কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছবি: সংগৃহীত
কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের অন্যতম শীর্ষ টার্মিনাল অপারেটর ডেনমার্কের এপিএম টার্মিনালসের হাত ধরে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে গতকাল। ২০৩০ সালে টার্মিনালটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যেমন বাড়বে; তেমনি দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বারটির দক্ষতাও নতুন মাত্রা পাবে। ৩০ বছর টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছে বৈশ্বিক শিপিং ও লজিস্টিকস খাতের প্রভাবশালী এপি মোলার-মায়েস্ক গ্রুপ। এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের অংশগ্রহণ আরও বিস্তৃত হলো। আমরা মনে করি, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চট্টগ্রাম বন্দরের জন্য একটি বড় সুযোগ তৈরি হতে পারে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে টার্মিনালটির গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে মেরিটাইম খাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। এতে আন্তর্জাতিক শিপিং নেটওয়ার্কে বাংলাদেশের সংযোগ আরও শক্তিশালী হবে। টার্মিনালটি চালু হলে বন্দরে বছরে ৮ লাখের বেশি টিইইউএস অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যুক্ত হবে। ফলে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর চাপ কমার পাশাপাশি ভবিষ্যতে দেশের ক্রমবর্ধমান বাণিজ্যপ্রবাহ সামাল দেওয়ারও সক্ষমতা বাড়বে। শুধু তাই নয়, লালদিয়া টার্মিনালের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে অনুমোদিত দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজের জন্য রাতের নেভিগেশনসহ ২৪ ঘণ্টা বন্দর পরিচালনার সুযোগ থাকবে। এতে বন্দরের অপারেশনাল সময় বাড়ার পাশাপাশি জাহাজের অপেক্ষার সময় কমিয়ে সামগ্রিক টার্নঅ্যারাউন্ড টাইম কমানোর সুযোগ তৈরি হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান কন্টেইনার হ্যান্ডলিং চাহিদা পূরণ এবং সর্বোচ্চ ৬ হাজার টিইইউস ধারণ ক্ষমতাসম্পন্ন বড় জাহাজ হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর ‘ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেটর এবং ট্রান্সফার’ (ডিবিএফওটি) মডেলে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডেনমার্কের মায়েস্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপি মোলার টার্মিনালসের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় হচ্ছে। এর অধীনে লালদিয়ার চরে ৬১৬ মিটার দৈর্ঘ্যের জেটি নির্মাণ করা হবে, যেখানে ১০ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য টার্মিনালটিতে সাতটি শিপ টু শোর ক্রেন, ৩২টি ইয়ার্ড ক্রেন (আরটিজি ক্রেন) সংযুক্ত করা হবে। জানা গেছে, এই গ্রিনফিল্ড টার্মিনালে যুক্ত হবে আধুনিক প্রযুক্তি। নিশ্চিত করা হবে পরিবেশবান্ধব অবকাঠামো।
এ কথা সত্য, বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই সমুদ্রপথ-নির্ভর। ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, দক্ষতা ও গতিশীলতার সঙ্গে দেশের অর্থনীতির গতি সরাসরি সম্পর্কিত। কিন্তু দীর্ঘদিন ধরে কন্টেইনার জট, জাহাজের অপেক্ষমাণ সময়, সীমিত ইয়ার্ড সক্ষমতা এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ব্যবসা-বাণিজ্যের জন্য বাড়তি ব্যয় তৈরি করেছে। লালদিয়া টার্মিনাল সেই বাস্তবতায় একটি সম্ভাবনাময় পরিবর্তনের সূচনা করতে পারে। বিশেষ করে গভীর সাগরের আধুনিক জেটি, উন্নত কন্টেইনার হ্যান্ডলিং প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের পরিচালন ব্যবস্থা চালু হলে বন্দরের অপারেশনাল দক্ষতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বড় জাহাজ দ্রুত হ্যান্ডলিং করতে পারলে ফিডারনির্ভরতাও কমতে পারে। এর ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে, কন্টেইনার পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং বাংলাদেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। যেসবের ঘাটতি দীর্ঘদিন দৃশ্যমান বন্দর ব্যবস্থাপনায়।
তবে শুধু একটি নতুন টার্মিনাল নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে— এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। বন্দরের সামগ্রিক সক্ষমতা বাড়াতে হলে টার্মিনালের সঙ্গে সড়ক, রেল ও নৌপথের সংযোগও সমান গুরুত্ব পেতে হবে। কারণ বন্দরের অভ্যন্তরের দক্ষতা বাড়লেও যদি পণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে না পারে; তাহলে নতুন অবকাঠামোর সুফল সীমিত হয়ে যাবে। একই সঙ্গে কাস্টমস, শিপিং এজেন্ট, টার্মিনাল অপারেটরসহ সংশ্লিষ্ট সব সংস্থার কার্যক্রমে সমন্বয় ও ডিজিটালাইজেশন নিশ্চিত করা জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলোÑ দীর্ঘমেয়াদি পরিচালনা চুক্তির স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থ। বিদেশি অভিজ্ঞ অপারেটরের অংশগ্রহণ আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে পারে; কিন্তু চুক্তির শর্ত, রাজস্ব কাঠামো, কর্মদক্ষতার মানদণ্ড এবং সরকারের তদারকি ব্যবস্থাও স্পষ্ট থাকা প্রয়োজন। আমরা মনে করি, জাতীয় বাণিজ্যিক স্বার্থই এখানে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত।
মনে রাখতে হবে, লালদিয়া টার্মিনাল কেবল একটি বন্দর অবকাঠামোই নয়, এটি দেশের বাণিজ্যিক ভবিষ্যতের সঙ্গে যুক্ত একটি কৌশলগত বিনিয়োগ। তাই ২০৩০ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে নির্মাণকাজের গতি, পরিবেশগত সুরক্ষা, স্বচ্ছতা এবং সংযোগ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে এই বন্দরকে শুধু জাহাজ ও কন্টেইনার জটমুক্ত করতেই নয়, বরং বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে। প্রয়োজন শুধু সময়মতো, পরিকল্পনা বাস্তবায়ন। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দক্ষতার সঙ্গে তা বাস্তবে রূপ দিতে পারলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অভূতপূর্ব গতিশীলতা লাভ করবে।