ড. হেলাল উদ্দিন আহমেদ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৪ পিএম
ড. হেলাল উদ্দিন আহমেদ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আধুনিক সমাজে কর-ফাঁকি রোধ এবং আয়কর আইন ও বিধির প্রতিপালন নিশ্চিত করার জন্য অডিট বা নিরীক্ষা একটি অত্যাবশ্যক পদ্ধতি। তবে আয়কর রিটার্নের নমুনা নির্বাচনে দৈবচয়ন পদ্ধতি প্রয়োগের পরিবর্তে পক্ষপাতমূলক নমুনায়ন করা হলে তা ন্যায়সঙ্গত হয় না, যার উদাহরণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায়শই দেখা যায়। এটা সর্বজনবিদিত যে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের সবচেয়ে কম অনুপাতগুলোর মধ্যে একটি, আর দক্ষিণ এশিয়ায় তো তা সর্বনিম্ন এবং ক্রমশ নিম্নগামী। দেশের নীতিনির্ধারকদের তাই কর প্রশাসন ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত, বিশেষত কর সংগ্রহের জন্য যে সকল পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করা হয় তার ওপর। ত্রুটিপূর্ণ পদ্ধতি প্রয়োগের একটি সাম্প্রতিক উদাহরণ হলো জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্তৃক আয়কর রিটার্নের ওপর নিরীক্ষা পরিচালনায় অনুসৃত পক্ষপাতমূলক নমুনায়ন পদ্ধতিÑ যা নিচে ব্যাখ্যা করা হলো।
যুক্তরাষ্ট্রের অডিটিং প্র্যাক্টিসেস বোর্ড (এপিবি) নিরীক্ষা বা অডিটকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করেছে : ‘আর্থিক বিবরণীর নিরীক্ষা হলো এমন একটি অনুশীলন, যার লক্ষ্য হলো প্রতিবেদন প্রদানের অনুমোদিত কাঠামো অনুযায়ী (উদাহরণস্বরূপ আইন ও প্রযোজ্য হিসাবরক্ষণ মানদণ্ড মোতাবেক) প্রস্তুতকৃত আর্থিক বিবরণীসমূহ সময়কাল-শেষে সংগঠনের কার্যক্রমের এবং তার লাভ বা লোকসানের (অথবা আয় ও ব্যয়ের) সঠিক ও ন্যায্য (বা সমতুল্য) চিত্র যথাযথভাবে প্রদর্শন করেছে কি না তা দেখা।’
বাংলাদেশের জাতীয় সংসদ ২০২৩ সালের জুন মাসে পূর্ববর্তী ‘আয়কর অধ্যাদেশ, ১৯৮৪’ বাতিল করে নতুন ‘আয়কর আইন, ২০২৩’ পাস করেছিল। এই আইনের ধারা-১৮০ অনুযায়ী স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্নসমূহ অডিট বা নিরীক্ষা করার উদ্দেশ্যে এবং ধারা-১৮২ অনুযায়ী নিরীক্ষা পরিচালনা ও নিষ্পত্তির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ২০২৫ সালে ‘আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫’ প্রণয়ন করে। এই নির্দেশনা মোতাবেক নিরীক্ষা পরিচালনার উদ্দেশ্য হলো : কর ফাঁকি প্রতিরোধ, কর পরিহারের প্রবণতা রোধ, ও সুস্থ কর সংস্কৃতির বিকাশ নিশ্চিতকরণ; করদাতা কর্তৃক আয়কর আইন ও বিধি যথাযথভাবে প্ৰতিপালন নিশ্চিতকরণ; কর ফাঁকির ক্ষেত্র, পদ্ধতি ও ঝুঁকিসমূহ চিহ্নিতকরণ এবং আয়কর কর্মকর্তা কর্তৃক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ।
তবে ‘অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন’ সংক্রান্ত নির্দেশিকার অংশ-৩ এবং ‘স্বাভাবিক ব্যক্তি করদাতা ব্যতীত অন্যান্য করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচনের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়’ সংক্রান্ত অংশ-৪ পরীক্ষা করলে কিছু অসঙ্গতি ও ত্রুটি দৃশ্যমান হয়। অনুচ্ছেদ ৩(ক)-এ বলা হয়েছে: আয়কর আইনের ধারা-১৮০ অনুযায়ী দাখিলকৃত রিটার্নের মধ্য থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ধারা-১৮২ অনুযায়ী রোর্ড বা বোর্ডের অধীনস্ত কোনো আয়কর কর্তৃপক্ষ অডিটের জন্য রিটার্ন নির্বাচন করবে। আর ৩(খ) অনুচ্ছেদে বলা হয়েছে : অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ঝুঁকিভিত্তিক নিরীক্ষা নির্বাচন মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন করবে। কিন্তু উল্লিখিত এই নীতির ব্যত্যয় ঘটিয়ে ৪(ঠ) অনুচ্ছেদে বলা হয়েছে: যে সকল করদাতার রিটার্ন কখনোই অডিটের আওতায় আসেনি সে সকল রিটার্ন থেকে অডিটের জন্য বাছাইকৃত রিটার্নের সংখ্যা হবে বাছাইকৃত মোট রিটার্নের ন্যূনতম এক-তৃতীয়াংশ। এটা স্পষ্টতই ন্যায্যতা ও নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছে। কারণ নমুনাটি তখন দৈবচয়নের ভিত্তিতে না হয়ে পক্ষপাতমূলক হয়ে পড়ে। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো।
‘দৈবচয়নের ভিত্তিতে নমুনায়ন’ হলো একটি পরিসংখ্যানগত পদ্ধতিÑ যেখানে একটি বৃহত্তর জনসমষ্টির মধ্য হতে নমুনাসমূহ বা ব্যক্তিদেরকে এমনভাবে নির্বাচন করা হয়Ñ যাতে করে সকল ব্যক্তির নির্বাচিত হওয়ার সমান ও স্বতন্ত্র সম্ভাবনা থাকে। অন্যদিকে পক্ষপাতমূলক নমুনায়ন হলো এমন পদ্ধতিÑ যেখানে বৃহত্তর জনসমষ্টির কিছু নির্দিষ্ট সদস্যকে ইচ্ছাকৃতভাবে রাখা বা বাদ দেওয়া হয়, যার ফলে নমুনাগুলো আর জনসমষ্টির প্রতিনিধিত্বশীল থাকে না। ফলে যখন নমুনার অন্তত এক-তৃতীয়াংশ ইতঃপূর্বে অনিরীক্ষিত করদাতাদের দ্বারা পূরণ করার পূর্বশর্ত চাপানো হয়, তখন নমুনাটি আর দৈবচয়নভিত্তিক থাকে না, বরং এই বিশেষ শ্রেণির করদাতাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে। অধিকন্তু নির্দেশিকার অংশ-৪ যে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য নয়, সেই শর্তও এখানে লঙ্ঘিত হয়েছে।
এখানে ন্যায্যতার প্রশ্নও জড়িত আছে। এর কারণ এটা অনুমান করা যায় যে এই বিশেষ অনিরীক্ষিত গোষ্ঠীকে কর কর্তৃপক্ষ ইতঃপূর্বে নিরীক্ষার আওতায় আনেনি। কারণ তাদের রিটার্নে সে রকম সন্দেহজনক বা দোষী সাব্যস্ত হওয়ার মতো উপাদান ছিল না। ফলে এটা অনেকটা অতীতে সততা অবলম্বন করার জন্য কাউকে শাস্তি দেওয়ার মতো। একে ফাউল না করা সত্ত্বেও কোনো ফুটবল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখানোর সঙ্গে তুলনা করা যায়।
এবার দেখা যাক, পক্ষপাতদুষ্ট নমুনায়নের মাধ্যমে নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন নির্বাচন সংশ্লিষ্ট করদাতাদের ওপর কেমন প্রভাব ফেলেছে? প্রথমত, এক-তৃতীয়াংশ নমুনা ইতঃপূর্বে অনিরীক্ষিত করদাতাদের মধ্য হতে নির্বাচনের ফলে অধিকতর সন্দেহজনক করদাতারা নিরীক্ষিত হওয়া থেকে বেঁচে গেছেন। এর ফলে এনবিআর একদিকে যেমন আরও বেশি কর আহরণের সুযোগ হারিয়েছে, অন্যদিকে তার সুউচ্চ নৈতিক অবস্থানেরও অবনমন ঘটেছে। দ্বিতীয়ত, এটা অনেক নিরীহ ও নির্দোষ করদাতাদের জন্য ‘বিনা মেঘে বজ্রপাত’-এর মতো অপ্রত্যাশিত আঘাত হিসেবে এসেছে, যাদের অনেকেরই বয়স ষাট বা সত্তরের ঘরে; এদেরকে আগে কখনোই রিটার্ন নিরীক্ষার মতো একটি সম্পূর্ণ অজানা হুমকির সম্মুখীন হতে হয়নি। এমন খবরও পাওয়া গেছে যে শহর থেকে বহু দূরে প্রান্তিক জনপদে অবস্থিত দূরবর্তী গ্রামের নিরীহ ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, অথবা ষাট বা সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীও এই পরিসংখ্যানভিত্তিক নির্দয় খেলার শিকার হয়েছেন। বিশেষত স্বাস্থ্যগত কারণে ঝুঁকির মধ্যে থাকা সিনিয়র সিটিজেনদের জন্য পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ারই কথা।
পত্রপত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, এনবিআর ২০২৫ সালের জুলাইয়ে প্রথম দফায় নিরীক্ষার জন্য ১৫,৪৯৪ রিটার্ন নির্বাচন করেছিল, আর এ বছর ২০২৩-২৪ করবর্ষের রিটার্ন হতে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে। প্রতিটি কর সার্কেলকে (অঞ্চল ও রেঞ্জের অধীন) ন্যূনতম ২০টি ও সর্বোচ্চ ২০০টি রিটার্ন নির্বাচন করতে হয়েছে। এই উদ্যোগটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারই প্রথম শুরু করেছিল, আর নবনির্বাচিত বিএনপি সরকার তারই ধারাবাহিকতায় এটা এগিয়ে নিচ্ছে। কিন্তু যা অনেক পর্যবেক্ষককে অবাক করেছে সেটা হলো, ড. সালেহউদ্দিন আহমদের মতো প্রথিতযশা অর্থনীতিবিদ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এই ত্রুটিপূর্ণ উদ্যোগটি কীভাবে চালু হলো! তবে বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, ও হিসাববিদ্যার ব্যাপারে প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। আশা করা যায়, তিনি সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে কর প্রশাসনের ন্যায্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবেন।
লেখক: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কোয়ার্টারলি পত্রিকার প্রাক্তন সম্পাদক