মিফতাহুল জান্নাত মৌমিতা
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:৪৪ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার পুরান অংশ ঐতিহ্য, ব্যস্ততা ও জনবহুলতার জন্য পরিচিত। প্রতিদিন হাজারো মানুষ নানা প্রয়োজনে বিভিন্ন সড়কে চলাচল করে। কিন্তু এই ব্যস্ত নগরজীবনের আড়ালে রয়েছে এমন কিছু সমস্যা, যা শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে না, প্রশ্ন তুলছে আমাদের নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ নিয়েও। পুরান ঢাকার মালিটোলার একটি ব্যস্ত সড়কের চিত্র আমাদের নগরজীবনের একটি অস্বস্তিকর বাস্তবতা সামনে নিয়ে আসে। মানুষের চলাচলের জন্য নির্মিত রাস্তার একাংশ প্রতিদিনই যেন অস্থায়ী গণশৌচাগারে পরিণত হচ্ছে। রাস্তার পাশে দেয়াল ঘেঁষে নিয়মিত প্রস্রাব করার কারণে শুধু পরিবেশ নোংরা হচ্ছে না, সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও জনস্বাস্থ্যের ঝুঁকি। একদিনের ঘটনা নয়, আশপাশের পরিবেশ দেখলেই তা বোঝা যায়। রাস্তার পাশে ময়লা, দুর্গন্ধ এবং অপরিচ্ছন্নতার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলও অস্বস্তিকর হয়ে উঠেছে।
প্রশ্ন হলোÑ একজন মানুষ কেন প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করবেন? এর পেছনে ব্যক্তিগত অসচেতনতা যেমন দায়ী, তেমনি পর্যাপ্ত ও সহজলভ্য গণশৌচাগারের অভাবও একটি গুরুত্বপূর্ণ কারণ। তবে কোনো নাগরিক সুবিধার অভাব থাকলেও জনসমক্ষে এমন আচরণ পরিবেশ, পথচারী এবং নগরজীবনের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় না।
এমনিতেই এটি ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকা। এখানে সামান্য অপরিচ্ছন্নতাও দ্রুত বড় ধরনের জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যায় রূপ নিতে পারে। বিশেষ করে, খাবারের দোকান, ফলের ভ্যান, পথচারী এবং গণপরিবহনের চলাচলের কাছাকাছি এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দৃষ্টিকটু ও অস্বাস্থ্যকর। এ ছাড়া প্রতিদিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং জর্জ কোর্টের কর্মকর্তা কর্মচারীসহ অসংখ্য মানুষের চলাচলের রাস্তা এই মালিটোলা। কতিপয় বিবেকহীন মানুষের জন্য প্রতিদিনই অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। এই সমস্যার সমাধানে শুধু মানুষকে দোষারোপ করলেই হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন গণশৌচাগার স্থাপন করতে হবে। পাশাপাশি যেখানে প্রকাশ্যে প্রস্রাবের প্রবণতা বেশি, সেখানে স্পষ্ট সতর্কতামূলক সাইনবোর্ড, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। রাস্তা, দেয়াল কিংবা ফুটপাত কারও ব্যক্তিগত ওয়াশরুম নয়। নিজের সামান্য সুবিধার জন্য একটি জনস্থানকে নোংরা করার অধিকার কারও নেই।
একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর শুধু কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি হয় না; এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধও। তাই আসুন, নিজের শহরকে নিজের ঘরের মতো পরিষ্কার রাখি। আজ যে রাস্তায় অন্য কেউ নোংরা করছে, আগামীকাল সেই রাস্তাতেই হয়তো আমাদেরই চলতে হবে। ‘রাস্তা আপনার ব্যক্তিগত ওয়াশরুম নয়। একটু সচেতনতা, একটু দায়িত্ববোধ বদলে দিতে পারে আমাদের এই পরিবেশটা ।’
লেখক: মালিটোলা, পুরান ঢাকা