দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। কথাটি অমূলক বা উড়িয়ে দেওয়ার মতো নয়। সমাজ ও রাষ্ট্রের আগা থেকে গোড়া পর্যন্ত দুর্নীতির ভাইরাস দ্বারা আক্রান্ত। এই নৈতিক মহামারির প্রবল আক্রমণে রাষ্ট্রের অগ্রগতি থমকে দাঁড়াচ্ছে মাঝেমধ্যেই। জনগণ ও রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে একদল অর্থগৃধ্নুর উদরে। তারই অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় দেশের অবকাঠামোগত উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিল্পায়নে বাধা সৃষ্টি হচ্ছে। অবস্থাটা এমন যে, ব্যবসা-বাণিজ্য কিংবা শিল্পকারখানা খুলতে গেলে উদ্যোক্তাদের যেসব সরকারি অফিসের দ্বারস্থ হতে হয়, সেগুলোর কর্মকর্তা-কর্মচারী, পিয়ন-দারোয়ান, গাড়ির ড্রাইভার যেন ওরস-জলসার দানের ডেগ পেতে বসে থাকে। তাদের সন্তুষ্ট করতে না পারলে জমি রেজিস্ট্রেশন, নামজারি, নকশা অনুমোদন, পরিবেশের ছাড়পত্র কিছুই হাতে পাওয়ার উপায় নেই। তারপর ব্যাংকঋণ সহায়তায় তো চলে টাকার খেলা। শুধু কি বাণিজ্য বা শিল্পায়নের বেলায় এসব ঘটে? না, সাধারণ মানুষও সরকারি অফিস-আদালতে গেলে একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়।
দুর্নীতির এ করালগ্রাস নতুন নয়। বহু কথা হয়েছে এর প্রতিরোধের উপায় উদ্ভাবন নিয়ে। বিদগ্ধজনেরা বলেছিলেন, দুর্নীতি দমন সংস্থাকে একটি স্বাধীন কমিশনে রূপান্তর করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ২০০৪ সালে গঠিত হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য জাতীয় সংসদে একটি আইনও পাস করা হয়েছিল। তারই আলোকে গঠিত কমিশন আক্ষরিক অর্থেই সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করবেÑ এ প্রত্যাশা ছিল দেশবাসীর। কিন্তু সে প্রত্যাশার গুড়ে ছাই পড়েছে একের পর এক। কখনও দুর্বল মানসিক শক্তির বিশিষ্টজনদের এর চেয়ারম্যান-কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে, যারা সিদ্ধান্তের জন্য সরকারের দিকে চাতক পাখির মতো চেয়ে থেকেছেন। আবার কখনও ক্ষমতাসীন সরকারের ‘আজ্ঞাবাহী বিশিষ্টজনদের’ বসিয়ে দেওয়া হয়েছে। তাদের কর্মকাণ্ডে ‘স্বাধীন’ দুদক পরিণত হয়েছে ঠুঁটো জগন্নাথে। যার ফলে কমিশন গঠনের কোনো সুফল আজ অবধি দৃশ্যমান হয়ে ওঠেনি।
অভিজ্ঞজনেরা এর মূল কারণ হিসেবে দুদকের প্রকৃতপক্ষে স্বাধীন হতে না পারাকেই চিহ্নিত করেছেন। তারা বলছেন, দুদক যতদিন পর্যন্ত স্বাধীন না হতে পারবে, ততদিন এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত ক্রিয়া করতে পারবে না। গতকাল প্রতিদিনের বাংলাদেশ ‘স্বাধীন হওয়াই বড় চ্যালেঞ্জ দুদকের’ শীর্ষক প্রধান প্রতিবেদনে বস্তুত সেসব কথাই তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দুদক পুনর্গঠিত হওয়ার পর জনসাধারণের মনে আশার আলো জ্বলেছিল, এবার হয়তো রাষ্ট্রের দেহে ক্যানসারের মতো ছড়িয়ে যাওয়া দুর্নীতির উপশম হবে। কিন্তু এ বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর সে কমিশনকে বিদায় দেওয়া হয়। অথচ, মোমেন কমিশন বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল। তা সত্ত্বেও কেন ওই কমিশনকে পূর্ণ মেয়াদে বহাল রাখা হলো নাÑ এ প্রশ্নর জবাব নেই। সবচেয়ে হতাশার বিষয় হলো, নতুন আরেকটি কমিশনের নিয়োগ দিতে সময় ব্যয় হয়েছে প্রায় অর্ধবছর। প্রশ্ন উঠতেই পারে, দেশে বিজ্ঞ, অভিজ্ঞ এবং যোগ্য ব্যক্তির কী এতই অভাব যে, দুদকে নিয়োগ দেওয়ার মতো তিনজন মানুষ খুঁজে পেতে ছয় মাস লাগল? এটা কি যোগ্য ব্যক্তির অভাবজনিত কারণ, নাকি ক্ষমতাসীনদের আস্থাভাজন ব্যক্তির অনুসন্ধান হেতু সময়ক্ষেপণ? তবে কারণ যেটাই হোক, দুদকের মতো সংবেদনশীল সাংবিধানিক প্রতিষ্ঠান ছয় মাস নেতৃত্বশূন্য থাকা মোটেই বাঞ্ছনীয় ছিল না।
নবনিযুক্ত চেয়ারম্যান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দেশবাসীর প্রত্যাশা পূরণে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তার কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। তবে দেশের বিশিষ্টজনেরা প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন হিসেবে গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা অভিমত প্রকাশ করেছেন, আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক আমলাতন্ত্রের কারণে সংস্থাটির স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া বাধাগ্রস্ত হয়। বস্তুত, দুদকের স্থবির হয়ে পড়া বা ‘নখদন্তহীন বাঘ’ বলে বিদ্রুপাত্মক বিশেষণে আখ্যায়িত হওয়ার মূল কারণ এটাই। রাজনৈতিক প্রভাব কীভাবে এই সংস্থাটির স্বাধীনতা হরণ করে, তার নজির রয়েছে বিগত লীগ সরকারের আমলে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী, এমপি বা দলীয় নেতাদের দুর্নীতির ঘটনায় চোখ ঢেকে রাখা এবং বিরোধী রাজনীতির সমর্থক ব্যবসায়ী-শিল্পপতিদের জালে আটকে হয়রানি করা তখন দুদকের রুটিনওয়ার্কে পরিণত হয়েছিল।
প্রত্যেক জাতির জীবনে এমন একটি সময় আসে, যখন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ ও ভূমিকা পালন করে রাষ্ট্রের নির্বিঘ্নে এগিয়ে চলার পথকে মসৃণ করা যায়। বাংলাদেশ এখন সে সময়টি পার করছে। পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের স্টিমরোলারের নিচে পড়ে যেসব শুভ উদ্যোগ পিষ্ট হয়েছে, সেগুলোকে পুনরুদ্যমে সচল করে কার্যকর করাই হবে সরকারের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব তাদের সুচারুরূপে পালন করতে হবে। এ কথা বহুবার বহুজন বলেছেন, আমাদের দেশকে যদি দুর্নীতির কালো থাবা থেকে মুক্ত করা যায়, তাহলে অর্থনৈতিক উন্নয়নধারা বহুগুণে বৃদ্ধি পাবে। জনগণের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসা বর্তমান সরকারের নীতিনির্ধারকগণ নিশ্চয়ই তা অনুধাবন করবেন। দেশবাসী চায় দুদক ‘শিরদাঁড়া’ খাড়া করে দাঁড়িয়ে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করুক। প্রশাসনিক বা রাজনৈতিক কোনো বাধা যাতে এ ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে না পারে।