আমানুর রহমান
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:৫৮ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের কৃষি আজ প্রবৃদ্ধির যে গল্প শোনাচ্ছে, তার প্রধান চালিকাশক্তি গ্রামীণ নারী শ্রমিকেরা। জীবিকার তাগিদে কিংবা ভালো উপার্জনের আশায় পুরুষদের শহরমুখী অভিবাসনের ফলে দেশের কৃষি খাত ক্রমেই নারীপ্রধান হয়ে উঠছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, বর্তমানে কৃষিকাজে নিয়োজিত শ্রমশক্তির অর্ধেকের বেশি নারী। ফসল রোপণ থেকে শুরু করে পরিচর্যা ও মাড়াইÑ প্রতিটি ধাপেই তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু এই নীরব বিপ্লবের উজ্জ্বল আলোর আড়ালে জমাট বেঁধেছে করুণ এক অন্ধকার বাস্তবতা। রোদবৃষ্টি মাথায় নিয়ে যে নারীরা কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে দিনরাত পরিশ্রম করছেন, বিষাক্ত রাসায়নিক কীটনাশকের মারাত্মক ছোবলে আজ তাদের জীবনই বিপন্ন। ফসলের ক্ষেত সবুজ রাখার ব্যাকুলতায় এই নারী শ্রমিকেরা প্রতিদিন নিঃশব্দে নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন।
কৃষিজমিতে সরাসরি কীটনাশক স্প্রে করা এবং বিষ প্রয়োগ করা ক্ষেতে কাজ করতে গিয়ে প্রায় ৮২ শতাংশ নারী শ্রমিক ত্বকের মারাত্মক প্রদাহ, চর্মরোগ, তীব্র চুলকানি, শ্বাসকষ্ট ও চোখের স্থায়ী সমস্যায় ভুগছেন। অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হলো, পর্যাপ্ত সচেতনতা এবং মাস্ক, গ্লাভস বা চশমার মতো মৌলিক সুরক্ষাসামগ্রীর অভাবেই মূলত এই মারাত্মক স্বাস্থ্যসংকট তৈরি হচ্ছে। সামান্য মজুরির বিনিময়ে এই নারী শ্রমিকেরা কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই প্রতিদিন মাঠে কাজ করছেন, যা তাদের শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে। ফসলের ক্ষতিকর পোকা দমনে ব্যবহৃত বিষ শেষ পর্যন্ত দেশের সবচেয়ে পরিশ্রমী এই নারী শ্রমশক্তির জীবনকেই তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে।
কীটনাশকের রাসায়নিক প্রভাব কেবল ত্বকের সাময়িক প্রদাহ বা চোখের জ্বালাপোড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; নারীদেহের প্রজননস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ওপরও তা সুদূরপ্রসারী ও মারাত্মক প্রভাব ফেলছে। অর্গানোফসফরাস ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের দীর্ঘমেয়াদি সংস্পর্শ নারীদেহে হরমোনের মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি করে। ফলে অকালগর্ভপাত, বন্ধ্যত্ব এবং গর্ভস্থ শিশুর জন্মগত শারীরিক বিকলাঙ্গতার ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। একে তো নারী শ্রমিকেরা পুরুষদের তুলনায় গড়ে ২০ থেকে ৩০ শতাংশ কম মজুরি পান, তার ওপর কীটনাশকজনিত শারীরিক জটিলতার চিকিৎসা খরচ মেটাতে গিয়ে এই দরিদ্র পরিবারগুলো ক্রমেই এনজিও বা মহাজনি ঋণের জালে আটকে পড়ছে। ফলে এই স্বাস্থ্যসংকট শুধু একজন নারীর ব্যক্তিগত জীবনের বিপর্যয় নয়, বরং তা গোটা গ্রামীণ সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেই গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
দুর্ভাগ্যের বিষয় হলো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিকাংশ প্রশিক্ষণ, আধুনিক বালাই ব্যবস্থাপনা এবং সুরক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগ এখনও মূলত পুরুষ কৃষকদের কেন্দ্র করেই আবর্তিত হয়। দেশের মোট কৃষিশ্রমিকের সিংহভাগ নারী হওয়া সত্ত্বেও তারা প্রতিনিয়ত তথ্য, প্রশিক্ষণ ও প্রযুক্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশক ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার ঘটানো এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং জাতীয় স্বার্থেই তা অপরিহার্য বাধ্যবাধকতা। একই সঙ্গে মাঠপর্যায়ে নারী শ্রমিকদের জন্য বিনা মূল্যে পানিনিরোধক (ওয়াটারপ্রুফ) সুরক্ষা পোশাক, মাস্ক ও নিরাপদ কীটনাশক প্রয়োগের প্রশিক্ষণ নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্যকর্তব্য হওয়া উচিত। যেসব নারীর রক্ত জল করা ঘামে আমাদের জাতীয় খাদ্যনিরাপত্তা টেকসই হচ্ছে, বিষাক্ত কীটনাশকের ভয়াবহ ছোবল থেকে তাদের রক্ষা করতে না পারলে সব কৃষি উন্নয়নই অর্থহীন হয়ে পড়বে।
লেখক: শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা