× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহেব-মোসাহেবের সাতকাহন

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১১:৩৩ এএম

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলা ভাষায় ‘মোসাহেব’ শব্দটির আভিধানিক অর্থ হলো ‘তোষামুদে পার্শ্বচর’ বা চাটুকার, যাদের কাজই হলো কর্তার মনোরঞ্জন করে স্বার্থ আদায় করা। এদের আবার ‘খোশামুদে’ বা ‘খোশামোদকারী’ও বলা হয়। বর্তমানে কথ্যবাংলায় প্রচলিত ‘চামচা’ শব্দটি মোসাহেবেরই অপভ্রংশ। মোসাহেবদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা ক্ষমতাবান ব্যক্তিদের পাশে থেকে বাছবিচার ছাড়াই তাদের সব কথায় সায় দিয়ে থাকে। কর্তা যা বলেন, সেটাই পৃথিবীর সবচেয়ে খাঁটি সত্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ‘সাহেব ও মোসাহেব’ কবিতায় এ প্রজাতির মানুষের চরিত্র অঙ্কন করেছে সুনিপুণ হাতে। কবিতাটি অনেকেই পড়ে থাকবেন। তারপরও উপক্রমণিকা হিসেবে প্রথম দুয়েকটি চরণ এখানে নিবেদন করতে চাই। কবি লিখেছেনÑ ‘সাহেব কহেন, চমৎকার সে চমৎকার!’/ মোসাহেব বলে, ‘চমৎকার সে হতেই হবে যে!/ হুজুরের মতে অমত কার?’/ সাহেব কহেন, কী চমৎকার / বলতেই দাও, আহা!/ মোসাহেব বলে, হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা, বাহাহা বাহা’। এভাবে সাহেবের কথায় মোসাহেবের গুণকীর্তনের বর্ণনার শেষ পর্যায়ে এসে কবি কবিতাটি শেষ করেছেন এভাবেÑ ‘সাহেব কহেন, জাগিয়া ;দেখিনু/ জুটিয়াছে যত/ হনুমান আর অপদেব/ ‘হুজুরের চোখ, যাবে কোথা বাবা/ প্রণামিয়া কয় মোসাহেব’। অর্থাৎ তোষামুদিতে ত্যক্তবিরক্ত সাহেব যখন মোসাহেবকে ‘হনুমান আর অপদেব’ বলে গালি দেন, তখনও সে প্রণাম করে হুজুরের তোষামুদিতে ব্যস্ত থাকে।

শুধু কবি নজরুল নন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও মোসহেবদের চরিত্র এঁকে গেছেন। ‘দুই বিঘা জমি’ কবিতার ‘রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ’ পঙ্‌ক্তিটি চাটুকার বা মোসাহেবদের চরিত্রের একটি বড় বৈশিষ্ট্যের দিকেই অঙ্গুলি নির্দেশ করে। মোসাহেবরা সব সময় মানিবের চেয়ে দু’পা এগিয়ে থাকে, দু’লাইন বেশি বোঝে। মুখিয়ে থাকে ‘তিনি’ কী বলেন তা শোনার জন্য। তারপর সাহেব যতটুকু যেতে বলেন তার চেয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে ভক্তির চরম পরাকাষ্ঠা দেখিয়ে ধন্য হওয়ার চেষ্টা করে। সাহেব, মানে কর্তা যদি বলেন কাউকে ধরে আনতে, তারা সে ব্যক্তিকে বেঁধে আনে, আর বেঁধে আনতে বললে পেটাতে পেটাতে নিয়ে আসে। 

রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সেই কবে তাদের কবিতায় মোসাহেবকুলের চরিত্র এঁকে গেছেন! আজও তাদের সে চরিত্র এতটুকু পাল্টায়নি। আপনি যদি চোখ খোলা রেখে আশপাশে তাকান, তাহলে এদের উপস্থিতি সহজেই দৃষ্টিগোচর হবে। যখন রাজা-বাদশাহদের আমল ছিল, তখন তাদের দরবারে মন্ত্রী, উজির-নাজির, আমাত্যবর্গের সঙ্গে এক বা একাধিক মোসাহেব থাকত। এদের প্রশাসনিক কোনো কাজ বা ক্ষমতা থাকত না। তবে তাদের ক্ষমতা অনেক সময় মন্ত্রী-আমাত্যদের চেয়ে বেশি হতো। তারা তাদের মোসাহেবি, অর্থাৎ তোষামোদের দ্বারা রাজাকে তুষ্ট করে নিজের স্বার্থটি হাসিল করে নিত। কালের বিবর্তনে ডাইনোসরের মতো অতিকায় প্রাণী এবং জীব-জানোয়ার বিলুপ্ত হয়ে গেলেও, মনুষ্য প্রজাতির মধ্যে বিশেষ চরিত্রের এই শ্রেণিটি হারিয়ে যায়নি। বোধ করি পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগে এদের বিনাশ হবে না। 

আজকের সমাজে চাটুকার বা মোসাহেবরা সর্বত্রই বিরাজমান। নাটক-সিনেমায় সমাজপতি, মাতব্বর বা জোতদারদের মাথায় ছাতা ধরে রাখা মোসাহেব আমাদের কাছে অতিপরিচিত। এরা মনিবের বকাঝকা খেয়ে হেঁ হেঁ করে হাসে। যেন মজাদার কোনো চাটনি চুষে রসনা তৃপ্ত করছে। আবার লাথিগুঁতা খেলে এমন একটা ভাব করে যেন ওটা মার নয়, কর্তার আশীর্বাদ। কর্তা ভজতে ভজতে এরা এমন এক পর্যায়ে নিজেকে নামিয়ে আনে, সে নিজে যে একজন মানুষ সেটাও বিস্মৃত হয়। আগের দিনের রাজা-জমিদাররা তাদের ‘একান্ত কাজকর্ম’ করার জন্য এ ধরনের মোসাহেব পুষত। সে সমস্ত কাজের মধ্যে মনোরঞ্জনের উপাদান সরবরাহ ছিল অন্যতম। এখনও তার অবসান ঘটেনি, তবে ধরন পাল্টেছে। আগে জোর করে দরিদ্র পরিবারের সুন্দরী মেয়েদের সরবরাহ করত রাজা-বাদশাহদের রঙমহলে, জমিদার-জোতদারদের বাগানবাড়ি, জলসা ঘর বা হেরেমখানায়। আর এখন নগদ অর্থের বিনিময়ে সরবরাহ করা হয় তারকাসমৃদ্ধ পান্থশালায়, নয়তো ধনবানদের বালাখানায়। 

সময় বদলালেও মোসাহেবরা হারিয়ে যায়নি। তারা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র বহাল তবিয়তে বিচরণরত। সব সময় তক্কে তক্কে থাকে মোটাতাজা একজন ‘সাহেব’কে বগলদাবা করতে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এই মোসাহেবদের উপস্থিতি চোখে না পড়ার কোনো কারণ দেখি না। এ মোসাহেবদের দেখা যায় ক্ষমতাধরদের আশপাশে। মোসাহেবিতে তারা এতটাই পটু যে, সাহেবদের মানভঞ্জন করে মনোরঞ্জনের মাধ্যমে নিজেদের জায়গা করে নিতে তেমন বেগ পেতে হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো, এরা সহজেই নিজেদের রঙ পাল্টে ফেলতে পারে। আর সে রঙ এরা এত দ্রুত পাল্টায় যে, বোধ করি আকাশও তাদের সঙ্গে কুলোতে পারবে না। চক্ষুলজ্জার মাথা খেয়ে সাহেবের পদযুগলে চুম্বন করে এরা নিজেদের জীবনকে ধন্য করে। তোষামুদি করতে করতে এরা এমন এক পর্যায়ে চলে যায়, কী বলতে কী বলছে তার দিক-দিশা থাকে না। মোসাহেবরা এখন সমাজ ও রাষ্ট্রের সবর্ত্র কিলবিল করে। রাজনীতি, প্রশাসন, সাংবাদিকতা, কোথায় নেই মোসাহেবদের উপস্থিতি? রাজনীতিতে তারা নেতার পায়রোবি করে নিজেকে বিকিয়ে দিয়ে, প্রশাসনে সচিব-আমলারা তেলের পাত্র হাতে নিয়ে উন্মুখ হয়ে থাকে মন্ত্রী-এমপিদের পদযুগলকে চকচকে করার জন্য। যে সাংবাদিকতা ছিল একসময় সত্য বলার প্লাটফর্ম, সেটা এখন হয়ে গেছে স্তাবকতার উন্মুক্ত প্রতিযোগিতা-মঞ্চ। সাংবাদিক পরিচয়ধারী কিছু গিরগিটির কর্মকাণ্ডে বিব্রত সাংবাদিকতার আদর্শে এখনও অবিচল যারা। অবশ্য তারা এখন সংখ্যালঘিষ্ঠ। জীবিকার তাগিয়ে পেশায় থাকলেও লোকসমাজে মুখ দেখাতে লজ্জাবোধ করেন। 

আমার কথাগুলো কারও কারও কাছে নিমপাতা বা করল্লা স্বাদের মনে হতে পারে। যাদের কাছে এমন মনে হবে, তাদের প্রতি অনুরোধ, সদ্য আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত লীগ সরকারের আমলটির কথা একটু স্মরণ করুন। কী, মনে পড়েছে তৎকালীন সরকারপ্রধানকে কেন্দ্র করে মোসাহেব-চাটুকার সাংবাদিক চক্র গড়ে ওঠার কথা? তৎকালীন ক্ষমতাসীন মন্ত্রী-প্রধানের মনোরঞ্জনের জন্য কে কত কথার অলংকার সাজাতে পারে, তার উন্মুক্ত প্রতিযোগিতা হতো সংবাদ সম্মেলন নামের চাটুকার সমাবেশে। তারা সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতাকে দু’পায়ে দলে, নীতি-নৈতিকতাকে পরিত্যাজ্য বস্ত্রখণ্ডের ন্যায় ছুড়ে ফেলে দিয়ে প্রশ্ন করার পরিবর্তে গুণকীর্তনের প্রতিযোগিতায় লিপ্ত হতো। অবস্থাটা ছিল এমন যে, প্রাকৃতিক কিংবা অন্যবিধ প্রতিকূলতার কারণে ফসল উৎপাদন ব্যাহত হলেও দেশে মোসাহেব-চাটুকারের যেন বাম্পার ফলন হয়েছিল। দু’হাত কচলে ইনিয়ে-বিনিয়ে সরকারপ্রধানের করুণাদৃষ্টি আকর্ষণের জন্য বর্ষিত তাদের বাক্যসমূহ রসে ভরপুর থাকত। উজিরেআলা’র সামনে এমনভাবে মাথা ঝুঁকাত, যেন প্রণতি জানাচ্ছে। প্রশ্নের পরিবর্তে তৈলমর্দনের বহর দেখে বিবেকবান মানুষ অবাক হতেন। সাংবাদিক নামের ওই মর্কটদের কায়কারবার দেখে সাংবাদিকতা সম্বন্ধেই অনেকের মনে বিভ্রান্তি জন্ম নিত। কয়েক দিন আগে দেখলাম, দশাসই চেহারার এক সাংবাদিক ফেসবুকে বাণী প্রসব করেছেন, রাষ্ট্রকে প্রশ্ন করাই সাংবাদিকের দায়িত্ব। ধাক্কা খেলাম। বলে কী! এই লোকও তো ওই সময়ে তৈলমর্দন সমিতির সক্রিয় সদস্য ছিল! বিস্ময়কর হলো, চাটু-সাংবাদিকদের ওই ন্যক্কারজনক অভিনয়ে সাধারণ মানুষ বিস্মিত-বিরক্ত হলেও তোষামোদপ্রিয় সরকারপ্রধান বিরক্ত হতেন না। বরং বেশ উপভোগ করতেন। আরও আশ্চর্যের বিষয় হলো, ওইসব চাটু-সাংবাদিককে তিনি নানাভাবে পুরস্কৃতও করেছেন। কাউকে দিয়েছেন সরকারি প্লট, কাউকে টিভি চ্যানেলের লাইসেন্স, আর কেউবা বাগিয়ে নিয়েছে পত্রিকার ডিক্লারেশন, বড় বড় সরকারি কাজের টেন্ডার। তার এ উদারতা-বদান্যতায় মোসাহেব সাংবাদিকরা এতটাই উৎসাহিত হয়েছিল যে, তাদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে, তা ইতালির হ্যামিলন নগরীর ইঁদুরদেরও ছাড়িয়ে গিয়েছিল। তারা সংবাদ সম্মেলন বা অন্য কোনো উপলক্ষে সরকারপ্রধানের সামনে দাঁড়িয়ে এমনভাবে হাত কচলাত যে, সন্দেহ হতো, তাদের হাতের চেটোয় কোনো রেখা-উপরেখা অবশিষ্ট আছে কি না। ক্ষমতার প্রসাদ ভোগের সঙ্গে চাটুকারদের তোষামুদি মোগলাই খানার সঙ্গে টমেটো বা আলুবোখারার চাটনির মতোই মুখরোচক মনে হওয়া স্বাভাবিক। তার ওপর তিনি ছিলেন রেসিপি বিশারদ। একেক সময় একেকটি অভিনব রেসিপি জনসাধারণের খেদমতে পেশ করতেন, আর চাটুকার-মোসাহেবদের দল সে রেসিপিকে পৃথিবীর সবচেয়ে উপাদেয় খাবার বলে চার হাত-পায়ে তালি বাজাত।

ওই সময়ে মেসাহেবি কতটা উচ্চ মার্গে উঠেছিল তা আমরা দেখেছি রাজনীতির মাঠ থেকে ক্রিকেট খেলার মাঠ পর্যন্ত। আমরা দেখেছি, কোনো একটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দল জয়লাভ করলে বিসিবির তৎকালীন সভাপতি সাংবাদিকদের বলতেন, ‘বাংলাদেশকে জেতানোর জন্য ‘আপা’ সারাক্ষণ জায়নামাজে বসেছিলেন।’ আবার কোনো ম্যাচে বাংলাদেশ দল জিতলে ফোন করে সে খবর তিনাকে জানিয়ে বলতেন, ‘হ্যাঁ, আপা আমি ওদের বলেছি, আপনি দোয়া করেছেন।’ এ ‘আপা’টি কে, তা বোধ করি ব্যাখ্যা করে বলার দরকার পড়ে না। মোসাহেবির এর চেয়ে প্রকৃষ্ট উদাহরণ আর হয় কী? 

যুগে যুগে যত শাসকের পতন হয়েছে, তারা মোসাহেবদের দ্বারা এমনভাবে পরিবেষ্টিত থেকেছেন যে, নয়ন মেলে পারিপার্শ্বিক অবস্থা দর্শন বা পরিস্থিতি অনুধাবনের ফুরসত পাননি। মোসাহেবদের চাটুকারিতার ঘেরাটোপে বন্দি থাকার কারণে প্রকৃত সত্যটা তাদের অজানাই থেকেছে। আর সে সুযোগে নিয়তির অমোঘ পরিণতি তাদের পতিত করেছে পর্বতশৃঙ্গ থেকে গিরিখাদে। নির্মম সত্যি হলো, সময় বদলেছে, সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু মোসাহেবির সে সংস্কৃতি রয়ে গেছে বহাল তবিয়তে। এখনও যখন শুনি, কেউ বলছেন ‘তিনিই আমাদের কাজী নজরুল’, আবার কেউ যখন বলেন, ‘তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির ঠাণ্ডা কমিয়ে রাখেন’, তখন ভয় হয়, এসব মোসাহেব তাকেও বুঝি ডোবায়। কেননা, ইতিহাস সাক্ষী, মোসাহেবরা কাউকে ভাসিয়ে রাখেতে পারে না, ডুবিয়ে দেয় অতল সা্গরে।  


লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা