আলতাফ হোসেন উজ্জ্বল
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পিএম
প্রতীকী ছবি
আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ। কিন্তু ফলাফলই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। একজন শিক্ষার্থী শুধু একটি নম্বর বা একটি জিপিএ নয়; তার মধ্যে রয়েছে সম্ভাবনা, সৃজনশীলতা, নৈতিকতা, দায়িত্ববোধ, সমস্যা সমাধানের সক্ষমতা এবং ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা। তাই রাষ্ট্র যদি বিদ্যালয়গুলোর মধ্যে র্যাঙ্কিং চালু রাখে, তাহলে সেই র্যাঙ্কিংয়ের কাঠামোও হতে হবে বহুমাত্রিক।
ধরা যাক, একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ১৬ জন। তাদের মধ্যে ১৫ জন উত্তীর্ণ। পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে একটি বিদ্যালয়ে পরীক্ষার্থী ৪৯৭ জন; উত্তীর্ণ ৩৩৮ জন। পাসের হার প্রায় ৬৭ দশমিক ৯৯ শতাংশ। কিন্তু দ্বিতীয় বিদ্যালয় থেকেই ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শুধু পাসের হারের ভিত্তিতে প্রথম বিদ্যালয়কে ‘সেরা’ ঘোষণা করা হলে দ্বিতীয় বিদ্যালয়ের বৃহৎ পরিসরের শিক্ষাগত অর্জন কি যথাযথভাবে প্রতিফলিত হবে? এখানেই রাষ্ট্রের শিক্ষানীতি ও মূল্যায়নব্যবস্থার একটি মৌলিক প্রশ্ন সামনে আসে।
শুধু পাসের হার নয়Ñ পাসের হার, জিপিএ-৫-এর হার, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সখ্যা, গড় ফলাফল, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফলাফল, ধারাবাহিকতা এবং শিক্ষার্থীর অগ্রগতিকে একসঙ্গে বিবেচনায় নেওয়া যেতে পারে। একটি সম্ভাব্য মূল্যায়ন কাঠামো হতে পারেÑ পাসের হার ২৫ নম্বর, জিপিএ-৫-এর হার ২০, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর অবদান ১৫, গড় জিপিএ বা নম্বর ১৫, মূল বিষয়গুলোর ফলাফল ১০, গত তিন বছরের ধারাবাহিকতা ১০ এবং শিক্ষার্থীদের অগ্রগতি ৫ নম্বর। এটি কোনো সরকারি সূত্র নয়; একটি নীতিগত প্রস্তাব। তবে রাষ্ট্র চাইলে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, পরিসংখ্যানবিদ এবং মাঠপর্যায়ের শিক্ষকদের মতামতের ভিত্তিতে একটি জাতীয় মূল্যায়ন কাঠামো তৈরি করতে পারে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলোÑ বিদ্যালয়ের আকার। ১৬ জন পরীক্ষার্থী এবং ৪৯৭ জন পরীক্ষার্থীকে একই সরল শতাংশের কাঠামোয় বিচার করলে পরিসংখ্যানগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ছোট পরীক্ষার্থী-গোষ্ঠীর ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ফলাফল পুরো প্রতিষ্ঠানের শতাংশে বড় প্রভাব ফেলতে পারে। বড় বিদ্যালয়ে সেই প্রভাব তুলনামূলকভাবে কম। তাই রাষ্ট্র চাইলে দুটি পৃথক স্বীকৃতির ব্যবস্থা করতে পারেÑ ‘উচ্চ পাসের হারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’ এবং ‘বৃহৎ শিক্ষার্থী-গোষ্ঠীর সামগ্রিক সাফল্যের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’। এতে ছোট বিদ্যালয়ের অসাধারণ সাফল্যও স্বীকৃতি পাবে, আবার বড় বিদ্যালয়ের বৃহৎ পরিসরের অবদানও অদৃশ্য হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, পরীক্ষা, মূল্যায়ন, স্বীকৃতি ও প্রশাসনিক সিদ্ধান্তÑ সব ক্ষেত্রেই প্রচলিত শিক্ষা আইন, বিধিমালা, সরকারি পরিপত্র ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন। কোনো স্থানীয় প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম বা অন্য কোনো কর্তৃপক্ষ যদি ‘সেরা বিদ্যালয়’ ঘোষণা করে, তাহলে কোন সরকারি তথ্য ব্যবহার করা হয়েছে এবং কোন পদ্ধতিতে র্যাঙ্কিং করা হয়েছে তা জনগণের সামনে স্পষ্ট করা উচিত।
রাষ্ট্র চাইলে একটি জাতীয় বিদ্যালয় মূল্যায়ন সূচক প্রবর্তন করতে পারে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পরিসংখ্যানবিদ, শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সমন্বয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ কাঠামো তৈরি করা যেতে পারে। এই সূচকে শুধু পরীক্ষার ফল নয়Ñ শিক্ষার্থীদের উপস্থিতি, ঝরে পড়ার হার, দুর্বল শিক্ষার্থীদের অগ্রগতি, বিজ্ঞান ও গণিত শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম, নিরাপদ শিক্ষার পরিবেশ, শিক্ষক উপস্থিতি, পাঠদানের ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও সৃজনশীল বিকাশের মতো বিষয়ও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
শিক্ষার প্রকৃত সাফল্য হলোÑ একজন দুর্বল শিক্ষার্থীকে সম্ভাবনাময় করে তোলা, একজন মাঝারি শিক্ষার্থীকে আরও এগিয়ে নেওয়া এবং একজন মেধাবী শিক্ষার্থীকে তার সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছে দেওয়া। তাই ‘সেরা বিদ্যালয়’ শব্দটির অর্থও নতুন করে ভাবতে হবে।
যে বিদ্যালয়ের পাসের হার বেশি, সে অবশ্যই প্রশংসার দাবিদার। যে বিদ্যালয় বেশিসংখ্যক জিপিএ-৫ তৈরি করেছে, তারও স্বীকৃতি প্রাপ্য। যে বিদ্যালয় শত শত শিক্ষার্থীকে সফলভাবে উত্তীর্ণ করেছে, তার অবদানও কম নয়। আবার যে বিদ্যালয় কয়েক বছরের মধ্যে দুর্বল ফলাফল থেকে ধারাবাহিক উন্নতির পথে এসেছে, তার অর্জনও রাষ্ট্রীয় স্বীকৃতির যোগ্য। অর্থাৎ সবার জন্য একই মাপকাঠি নয়; বরং ন্যায়সঙ্গত মাপকাঠি।
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে ভুল মূল্যায়নের ক্ষতি দীর্ঘমেয়াদি। ভুল র্যাঙ্কিং শুধু একটি বিদ্যালয়ের মর্যাদাকে প্রভাবিত করে না; এটি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে। বিদ্যালয়গুলো তখন প্রকৃত শিক্ষা উন্নয়নের পরিবর্তে শুধু র্যাঙ্কিংয়ের জন্য কাজ করার প্রবণতায় যেতে পারে।
এমন প্রবণতা কখনও কাম্য নয়। আমাদের শিক্ষাব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে, যেখানে শিক্ষক শুধু ভালো ফলের জন্য নয়, ভালো মানুষ তৈরির জন্যও মূল্যায়িত হবেন; বিদ্যালয় শুধু জিপিএ-৫ উৎপাদনের জন্য নয়, শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্যও স্বীকৃতি পাবে।
বিদ্যালয় র্যাঙ্কিংয়ের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে ওপরে তুলে অন্য প্রতিষ্ঠানকে নিচে নামানো হতে পারে না। এর উদ্দেশ্য হওয়া উচিতÑ শিক্ষার মানোন্নয়ন, সুস্থ প্রতিযোগিতা, দুর্বলতার জায়গা চিহ্নিতকরণ এবং রাষ্ট্রীয় শিক্ষানীতিকে আরও কার্যকর করা। তাই সময় এসেছে শতাংশের প্রতিযোগিতা থেকে বেরিয়ে শিক্ষার প্রকৃত মান, শিক্ষার্থীর অগ্রগতি, প্রতিষ্ঠানের সক্ষমতা সামনে রেখে একটি ন্যায়সঙ্গত বিদ্যালয় মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার।
লেখক: শিক্ষক, কবি ও কলামিস্ট