× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কাঁধে গুরুদায়িত্ব

সম্পাদকীয়

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০১ পিএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যে রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল আজ তার বয়স ৪৮ বছর পূর্ণ হলো। স্বাধীনতা-পরবর্তী সময়ের এক বিশাল রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলটির প্রতিষ্ঠা করেছিলেন। পঁচাত্তরের মধ্য আগস্টে রক্তাক্ত সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হলে বাংলাদেশ কাণ্ডারিবিহীন নৌযানে পরিণত হয়। কে এর হাল ধরবে, কে এদেশকে সামনের দিকে এগিয়ে নেবেÑ এ ভাবনায় দেশবাসী ছিল চরম উৎকণ্ঠিত। সে সময়ে দেশ ও জাতির জন্য আশীর্বাদ হয়ে ধূমকেতুর মতো রাজনৈতিক মঞ্চে অভিষেক ঘটে সেনাপ্রধান জিয়াউর রহমানের। উত্তরাধিকার সূত্রে সামরিক সরকারপ্রধানের পদে অধিষ্ঠিত হলেও তিনি গণতন্ত্রের উত্তরণের পথেই অগ্রসর হন। তারই প্রেক্ষিতে ১৯৭৮ সালের ৩ জুন জনগণের সরাসরি ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নবগঠিত জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। তার পরেই তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজে অবতীর্ণ হন। সে সময়ের প্রথিতযশা রাজনীতিকদের সহগামী করে তিনি তার পথচলা শুরু করেন। এ প্রক্রিয়ারই ফল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠা।

শেখ মুজিব জমানার অবসানের পর দেশ নেতৃত্বহীন হয়ে পড়ার যে শঙ্কা দেশবাসীর মনে জেগেছিল, মুক্তিযুদ্ধের সিপাহসালার জিয়ার অভ্যুদয়ে সে শঙ্কা কেটে যায়। তারা দেখতে পায়, যে প্রত্যাশায় তারা অধীর আগ্রহে প্রহর গুনছিলেন, প্রেসিডেন্ট জিয়া নতুন করে সে প্রত্যাশার পথে আলো প্রজ্বলিত করলেন। ফলে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি সারা দেশে বিস্তার লাভ করতে বেশি সময় লাগেনি। বাংলাদেশের মানুষ সব সময় সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে সমর্থন জানায়, তাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে চায়। জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মসূচি তাদেরকে এমনভাবে আকৃষ্ট করে যে, বিএনপির পতাকাতলে শামিল হতে তারা দেরি করেনি। দুর্ভাগ্যজনক হলো, জিয়াউর রহমান ও বিএনপির জনপ্রিয়তা যখন আকাশচুম্বী, তখনই বিনা মেঘে বজ্রপাতের ন্যায় প্রেসিডেন্ট জিয়া নিহত হলেন কতিপয় বিভ্রান্ত সেনা কর্মকর্তার হাতে। বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে দেশি-বিদেশি চক্রান্তকারীরা দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্রের জাল বুনছিল, ১৯৮১ সালের ৩০ মে তারই বাস্তবায়ন হয় চট্টগ্রামের সার্কিট হাউসে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহাদতবরণের পর অনেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপির টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু তাদের সে শঙ্কাকে অমূলক প্রমাণ করে বিএনপি টিকে আছে ভালোভাবেই। অবশ্য এই আটচল্লিশ বছরে দলটিকে নানা চড়াই-উতরাই পার হতে হয়েছে, মোকাবিলা করতে হয়েছে ঘাত-প্রতিঘাত। ঝ্ঞ্ঝাক্ষুব্ধ রাজনৈতিক প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়েছে। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর শত্রুর কোনো অভাব নেই। সেসব শত্রু নানাভাবে চেষ্টা করেছে, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু নেতৃত্বের দৃঢ়তা এবং জনগণের অকুণ্ঠ সমর্থন দলটিকে সব প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক শাহাদতবরণের পর বিএনপি যখন নেতৃত্বশূন্যতায় পড়ে, তখন সদ্য বিধবা জিয়াপত্নী খালেদা জিয়া শক্ত হাতে ধরেন দলের স্টিয়ারিং। তার নেতৃত্বে বিএনপি ‍সুসংগঠিত হয়েছে, একটি স্বৈরচারী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ সাড়ে পনেরো বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কবল থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। 

বিএনপি কেন এত জনপ্রিয়Ñ এ প্রশ্নের উত্তর পেতে হলে জনগণের প্রতি এ দলটির অঙ্গীকার ও দায়বদ্ধতার বিষয়াটি ভেবে দেখতে হবে। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অঙ্গীকার ছিল বাংলাদেশকে একটি শোষণমুক্ত স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা। তিনি বিএনপির মাধ্যমে যে রাজনীতিটি প্রর্বতন করেছিলেন, তা হলোÑ জাতীয় সংহতি এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। পূর্বকালে মানুষ রাজনীতিকে দেখেছে রাষ্ট্রক্ষমতার পালাবদলের প্রক্রিয়া হিসেবে। রাজনীতি যে গণমানুষের ভাগ্য পরিবর্তনের চালিকাশক্তি হতে পারেÑ এটা ছিল তাদের কল্পনারও বাইরে। কিন্তু তারা যখন প্রত্যক্ষ করল, জিয়াউর রহমানের নতুন রাজনীতি শুধু রাষ্ট্রক্ষমতার বদল নয়, বরং জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করে আপামর জনসাধারণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত, তখন তারা বিস্ময়ে অভিভূত হলো। এখানেই ছিল শহীদ জিয়াউর রহমানের রাজনীতির জাদু। যা দেশপ্রেমিক জনগোষ্ঠীকে আকৃষ্ট ও আবদ্ধ করে রেখেছে। 

আর মাত্র দুই বছর পর বিএনপি এর প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পূর্ণ করবে। জিয়া, খালেদা জিয়ার হাত ঘুরে দলটির দায়িত্ব এখন তাদেরই সন্তান তারেক রহমানের ওপর। তাই তাকে ঘিরে এদেশের মানুষের প্রত্যাশার বেলুনটিও স্ফীত। পিতা-মাতার মতো তিনিও এদেশের মানুষের কাঙ্ক্ষিত গণমুখী রাজনীতির পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরবেনÑ এটাই তাদের প্রত্যাশা। এটা অস্বীকার করা যাবে না, জনগণ যখন কোনো রাজনৈতিক দলের প্রতি অকুণ্ঠ আস্থা স্থাপন করে, তখন সে দলের দায়িত্বও বেড়ে যায়। এখন তাই বিএনপির দায়িত্বও বেড়ে গেছে। তাদের কাঁধে ন্যস্ত হয়েছে সাড়ে পনেরো বছরের লীগ দুঃশাসন-অপশাসনে বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের গুরুদায়িত্ব। ইতিবাচক রাজনীতির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে সে দায়িত্ব পালনে তাদের সচেষ্ট হতে হবে। সব প্রতিকূলতাকে অতিক্রম করে অভীষ্টে পৌঁছার কঠিন কাজটি করতে হবে বিএনপি তথা তারেক রহমানকে। আমরা তাদের সাফল্য কামনা করি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা