃতি রাষ্ট্রপতি পদে তার অভিষেকের মধ্য দিয়ে ঘটেছে, সেটি তার রাজনৈতিক জীবনেরও একটি বড় অর্জন। তবে ইতিহাস শেষ পর্যন্ত তাকে বিএনপির মহাসচিব হিসেবে নয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেই মূল্যায়ন করবে। সেই মূল্যায়নের মাপকাঠি হবে তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কতটা জাতীয় ঐক্যের প্রতীক হতে পেরেছেন। সংকটের সময়ে জনগণের পাশে দাঁড়াতে পেরেছেন এবং সংবিধানের মর্যাদা রক্ষা করতে পেরেছেন। তার সামনে তাই শুধু রাষ্ট্রপতি হওয়ার আনন্দ নয়, রয়েছে একটি বড় ঐতিহাসিক দায়িত্ব। 

২০ আগস্ট তাই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দিন নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনার দিন। একদিকে একজন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, অন্যদিকে একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা বিরোধী পক্ষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অর্থবহ করেছেন। ২০ আগস্টের এই নির্বাচন সেই পরিবর্তনশীল রাজনীতিরই এক গুরুত্বপূর্ণ দলিল। এখন প্রত্যাশা একটাইÑ দলীয় মির্জা ফখরুলকে পেছনে রেখে তিনি যেন সত্যিকার অর্থে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল হয়ে উঠতে পারেন এবং দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে জনগণের আস্থার অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আমরা সেই প্রত্যাশায় রইলাম। 


লেখক: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং কলামিস্ট


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা