× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিউটি বোর্ডিং: ইতিহাসের জীবন্ত জাদুঘর

তাসরিফা পুষ্পিতা রোশনি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৪:২১ পিএম

বিউটি বোর্ডিং শুধু একটি হোটেল নয়। এটি আমাদের হারিয়ে যাওয়া আড্ডা, আমাদের প্রতিবাদ আর আমাদের স্বাদের স্মারক। ছবি: সংগৃহীত

বিউটি বোর্ডিং শুধু একটি হোটেল নয়। এটি আমাদের হারিয়ে যাওয়া আড্ডা, আমাদের প্রতিবাদ আর আমাদের স্বাদের স্মারক। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার পুরনো অলিগলির ভেতর দিয়ে হাঁটলে সময় যেন পিছিয়ে যায় অনেক বছর। রিকশার টুংটাং শব্দ, ইলিশ ভাজার গন্ধ, আর ইটের পুরনো বাড়ির ভিড়ে হঠাৎ চোখে পড়ে একটা হলুদ রঙের জীর্ণ দোতলা বাড়ি। কারুকাজ করা কাঠের জানালা, লম্বা বারান্দা। নীল রঙে মলিন হয়ে লেখা ‘বিউটি বোর্ডিং’। মনে হয় কোনো পুরনো কবিতার বইয়ের পাতা থেকে উঠে এসেছে বাড়িটি। মহাদেব সাহা ঠিকই বলেছিলেন, ‘যেন পুরনো দিনের কোন গান, শ্রাবণের বৃষ্টিধারা যেন নির্জন একটি বাড়ি বিউটি বোর্ডিং।’

এই বাড়িটা শুধু ইট-কাঠ না। ভোজন রসিকদের জন্য এখানে আছে নানারকম স্বাদের সমারোহ। বিউটি বোর্ডিংয়ে ঢুকলেই প্রথমে সুস্বাদু খাবারের সমারোহ দেখে মন ভরে যায়। এখানকার রান্না মানে পুরান ঢাকার আসল স্বাদ। সারা বছর এখানে পাওয়া যায় গরম গরম ভাতের সাথে আবহমান বাংলার ঐতিহ্যবাহী টাটকা শর্ষে ইলিশ, আলু ভর্তা, ডাল। বিকালের আড্ডার বিশেষ খাবার গরম গরম শিঙাড়া আর চা। আর শেষে মাটির হাঁড়ির টক দই। একটা সময় ছিল যখন সাহিত্যিকরা আড্ডার ফাঁকে চায়ের কাপ হাতেই কবিতা লিখতেন। ঢাকার সেই ঐতিহ্য আজও আছে। পেট ভরে খেয়ে দোতলায় ২০০-২৫০ টাকায় রাতও কাটানো যায়। খাবারের সাথে মিশে আছে গ্রামবাংলার ঘরোয়া স্বাদ আর পুরান ঢাকার খানদানি রান্নার গন্ধ।

এই স্বাদের পেছনে লুকিয়ে আছে প্রায় শতবর্ষের পুরনো ইতিহাস। একসময় বাড়িটি ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের। ১৯৪৭-এর আগে এখানে ‘সোনার বাংলা’ পত্রিকার অফিস ছিল। কবি শামসুর রাহমানের প্রথম কবিতা এখানেই ছাপা হয়। পরে ১৯৪৯ সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা ১১ কাঠা জমির ওপর এই বাড়ি ভাড়া নিয়ে ‘বিউটি বোর্ডিং’ প্রতিষ্ঠা করেন। নলিনী মোহনের বড় মেয়ে ‘বিউটি’র নামেই এর নামকরণ। চল্লিশের দশক থেকে এখানে আড্ডা বসাতেন বাংলাসাহিত্যের সব দিকপাল। কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহাÑ এদের পায়ের ছাপ লেগে আছে এই বারান্দায়। 

আজও এখানে সেই বিখ্যাত চেয়ারটা রাখা আছে যে চেয়ারে বসে নাগরিক কবি শামসুর রাহমান কবিতা লিখতেন। সাহিত্যপ্রেমীরা দূরদুরান্ত থেকে আসে শুধু ওই চেয়ারটা একবার ছুঁয়ে দেখতে।

এখানে বসেই আব্দুল জব্বার খান লিখেছিলেন বাংলার প্রথম সবাক ছবি ‘মুখ ও মুখোশ’। সুরকার সমর দাস এখানে বসে সুর দিয়েছেন। ১৯৫৭ সালে এখান থেকে প্রকাশিত হয় ‘কবিকণ্ঠ’, ১৯৫৯ সালে ‘স্বদেশ’। রাজনীতিবিদ তাজউদ্দীন আহমদও এসে বসেছেন এই চায়ের টেবিলে। এই আড্ডাই ছিল পাকিস্তানিদের চক্ষুশূল। ১৯৭১ সালের ২৮ মার্চ তারা হামলায় শহীদ করেন প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জনকে।

আজ আর আগের মতো আড্ডা নেই। রুমগুলো ফাঁকা। তবুও দূরদূরান্ত থেকে মানুষ আসে শুধু একবার ছুঁয়ে দেখতে। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা দুই ছেলে সমর সাহা ও তারক সাহাকে নিয়ে আবার বিউটি বোর্ডিং চালু করেন। ১৯৯৮ সালে হয়েছে ‘আড্ডা পুনর্মিলনী’, ২০০০ সালে গঠন হয়েছে ‘বিউটি বোর্ডিং সুধী সংসদ’। তারাই আজও লোকসান দিয়ে হলেও ঐতিহ্যটা ধরে রেখেছেন। মুখর আড্ডা আগের মতো না থাকলেও খাবার ঘরে এখনও ভিড় লেগেই থাকে।

বিউটি বোর্ডিং শুধু একটি হোটেল নয়। এটি আমাদের হারিয়ে যাওয়া আড্ডা, আমাদের প্রতিবাদ আর আমাদের স্বাদের স্মারক। ফুল ঝরে যাক, পাখি উড়ে যাক, তবু বিউটি বোর্ডিং বেঁচে থাকুক। বিউটি বোর্ডিং ইতিহাস-ঐতিহ্যের এক জীবন্ত আঁতুড়ঘর। নতুন প্রজন্মের সদস্য হিসেবে আমাদের উচিত এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখা। কারণ বিউটি বোর্ডিং একটি বাড়ি নয়Ñ এটি আমাদের ইতিহাসের স্মৃতির অংশ।


লেখক: শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা