গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
অসতর্কতার কারণে ভয়াবহ দুর্ঘটনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা সতর্ক হই না। গ্রহণ করি না দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা যায়। দেশে এ পর্যন্ত বহু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে জানমালের ক্ষতি হয়েছে প্রচুর। যখন একটি দুর্ঘটনা ঘটে, তখন তা নিয়ে শোরগোল হয়, মানুষ উদ্বেগ প্রকাশ করে, বিশেষজ্ঞ ব্যক্তিরা তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন। কিন্তু তারপর একসময় সব হয়ে পড়ে সুনসান। ভয়াবহ ঘটনার স্মৃতি সবাই ভুলে যায়। আরেকটি দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত তা নিয়ে কারও হেলদোল থাকে না। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সবচেয়ে প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোধ করি তেমন একটি দুর্ঘটনার অপেক্ষায় রয়েছে। তা না হলে প্রায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে ভয়ংকর সব অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করার পরেও তারা কীভাবে নির্বিকার থাকেনÑ এ এক বিস্ময়কর প্রশ্ন।
প্রতিদিনের বাংলাদেশ ‘আগুনের ঝুঁকিতে অরক্ষিত ঢাবি’ শিরোনামে গতকাল এক প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততার যে তথ্য তুলে ধরেছে, তাতে সচেতন নাগরিকগণ যারপরনাই বিস্মিত। প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর এ বিশ্ববিদ্যালয় আগুনের ঝুঁকিতে রয়েছেÑ এ খবর একদিকে যেমন ভীতিকর, তেমনি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের উদাসীনতারও প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি ছাত্র হলে বাস করে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী, আর ৫টি ছাত্রী হলে বাস করে প্রায় ৫ হাজার ছাত্রী। প্রতিদিনের বাংলাদেশের সরেজমিন ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ ওইসব আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক হিটার ব্যবহার বৈদ্যুতিক লাইনের ওপর অত্যধিক চাপ সৃষ্টি করায় এবং পুরনো ভবনগুলোর কাঠামোগত দুর্বলতা অগ্নিঝুঁকিকে বহুলাংশে বাড়িয়ে তুলেছে। আরেকটি উদ্বেগের বিষয় হলো, এসব আবাসিক হলে জরুরি নির্গমন ব্যবস্থা নেই। ফলে অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটলে অসংখ্য শিক্ষার্থীর প্রাণনাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবাসিক হল ও বিভিন্ন ভবনের ৬০ শতাংশেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। কোনো কোনো ভবনে অগ্নিনির্বাপক যন্ত্রই নেই। বেশ কয়েকটি ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও সেগুলোর মেয়াদ পার হয়ে অকেজো হয়ে গেছে অনেক আগেই। কিন্তু কর্তৃপক্ষ সে সম্পর্কে জ্ঞাত নয়। অন্তত বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামের বক্তব্যে তা পরিষ্কার হয়েছে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলে দেব।’ অন্যদিকে এস এম হলের প্রাধ্যক্ষ বলেছেন, তার হলে শিক্ষার্থী কম। তবে তিনি এ ব্যাপারে সতর্ক আছেন। পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা যায় কি না তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং একটি হলের প্রাধ্যক্ষের বক্তব্যে এটা অনুমান করা যায়, গুরুত্বপূর্ণ এ বিষয়টি তাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়নি। সবচেয়ে বিস্ময়কর হলো, ভাইস-চ্যান্সেলরের অজ্ঞতা। তিনি জানেনই না, যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে রয়েছেন, তার প্রতিটি ভবনই আগুনের ঝুঁকিতে রয়েছে। তিনি বোধ করি এটাও বিস্মৃত হয়েছেন যেÑ নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। খোদা না করুন, তাদের উদাসীনতার কারণে যদি কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অগ্নিকাণ্ড ঘটে তাহলে ভিসি মহোদয়ের ভবন বা অফিস যে তার বাইরে থাকবে, তার নিশ্চয়তা কী?
আমাদের বোধগম্য নয়, একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক এবং প্রশাসনিক কর্তাব্যক্তিরা এমন একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ে কীভাবে উদাসীন থাকতে পারেন! এমনিতে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। শিক্ষকগণ শিক্ষকতার চেয়ে রাজনীতি এবং ক্ষমতাসীন সরকারের তল্পিবহনে বেশি আগ্রহীÑ এ অভিযোগ একেবারে ভিত্তিহীন নয়। ভিসিসহ গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগ এখন সর্বজনবিদিত। ফলে শিক্ষকগণ শিক্ষার্থীদের পাঠদান এবং তাদের ভালো-মন্দের দেখভালসহ অত্যাবশ্যকীয় কর্তব্যের চেয়ে সরকার ও সরকারি দলের হুকুমবরদার হিসেবে দায়িত্ব পালনে বেশি আগ্রহী। শিক্ষকদের এই মানসিকতার কারণেই শিক্ষার মানের অধোগতি ঠোকানো যাচ্ছে না, পাশাপাশি নানা সমস্যা বিশ্ববিদ্যালয়টিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে প্রতিনিয়ত। তারই জাজ্বল্যমান প্রমাণ এর হল ও ভবনসমূহের আগুনঝুঁকি।
গত কয়েক বছরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেসব ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলোর মূল কারণ কর্তৃপক্ষীয় অবহেলা ও উদাসীনতা। এসব দুর্ঘটনায় বহুসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। বিনষ্ট হয়েছে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় এবং ব্যক্তিমালিকানার সম্পদ। দুর্ভাগ্যজনক হলো, তারপরেও আমাদের চৈতন্যোদয় ঘটেনি। যদি ঘটত, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্নিঝুঁকির মধ্যে থাকত না। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ যে বিষয়টি অবজ্ঞার চোখে দেখছে তা নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। উদ্বেগের বিষয় হলো, ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের আশায় সারা দেশ থেকে এ বিদ্যাপীঠে এসেছে, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকা। তাদের জীবনের নিরাপত্তা বিধানের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমরা আশা করি, তাদের শীতনিদ্রা ভঙ্গ হবে এবং বিদ্যমান অগ্নিঝুঁকি নিরসনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।