মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিÑ এই তিনটি উপাদানের কোনো একটিতে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তার অভিঘাত শুধু শিল্পকারখানার উৎপাদনেই সীমাবদ্ধ থাকে না। বিনিয়োগ কমে, রপ্তানি ব্যাহত হয়, ব্যাংকের ঋণঝুঁকি বাড়ে, কর্মসংস্থান সংকুচিত হয় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের আয় ও জীবনযাত্রায় তার প্রভাব পড়ে। বাংলাদেশে ‘গ্যাস সংকট’ এখন সেই বহুমাত্রিক অর্থনৈতিক ঝুঁকির দিকেই এগোচ্ছে। উদ্বেগের বিষয় হলো, এটি আর কেবল সাময়িক সরবরাহ ঘাটতির সমস্যা নয়। বহু শিল্পপ্রতিষ্ঠান গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে। নতুন শিল্পে বিনিয়োগ করেও উদ্যোক্তারা উৎপাদনে যেতে পারছেন না। আবার যেসব কারখানা উৎপাদনে আছে, সেগুলোও পর্যাপ্ত চাপ না থাকায় সক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করছে।
সাম্প্রতিক সময়ে এই সংকট এতটাই তীব্র হয়েছে যেÑ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের বহু কারখানা বন্ধ হয়ে গেছে, কোথাও শ্রমিক বসে আছেন, আবার কোথাও গ্যাসের বিকল্প হিসেবে কাঠ, ডিজেল কিংবা অন্যান্য ব্যয়বহুল জ্বালানি ব্যবহার করতে হচ্ছে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩.৮ থেকে ৪ বিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়েও সরবরাহ এই চাহিদার তুলনায় খুবই কম। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায়, দৈনিক সরবরাহ প্রায় ২.৭ বিলিয়ন ঘনফুটের আশপাশে ছিল। অর্থাৎ চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি প্রায় ১ বিলিয়ন ঘনফুটের বেশি। এই ঘাটতির বড় কারণ দেশের পুরনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়া। দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা থেকেই চলতি বছরের মার্চের পর দৈনিক প্রায় ৮০ মিলিয়ন ঘনফুট উৎপাদন কমেছেÑ এমন তথ্য গণমাধ্যমে এসেছে। এর অর্থ একদিকে নতুন দেশীয় গ্যাসের উৎস যুক্ত হচ্ছে না, অন্যদিকে পুরনো ক্ষেত্রগুলোর উৎপাদন স্বাভাবিকভাবে কমছে।
পাশাপাশি এলএনজি সরবরাহে আন্তর্জাতিক সংকট এবং আমদানি অবকাঠামোর সীমাবদ্ধতাও রয়েছে। চলতি বছর কাতারের এলএনজি সরবরাহ অর্ধেকে নেমে যাওয়ায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে অতিরিক্ত এলএনজি কিনতে হয়েছে, যা সংকটকে আরও তীব্র করেছে। ঘাটতি পূরণে বাংলাদেশ ক্রমেই আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু এলএনজি আমদানির ক্ষেত্রেও রয়েছে বৈশ্বিক বাজার, পরিবহন, মূল্য, সরবরাহকারী দেশ এবং দেশের নিজস্ব অবকাঠামোগত সীমাবদ্ধতা। সমস্যাটি এখন দ্বিমুখীÑ দেশীয় গ্যাস উৎপাদন কমছে, আর আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা বাড়ছে। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে শিল্প খাতকে প্রতিদিন অনিশ্চয়তার সঙ্গে লড়তে হচ্ছে।
উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের ২১ জুলাই মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি আরও খারাপ হয়। ওই টার্মিনাল থেকে স্বাভাবিক সময়ে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতো। টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় সরবরাহ কমে যায়। এখন আংশিকভাবে চালু হলেও পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও সময় লাগবে। এ ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। দেশের এলএনজি আমদানি ব্যবস্থা মূলত দুটি ভাসমান টার্মিনালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একটি টার্মিনালে সমস্যা দেখা দিলে জাতীয় গ্যাস সরবরাহে বড় ধাক্কা লাগে। এখানেই প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি জ্বালানি ব্যবস্থায় আমাদের বিকল্প সক্ষমতা কোথায়?
গ্যাস সংকটের সবচেয়ে কম আলোচিত দিক হলো নতুন শিল্পে বিনিয়োগ আটকে যাওয়া। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, গ্যাস সংযোগের জন্য অনেক প্রতিষ্ঠানকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কারও ক্ষেত্রে অপেক্ষার সময় দুই বছর বা তারও বেশি। এ সময়ের মধ্যে উদ্যোক্তাকে ব্যাংকের ঋণের সুদ দিতে হচ্ছে, জমি ও কারখানার রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে, কিন্তু উৎপাদন শুরু করা যাচ্ছে না। গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্যাস সংযোগের অভাবে প্রায় ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ আটকে আছে। এসব কারখানার মধ্যে ইস্পাত, পোশাক, সিমেন্টসহ বিভিন্ন শিল্প রয়েছে। আরও উদ্বেগজনক হলো, জুলাইয়ে সরকার নতুন শিল্প-গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধির অনুমোদন স্থগিত করেছে।
সাম্প্রতিক সময়ে গ্যাস সংকটের সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়েছে তৈরি পোশাক, টেক্সটাইল, ডাইং, নিটিং ও অন্যান্য জ্বালানি-নির্ভর শিল্পে। বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, সংকটের সময়ে পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। গত দুই বছরে গ্যাস ও অন্যান্য চাপের কারণে শত শত কারখানা বন্ধ এবং হাজার হাজার কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে। সাভার-আশুলিয়ার সাম্প্রতিক চিত্র আরও স্পষ্ট। সেখানে কিছু কারখানায় গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ কমেছে; কোনো কোনো প্রতিষ্ঠানকে ডিজেল, সৌরবিদ্যুৎ ও ব্যাটারির ওপর নির্ভর করতে হচ্ছে। ডিজেলের খরচ কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় তিনগুণ পর্যন্ত বেড়েছে।
শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্পাঞ্চলের পরিস্থিতিও একই ধরনের। গ্যাসের অভাবে শতাধিক কারখানা বন্ধ থাকার খবর এসেছে। কিছু কারখানা উৎপাদন চালু রাখতে কাঠ পোড়াচ্ছে এবং প্রতিদিন অতিরিক্ত জ্বালানি ব্যয় করছে। কোনো কোনো প্রতিষ্ঠানের দৈনিক ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। এখানে অর্থনীতির একটি মৌলিক হিসাব মনে রাখা দরকারÑ একটি কারখানা বন্ধ হলে শুধু মালিকের মুনাফা বন্ধ হয় না। শ্রমিকের মজুরি ঝুঁকিতে পড়ে, পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, কাঁচামাল সরবরাহকারী বিক্রি হারান, ব্যাংকের ঋণ পরিশোধে চাপ তৈরি হয় এবং সরকারের রাজস্বও কমে। তাই একটি কারখানার উৎপাদন বন্ধ হওয়ার অর্থ অর্থনীতির বহু স্তরে একই সঙ্গে আয় কমে যাওয়া।
সবচেয়ে বড় ঝুঁকি এখন বেকারত্বের। দেশের জন্য এই জায়গাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের শ্রমবাজারে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ প্রবেশ করেন। অথচ শিল্প খাত যদি সম্প্রসারিত না হয়, নতুন বিনিয়োগ না আসে এবং বিদ্যমান কারখানাগুলো উৎপাদন কমিয়ে দেয়, তাহলে নতুন কর্মসংস্থান তৈরি করা কঠিন হয়ে পড়ে। গ্যাসের অভাবে নতুন কারখানা চালু না হওয়া মানে যে চাকরিগুলো তৈরি হওয়ার কথা ছিল, সেগুলো আর তৈরি হচ্ছে না। আর বিদ্যমান কারখানা বন্ধ হলে সরাসরি চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়। ফলে গ্যাস সংকট ধীরে ধীরে কর্মসংস্থান সংকটে রূপ নিচ্ছে।
সংকটটি রপ্তানি খাতের জন্যও বিপজ্জনক। আন্তর্জাতিক ক্রেতারা সময়মতো পণ্য চান। গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তায় উৎপাদন ব্যাহত হলে সময়মতো পণ্য পাঠানো সম্ভব হয় না। আজ একটি অর্ডার দেরিতে পাঠানো হয়তো সাময়িক সমস্যা; কিন্তু বারবার একই ঘটনা ঘটলে ক্রেতা বিকল্প দেশ খুঁজতে পারেন। ইতোমধ্যে রপ্তানি সময়সীমা ও ভবিষ্যৎ অর্ডার নিয়ে শিল্পোদ্যোক্তাদের উদ্বেগের কথা উঠে এসেছে। এখন প্রশ্ন হলো স্থায়ী সমাধান কোথায়?
প্রথমত, গ্যাস সমস্যাকে শুধু এলএনজি আমদানি বাড়ানোর সমস্যা হিসেবে দেখলে চলবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্থলভাগের পাশাপাশি সমুদ্রাঞ্চলে অনুসন্ধান দ্রুত করা দরকার। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উৎপাদনে দীর্ঘ সময় লাগে। তাই আজ সিদ্ধান্ত না নিলে আগামী পাঁচ বছর পরও একই প্রশ্ন করতে হবে।
দ্বিতীয়ত, এলএনজি আমদানির সক্ষমতা ও অবকাঠামোতে বৈচিত্র্য আনতে হবে। একটি বা দুটি টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তৃতীয় এলএনজি টার্মিনালের প্রয়োজনীয়তা নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ মহলে আলোচনা হচ্ছে।
তৃতীয়ত, গ্যাসের ব্যবহারেও অগ্রাধিকার নীতি নতুন করে নির্ধারণ করতে হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে যেখানে সম্ভব কয়লা, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য উৎস ব্যবহার করা গেলে শিল্পের জন্য কিছু গ্যাস অবমুক্ত করা সম্ভব। সরকারের পক্ষ থেকেও শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বিদ্যুৎ খাতে বিকল্প জ্বালানি ব্যবহারের কথা বিবেচনা করা হচ্ছে।
চতুর্থত, গ্যাসের দাম ও সরবরাহ নীতিতে স্বচ্ছতা প্রয়োজন। শিল্পোদ্যোক্তা যদি জানেনÑ কত দামে এবং কত বছর ধরে তিনি গ্যাস পাবেন তাহলে বিনিয়োগ পরিকল্পনা করা সহজ হয়। অনিশ্চিত সরবরাহের চেয়ে অনেক সময় উচ্চ কিন্তু স্থিতিশীল দাম উদ্যোক্তার কাছে বেশি গ্রহণযোগ্য।
পঞ্চমত, জ্বালানিব্যবস্থাকে ধীরে ধীরে বহুমুখী করতে হবে। শিল্পের ছাদে সৌরবিদ্যুৎ, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য থেকে জ্বালানি এবং যেখানে অর্থনৈতিকভাবে সম্ভব বিকল্প জ্বালানি ব্যবহারের সুযোগ বাড়াতে হবে। তবে এসবকে গ্যাস সংকটের পূর্ণ বিকল্প হিসেবে নয়, বরং ঝুঁকি কমানোর উপায় হিসেবে দেখতে হবে।
গ্যাসের জন্য দুই বছর অপেক্ষা করা কোনো উদ্যোক্তার পক্ষে সম্ভব নয়। কারণ এটি মূলধনের ওপর সুদের বোঝা, উৎপাদন হারানোর ক্ষতি এবং বিনিয়োগের অনিশ্চয়তা সৃষ্টি করবে। একটি কারখানা বন্ধ হওয়া শুধু একটি ভবনের দরজায় তালা পড়া নয়; এর সঙ্গে জড়িয়ে শত শত পরিবারের আয়, ব্যাংকের ঋণ, রপ্তানি আয় এবং দেশের প্রবৃদ্ধি।
তাই সমাধান হওয়া উচিত তিন স্তরেÑ স্বল্পমেয়াদে সরবরাহ স্থিতিশীল করা, মধ্যমেয়াদে এলএনজি ও অবকাঠামোর ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান ও জ্বালানি বহুমুখীকরণ। সবচেয়ে জরুরি হলো, বিনিয়োগকারী যেন বুঝতে পারেন, বাংলাদেশে কারখানা বানালে শুধু জমি, ব্যাংকঋণ ও শ্রমিক পাওয়া যাবে নাÑ প্রয়োজনীয় জ্বালানিও পাওয়া যাবে। কারণ শিল্পের চাকা একবার থেমে গেলে সেটিকে আবারও সচল করা কঠিন। আর গ্যাসের সংকট যদি আজ বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের সংকটে পরিণত হয়, তাহলে আগামী দিনে এটি শুধু জ্বালানি সংকট থাকবে নাÑ এটি হয়ে উঠতে পারে প্রবৃদ্ধির সংকট। এই মুহূর্তে বাংলাদেশ সেই ঝুঁকি নেওয়ার অবস্থায় নেই। তাই দ্রুত গ্যাস সংকটের স্থায়ী সমাধান হওয়াই জরুরি।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা