× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মক্কাচুক্তি: মধ্যপ্রাচ্যে পরাশক্তির রূপান্তর

শাহাব উদ্দিন মাহমুদ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:৫৫ পিএম

শাহাব উদ্দিন মাহমুদ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শাহাব উদ্দিন মাহমুদ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, ইরানকে পরাজিত করে খুব শিগগিরই হরমুজ প্রণালীকে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করা হবে। এই ঔপনিবেশিক মানসিকতাসম্পন্ন ও আন্তর্জাতিক আইন পরিপন্থী দাবির জবাবে ইরানও এক অভিনব কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক পাল্টা চাল চেলেছে। ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেট তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি ব্যাঙ্গাত্মক মানচিত্র প্রকাশ করেছে। আপাতদৃষ্টিতে এটি একটি ভূ-রাজনৈতিক কৌতুক বা কাদা ছোড়াছুড়ি মনে হলেও, এর গভীরে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ক্ষয় এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ।

ডোনাল্ড ট্রাম্পের দাবিটি আন্তর্জাতিক আইন ও সমুদ্রসীমা সংক্রান্ত কনভেনশনের সম্পূর্ণ পরিপন্থী, কারণ হরমুজ প্রণালীর জলসীমা মূলত ইরান ও ওমানের সার্বভৌম এখতিয়ারভুক্ত। ট্রাম্পের এই অযৌক্তিক ও আগ্রাসী দাবির জবাব দিতে ইরান ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার পেছনে গভীর মনস্তাত্ত্বিক ও জনসংখ্যাগত কারণ রয়েছে। ক্যালিফোর্নিয়া, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস কাউন্টি হলো ইরানের বাইরে বিশ্বের বৃহত্তম ইরানি প্রবাসীদের বাসস্থান। সেখানকার ‘ওয়েস্টউড’ এলাকাটি বিশ্বজুড়ে ‘তেহরানজেলেস’ নামে পরিচিত, যেখানে বিপুলসংখ্যক ইরানি বংশোদ্ভূত আমেরিকান বসবাস করে। ইরান এই ব্যঙ্গাত্মক মানচিত্রের মাধ্যমে ট্রাম্পের সাম্রাজ্যবাদী মানসিকতাকে বিশ্বমঞ্চে এক চরম উপহাসের পাত্রে পরিণত করেছে। 

দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যকে নিজেদের একক প্রভাব বলয় মনে করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়টি চরম সংকটকাল। আফগানিস্তান থেকে অসম্মানজনক প্রত্যাহার, ইরাকে প্রভাবের সংকোচন এবং লোহিত সাগরে হুতিদের ঠেকাতে মার্কিন নৌবাহিনীর সীমাবদ্ধতা প্রমাণ করে যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘একক পরাশক্তি’-এর দিন ফুরিয়ে আসছে। ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নৌ চলাচল যৌথভাবে পরিচালনা ও টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে, যা মার্কিন অবরোধের নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। ট্রাম্পের হরমুজ দখলের বাগাড়ম্বর আসলে কোনো বাস্তবসম্মত সামরিক পরিকল্পনা নয়, বরং মার্কিন ভোটারদের জন্য তৈরি করা একটি সস্তা রাজনৈতিক হাতিয়ার। হরমুজের চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি ও তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। 

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর, মাঠের সামরিক যুদ্ধে সুবিধা করতে না পেরে ওয়াশিংটন এখন অল-আউট ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা দিয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, তারা ইরানের ইতিহাসে সবচেয়ে ‘কঠিনতম নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ’ আরোপ করে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবেন। এই অর্থনৈতিক যুদ্ধকে শতভাগ সফল করতে ওয়াশিংটন সরাসরি চীনের ওপর চাপ সৃষ্টি করেছে। যেহেতু চীন ইরানের সমুদ্রবাহিত তেলের ৮০ শতাংশের বেশি এককভাবে আমদানি করে, তাই মার্কিন ট্রেজারি সেক্রেটারি বেইজিংকে কড়া ভাষায় আমেরিকার এই নিষেধাজ্ঞা ও নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এই ঔদ্ধত্যপূর্ণ আহ্বানের জবাবে বেইজিং ওয়াশিংটনকে এক চরম ভূ-রাজনৈতিক ধাক্কা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় যুক্তরাষ্ট্রের এই চাপ ও আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের অবৈধ একতরফা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংকটের কোনো সমাধান নয়। উল্টো এটি এই অঞ্চলের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খলকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। 

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রভাব হ্রাসের সমান্তরালে সেখানে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছে চীনের গভীর অর্থনৈতিক সংযোগ। বেইজিং তার দূরদর্শী কৌশলগত পরিকল্পনা ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’-এর মাধ্যমে সমগ্র মধ্যপ্রাচ্যকে একটি অভিন্ন অর্থনৈতিক সুতোয় বেঁধে ফেলেছে। চীন বর্তমানে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত জ্বালানি তেলের বৃহত্তম আমদানিকারক, যা তাদের কৌশলগতভাবে এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত করেছে। চীনের মধ্যস্থতায় সম্পাদিত ঐতিহাসিক সৌদি-ইরান শান্তি চুক্তি এই অঞ্চলের ভূরাজনীতিতে এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা প্রমাণ করে যে রাজনৈতিক সংকট নিরসনে আমেরিকার একচেটিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা শেষ হয়ে গেছে।

অর্থনৈতিক ফ্রন্টে চীন কেবল তেল কেনাতেই সীমাবদ্ধ নেই; তারা প্রযুক্তি, অবকাঠামো এবং আর্থিক কাঠামোর আমূল পরিবর্তন ঘটাচ্ছে। রিয়াদ থেকে দুবাই পর্যন্ত চীনের হুয়াওয়ে তাদের শক্তিশালী ৫জি নেটওয়ার্ক ও স্মার্ট সিটি অবকাঠামো গড়ে তুলছে, যা মার্কিন প্রযুক্তিগত একাধিপত্যকে বড় ধাক্কা দিয়েছে। কাতার, ওমান, কুয়েত এবং সৌদি আরবে বিলিয়ন বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগের পাশাপাশি চীনের সাংহাইয়ে অবস্থিত ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর মতো প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্যের সার্বভৌম তহবিল থেকে বড় অঙ্কের বিনিয়োগ আকর্ষণ করছে। পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানের মতো রাজনৈতিক শর্ত ও সার্বভৌমত্ব ক্ষুণ্নকারী শর্তারোপ না করায় আরবের শাসকরা এখন বেইজিংয়ের দিকে ঝুঁকছেন। 

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলয়ে সবচেয়ে বড় ও চমকপ্রদ ওলোটপালোট ঘটেছে অতি সম্প্রতি, যা ওয়াশিংটনের সামরিক হেজেমনি বা মোড়লগিরির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ৭ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’-এর ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই নতুন ত্রিপক্ষীয় জোটের মূল ধারাটি হলো অত্যন্ত শক্তিশালীÑ এর যেকোনো এক সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা জোটের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার ইঙ্গিত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। বাংলাদেশের এই আগ্রহকে পাকিস্তান আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। অপরদিকে, ভারত পুরো পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দিল্লির প্রধান উদ্বেগ হলো, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নেতৃত্বাধীন কোনো সামরিক বা নিরাপত্তা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভারতের নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। 

পাকিস্তান-সৌদি-তুর্কি অক্ষের সামরিক বিন্যাস অত্যন্ত সুদূরপ্রসারী। পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী একমাত্র মুসলিম দেশ পাকিস্তান ইতোমধ্যে সৌদি আরবের মাটিতে প্রায় ৮,০০০ প্রশিক্ষিত সৈন্য, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই পুরো সামরিক ব্যবস্থাপনার আর্থিক জোগান দিচ্ছে রিয়াদ, যার বিনিময়ে তারা পেয়েছে এক অপরাজেয় নিরাপত্তা ছাতা। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক এই জোটে যোগ দেওয়ায় এর প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। আঙ্কারা তার বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি এবং অত্যাধুনিক নৌ-যুদ্ধজাহাজ নির্মাণ সক্ষমতা এই জোটের সঙ্গে ভাগ করে নিচ্ছে।

যুক্তরাষ্ট্র যখন নিজে সরাসরি লড়তে পারছে না, তখন মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্যের সংকট ও যুদ্ধাবস্থা জিইয়ে রাখতে তারা তাদের প্রধান আঞ্চলিক মিত্র ইসরায়েলকে প্রক্সি বা পারফর্মার হিসেবে ব্যবহার করছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো সিরিয়া সীমান্তে বর্তমান সংঘাত। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। তুরস্ক সিরিয়ার সেনাবাহিনী পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণে সরাসরি সহযোগিতা করছে। কিন্তু সিরিয়ায় তুরস্কের এই ক্রমবর্ধমান প্রভাব এবং একটি শক্তিশালী স্বাধীন ব্লকের উত্থান তেল আবিব ও ওয়াশিংটনÑ উভয়ের জন্যই বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কৌশলগত আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিকে কেন্দ্র করে সংঘাত নতুন মাত্রা লাভ করেছে। অতিসম্প্রতি ইসরায়েলি বিমানবাহিনী এই বিমানঘাঁটিকে লক্ষ্য করে এক বিধ্বংসী আগ্রাসন চালায়। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিমানঘাঁটির রানওয়ে এবং সামরিক সরঞ্জাম রাখার প্রধান গুদামগুলো লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে আটটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার সময়কাল এবং স্থান নির্বাচন ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ইঙ্গিতপূর্ণ। 

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের এই অবক্ষয় কেবল সামরিক বা কৌশলগত পরাজয় নয়, এটি বিশ্বব্যবস্থার এক ঐতিহাসিক রূপান্তরের ইঙ্গিত। বিগত শতকের ‘প্যাক্স আমেরিকানা’ বা মার্কিন শান্তির যে ধারণা মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, তা মূলত ছিল যুদ্ধ, সম্পদ লুণ্ঠন এবং অনুগত একনায়কতন্ত্রের পৃষ্ঠপোষকতার ওপর ভিত্তি করে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে বাগযুদ্ধ চলছে, তা আসলে ওয়াশিংটনের সেই পুরনো আধিপত্যকামী মানসিকতারই শেষ ছটফটানি। কিন্তু বর্তমান বিশ্ববাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্যকে চূর্ণ করে চীনের মার্কিন বন্ড বা ট্রেজারি বিক্রি করে ১৮ বছরের সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা এবং বেইজিং ও তেহরানের ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি বিশ্ব অর্থনীতির মেরুকরণ বদলে দিচ্ছে। 

মধ্যপ্রাচ্য সংকট এখন আর কোনো একক দেশের সীমানায় বা মার্কিন ইচ্ছায় নিয়ন্ত্রিত নয়। ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হাস্যকর দাবি এবং তার বিপরীতে ইরানের ক্যালিফোর্নিয়াকে নিজেদের দাবি করার মনস্তাত্ত্বিক যুদ্ধ যেমন ওয়াশিংটনের নৈতিক পরাজয়কে সামনে এনেছে, তেমনি মক্কা প্রতিরক্ষা চুক্তি ও চীনের অর্থনৈতিক লিভারেজ মাঠের বাস্তবতাকে আমূল বদলে দিয়েছে। চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানার জন্য ওয়াশিংটনের মরিয়া চাপ এবং বেইজিংয়ের তা সগর্বে প্রত্যাখ্যান করার ঘটনাটি বিশ্বমঞ্চে আমেরিকার একমেরু ব্যবস্থার পতনের স্পষ্ট দলিল। সিরিয়ায় তুরস্ককে প্রতিহত করার জন্য ইসরায়েলের মাধ্যমে হামলা চালিয়ে সংকট জিইয়ে রাখার যে খেলা যুক্তরাষ্ট্র খেলছে, তা আসলে তাদের ডুবন্ত সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখার শেষ ও মরিয়া চেষ্টা। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো বহিরাগত পরাশক্তি প্রক্সি যুদ্ধ বা ভূখণ্ড দখলের হুমকি দিয়ে একটি অঞ্চলের স্থায়ী জাগরণকে চিরকাল চেপে রাখতে পারে না। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান এবং আঞ্চলিক শক্তিগুলোর নিজস্ব স্বকীয়তা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন কেবলই সময়ের ব্যাপার।


লেখক: আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা