ড. হাফিজ রহমান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:৪৮ পিএম
কাজী নজরুল ইসলাম।
মানুষ ও মানবতার কবি বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম। মানবতাবাদ তার কাব্যে সবচেয়ে শক্তিশালীভাবে উচ্চারিত হয়েছে। তার বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদ, শোষণের বিরুদ্ধে। আবার একই সঙ্গে তার কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রেম, সাম্য ও মানবতার গান। ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণি কিংবা লিঙ্গের পরিচয়ের আগে মানুষকে মানুষ হিসেবেই তার কাব্য-গানে পাওয়া যায়। তাই কাজী নজরুল শুধু ‘বিদ্রোহী কবি’ নন; সাথে সাথে সাম্য-প্রেম ও মানবতার কবিও। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে জন্ম কবি নজরুলের। সে সময় সমাজে প্রবল ছিল অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় বিভেদ, জাতপাতের সংকট ও নানা ধরনের শোষণ। সাধারণ মানুষের জীবন দারিদ্র্য ও বঞ্চনায় জর্জরিত। এই বাস্তবতা নজরুলের সংবেদনশীল কবিমনকে গভীরভাবে স্পর্শ করে। ফলে তার কবিতা হয়ে ওঠে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। শোষণমুক্তির হাতিয়ার।
‘বিদ্রোহী’ কবিতায় আমরা দেখতে পাই এক অসীম শক্তির মানবিক উল্লাস। সুগভীর মানবতাবাদের তুমুল আত্মপ্রকাশ। কবি ঘোষণা করেন, ‘আমি চির-বিদ্রোহী বীর-/ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!।’ কিন্তু এই বীরত্বের প্রকাশ হচ্ছে মানবতার প্রকাশ। এটা মানব বিধ্বংসী কোনো কর্মপরিকল্পনা নয়। বরং যারা অত্যাচারী, শোষক ও দুঃশাসক তাদের বিরুদ্ধেই জেগে উঠেছে তার সত্যবাদী কলম। উৎপীড়িত বা নিপীড়িতের কোনো জাত নেই। যে জাতের বা ধর্মেরই হোক না কেন, তিনি তাদেরকে মানুষ হিসেবেই দেখেছেন। মজলুমের কোনো ধর্ম-পরিচয় নেই। তারা হলো মজলুম জাতি। মজলুম মানুষেরই অন্তর্গত। তাই তো কবিকণ্ঠে মানবতাবাদের লাভাস্রোত এমনÑ ‘যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, আমি সেইদিন হবো শান্ত।’
সবার আগে মানুষ
নজরুলীয় বিদ্রোহ ব্যক্তিগত অহংকার নয়। এই বিদ্রোহ মানবতার কল্যাণার্থে তথা মানবতাবাদী বিদ্রোহ। এর পেছনে রয়েছে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। অন্যায় সমূলে ধ্বংস করে মানুষের জন্য একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ে তোলা। তাই এই বিদ্রোহের অন্তরে রয়েছে মানবপ্রেম। বস্তুত মানবতাবাদই তার কাব্য-সাহিত্যের অনন্য বৈশিষ্ট্য। সবার আগে মানুষ। এমন চেতনাই তার শিরায়-শিরায়, ধমনিতে-ধমনিতে প্রবাহিত স্বতঃস্ফূর্তরূপে। নজরুলের মানবতাবোধ সবচেয়ে সরাসরি প্রকাশ পেয়েছে ‘মানুষ’ কবিতায়। এখানে তিনি ধর্মীয় গোঁড়ামি, সামাজিক ভণ্ডামি এবং মানুষের প্রতি মানুষের অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। কবি বলেন, ‘গাহি সাম্যের গান-/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ এই একটি চরণেই নজরুলের মানবতাবাদী দর্শনের মূল কথা ধরা পড়ে। তার কাছে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় পরিচয়। মানুষকে ছোট করে কোনো ধর্ম, সমাজ বা সভ্যতা সত্যিকার অর্থে বড় হতে পারে না।
সাম্য-ন্যায়ের স্বপ্ন
‘গাহি সাম্যের গান-/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।’ এই ধরনের কাব্য চরণে ফুটে উঠেছে মানুষের মৌলিক সমতার গভীর দার্শনিক সত্য। মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণি, অর্থ ও সামাজিক মর্যাদার যে বিভাজন, তা মূলত মানুষের তৈরি; প্রকৃতির বিচারে প্রত্যেক মানুষই সমান মর্যাদার অধিকারী। নজরুলীয় ‘সাম্য’ কেবল অর্থনৈতিক বা রাজনৈতিক সমতা নয়, এটি মানুষের অস্তিত্বগত সমতার ধারণা। তার দর্শনে মানুষের শ্রেষ্ঠ পরিচয় তার মানবিক সত্তা। তাই বাহ্যিক পরিচয়ের দেয়াল অতিক্রম করে মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করাই প্রকৃত সাম্য। এই সাম্য প্রতিষ্ঠিত হলে হিংসা-বিদ্বেষ, অহংকার, শোষণ ও বৈষম্যের অবসান ঘটবে এবং মানুষের মধ্যে গড়ে উঠবে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা।
নজরুলীয় মানবসমাজের স্বপ্ন এমনÑ যেখানে ‘আমি’ ও ‘তুমি’র বিভেদ মুছে গিয়ে সৃষ্টি হবে ‘আমরা’র চেতনা। আমার দেশ-এর বদলে হবে আমাদের দেশ। আমার পৃথিবীর বদলে হবে ‘আমাদের পৃথিবী’র ধারণা। অর্থাৎ, সাম্য শুধু সামাজিক ব্যবস্থা নয়; এটি মানুষের অন্তরের মুক্তি এবং নৈতিক পরিশুদ্ধিরও নাম। তাই নজরুলের মানবতাবোধের অন্যতম প্রধান ভিত্তি হলো এই সাম্য। আজকের সমাজেও অর্থনৈতিক বৈষম্য, সামাজিক শ্রেণিবিভাগ ও সুযোগের অসমতা মানুষের জীবনকে প্রভাবিত করে। তাই নজরুলের সাম্যের আহ্বান কেবল অতীতের কোনো রাজনৈতিক বক্তব্য নয়; এটি বর্তমান সমাজের জন্যও নৈতিক শিক্ষা।
ধর্মের ঊর্ধ্বে মানবতা
নজরুল ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ। কিন্তু তিনি কখনও ধর্মকে মানুষের মধ্যে বিভেদের অস্ত্র হিসেবে মেনে নেননি। তার সাহিত্যজুড়ে মুসলিম ও হিন্দুÑ উভয় ঐতিহ্যের উপস্থিতি রয়েছে। তিনি কুরআন, হাদিস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি শিব, কালী, কৃষ্ণ, দুর্গা প্রভৃতি হিন্দু ঐতিহ্যের প্রতীকও ব্যবহার করেছেন। ‘হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন্ জন,/ বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র’। পঙ্ক্তিদ্বয়ের মাধ্যমে কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবতার শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। দেশের স্বার্থে দশের স্বার্থে, মানবতার স্বার্থে, মানুষের ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ নয়; তার জীবন রক্ষা করাই প্রধান কর্তব্য। কবি প্রশ্ন করেছেন, মানুষ যখন বিপন্ন, তখন সে হিন্দু না মুসলমানÑ এ প্রশ্নের কী প্রয়োজন? সে তো একই মায়ের সন্তান, একই মানব সমাজের অংশ। তাই মানুষের দুঃখে ধর্মের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এখানে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, ভ্রাতৃত্ববোধ ও গভীর মানবতাবাদ প্রকাশ পেয়েছে। আজও ধর্মীয় বিভেদে বিভক্ত সমাজে এই আহ্বান অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষের পরিচয়ই সবার আগে।
ক্ষুধার্ত মানুষের প্রতি মমতা
স্বাধীনতা মানুষের পরম আকাঙ্ক্ষা হলেও ক্ষুধার্ত মানুষের কাছে স্বাধীনতার রাজনৈতিক ধারণা তখনই অর্থবহ হয়, যখন তার জীবনে খাদ্য, নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত হয়। যে শিশু ক্ষুধার জ্বালায় কাতর, তার কাছে ‘স্বরাজ’ একটি বায়বীয় ধারণা। তার তাৎক্ষণিক প্রয়োজন দু’মুঠো অন্ন। ‘বেলা বয়ে যায় খায়নিকো বাছা, কচি পেটে তার জ্বলে আগুন’ এখানে শিশুর ক্ষুধাকে ‘আগুন’-এর সঙ্গে তুলনা করে কবি দারিদ্র্যের নির্মমতাকে প্রকাশ করেছেন। ক্ষুধার্ত মানুষের কাছে উচ্চতর রাজনৈতিক বা নৈতিক আদর্শের আবেদন সীমিত। কবি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেনÑ ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দু’টো ভাত, একটুকু নুন’। এখানে মানুষের মৌলিক প্রয়োজন ও মানবিক মর্যাদার এক গভীর দার্শনিক সত্য ফুটে উঠেছে। ‘স্বরাজ’ শব্দের অর্থ হলো নিজের শাসন বা নিজের অধিকার প্রতিষ্ঠা। অর্থাৎ, স্বরাজ মানে বিদেশি বা পরাধীন শাসন থেকে মুক্ত হয়ে নিজের দেশ ও নিজের মানুষদের দ্বারা নিজেদের শাসন করা। নজরুলের উক্তিতে : ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দু’টো ভাত একটুকু নুন’ এখানে স্বরাজ বলতে মূলত দেশের রাজনৈতিক স্বাধীনতা বা ব্রিটিশ শাসন থেকে মুক্তি। কিন্তু ক্ষুধার্ত শিশুর কাছে রাজনৈতিক স্বাধীনতার চেয়েও বেশি জরুরি হলো খাবার ও বেঁচে থাকার অধিকার। ক্ষুধা তার কবিতায় একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়। ক্ষুধার্ত মানুষের কাছে শুধু ধর্মের বাণী বা নৈতিক বক্তৃতা যথেষ্ট নয়। মানুষের প্রয়োজন খাদ্য ও বৈষম্যহীন মানবিক মর্যাদা। এই বাস্তবতাকে নজরুল অত্যন্ত তীব্রভাবে অনুভব করেছিলেন। তিনি জানতেন, যে মানুষ সারাদিন না খেয়ে থাকে, তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো ক্ষুধা। তাই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করে বড় বড় আদর্শের কথা বলা তার কাছে অর্থহীন।
আজকের বিশ্বে নজরুলের প্রাসঙ্গিকতা
নজরুলের মানবতাবাদ এক শতাব্দী পরও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ প্রযুক্তির যুগে মানুষ অনেক কাছাকাছি এসেছে, কিন্তু মানুষের মধ্যে বিভেদও বেড়েছে। ধর্মীয় বিদ্বেষ, অর্থনৈতিক বৈষম্য, জাতিগত সংঘাত, যুদ্ধ ও রাজনৈতিক হিংসা এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষের জীবনকে বিপন্ন করে। এই পরিস্থিতিতে নজরুল আমাদের একটি সহজ সত্য মনে করিয়ে দেন। তা হলোÑ মানুষের পরিচয়ই সবচেয়ে বড় পরিচয়। আজ যদি আমরা একজন মানুষকে তার ধর্ম দেখে বিচার করি, একজন দরিদ্রকে তার অর্থনৈতিক অবস্থানের জন্য অবহেলা করি, একজন নারীকে তার লিঙ্গের কারণে ছোট করি কিংবা একজন শ্রমিকের শ্রমকে মূল্যহীন মনে করি, তবে আমরা নজরুলের মানবতাবাদ থেকে দূরে সরে যাই। নজরুলকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তাই শুধু তার জন্মজয়ন্তী বা কোনো দিবস পালনে নয়, তার মানবিক আদর্শকে জীবনে প্রয়োগ করা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রত্যাখ্যান করা, নারী ও পুরুষকে সমান মর্যাদা দেওয়া এবং শ্রমজীবী মানুষকে সম্মান করা। এসবের মধ্যেই নজরুলের চেতনা বেঁচে থাকতে পারে।
লেখক: শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও নজরুল গবেষক