মায়মুনা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:৪১ পিএম
পাটক্ষেত। ছবি: বাসস
একটি পাটগাছকে আমরা সাধারণত তার আঁশ দিয়েই বিচার করি। আঁশ থেকে সুতা, বস্তা, দড়ি বা ব্যাগ আমাদের চিন্তা যেন সেখানেই থেমে যায়। অথচ আধুনিক শিল্পের চোখে একটি পাটগাছ শুধু আঁশ নয়Ñ এটি হতে পারে বস্ত্র, পরিবেশবান্ধব প্যাকেজিং, মাটির ক্ষয়রোধের উপকরণ, যানবাহনের হালকা যন্ত্রাংশ, কাগজের মণ্ড কিংবা উচ্চমূল্যের শিল্পের কাঁচামাল। তাই প্রশ্নটি শুধু ‘পাটের কী ব্যবহার?’ নয়; একটি পাটগাছের কতটা আমরা সর্বোচ্চ কাজে লাগাতে পারছি? বাংলাদেশের অর্থনীতিতে পাটের গুরুত্ব এখনও যথেষ্ট। কিন্তু আমাদের বড় সম্ভাবনা আরও বেশি পাট উৎপাদনে নয়; বরং একই পাট থেকে আরও বেশি মূল্য সৃষ্টি করার মধ্যে। বিশ্বের উন্নত শিল্পব্যবস্থাগুলো প্রাকৃতিক আঁশকে শুধু সুতা বা কাপড়ের উপাদান হিসেবে দেখে না; গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে তা নতুন শিল্পপণ্যে রূপ দেয়।
খাদ্য ও কৃষি সংস্থার গবেষণাতেও পাটের সূক্ষ্ম সুতা, নকশাদার কাপড়, প্যাকেজিং, ভূ-বস্ত্র, কাগজের মণ্ড ও যৌগিক উপাদানে ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। পাটের আঁশ দিয়ে প্রচলিত বস্তা, দড়ি ও কার্পেটের পাশাপাশি পোশাক, গৃহসজ্জার সামগ্রী, জুতা এবং কারিগরি বস্ত্র তৈরি করা যায়। পাট ও তুলার মিশ্রণে উন্নত বস্ত্র তৈরির সুযোগও রয়েছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাটের বহুমুখী ব্যবহার নিয়ে প্রায় ৪০ ধরনের পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছে। অর্থাৎ সম্ভাবনাটি কেবল তাত্ত্বিক নয়; দেশেই এর ভিত্তি তৈরি হয়েছে। তবে পাটের সবচেয়ে বড় সম্ভাবনা প্রচলিত উপাদানের বিকল্প হিসেবে। প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব প্যাকেজিং, কৃত্রিম আঁশের পরিবর্তে প্রাকৃতিক আঁশ এবং কিছু ক্ষেত্রে কাঠ বা অন্যান্য উপাদানের পরিবর্তে পাটভিত্তিক যৌগিক উপাদান তৈরি করা সম্ভব।
পাটের আঁশ সেলুলোজসমৃদ্ধ হওয়ায় এটি থেকে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজসহ বিভিন্ন উন্নত উপাদান তৈরি করা যায়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছে। এসব উপাদানের ব্যবহার ওষুধ, প্রসাধনী, খাদ্যসহ বিভিন্ন শিল্পে সম্প্রসারিত হতে পারে। ভবিষ্যতে আরও উন্নত সেলুলোজজাত উপাদান তৈরির মাধ্যমে পাটের মূল্য বহুগুণ বাড়ানো সম্ভব। আর পাটের সেই অংশ, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি পাটখড়ি। আঁশ সংগ্রহের পর পড়ে থাকা এই কাঠি কেবল জ্বালানি নয়; কাগজের মণ্ড, কাগজ, বোর্ড ও বিভিন্ন জৈবভিত্তিক উপাদানের কাঁচামাল হতে পারে।
নিম্নমানের পাটকেও ফেলনা না ভেবে মূল্য সংযোজিত পণ্যে ব্যবহার করা সম্ভব। পাটের পাতাও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ পাটকে শুধু আঁশের ফসল হিসেবে না দেখে একটি বহুমুখী কৃষিসম্পদ হিসেবে দেখতে হবে। এখানে ‘বর্জ্য’ সম্পর্কে আমাদের ধারণাটিও বদলানো জরুরি।
বাংলাদেশকেও তাই পাটের সাধারণ পণ্য থেকে উচ্চমূল্যের পণ্যের দিকে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে প্রয়োজন উন্নত নকশা, মান, স্থায়িত্ব, পরীক্ষণ, পরিবেশগত সনদ এবং শক্তিশালী বিপণন। এর জন্য বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে। গবেষণার ফল যেন গবেষণাপত্রে আটকে না থাকে; তা পরীক্ষামূলক উৎপাদন থেকে বাণিজ্যিক পণ্য এবং শেষ পর্যন্ত বিশ্ববাজারে পৌঁছতে হবে। একই সঙ্গে কৃষককে দিতে হবে উন্নত জাত, মানসম্মত পাট, উন্নত পচনপ্রক্রিয়া ও ন্যায্যমূল্য।
পাটের সাফল্য তাই শুধু কত টন উৎপাদন হলো, তা দিয়ে মাপা উচিত নয়। প্রশ্ন হওয়া উচিত এক টন পাট থেকে কত টাকার মূল্য সংযোজন করা গেল এবং পাটগাছের কতটা কাজে লাগল? একসময় পাটকে আমরা ‘সোনালি আঁশ’ বলেছিলাম তার অর্থনৈতিক গুরুত্বের কারণে। এখন সেই পরিচয়কে নতুন অর্থ দেওয়ার সময় এসেছে।
লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা