ইমেইল থেকে
মো. আব্দুল্লাহ খান
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:২৯ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সম্প্রতি গণমাধ্যমগুলোতে খাদ্যনিরাপত্তা ও কৃষির ভবিষ্যৎ নিয়ে নানামুখী সংকট ও তার সমাধানের বিষয়ে আলোচনা চলছে। কিন্তু যাদের রক্ত পানি করা পরিশ্রমের বিনিময়ে আমাদের মুখে অন্ন জোটে, সেই কৃষকদের কথা এসব আলোচনায় সবচেয়ে বেশি উপেক্ষিত থাকে। কৃষিবিদ, অর্থনীতিবিদ ও গবেষকেরা বিভিন্নভাবে এই সংকট বিশ্লেষণ করার চেষ্টা করছেন; অথচ মাঠপর্যায়ে নেমে কৃষকদের সমস্যা দূরীকরণে বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায় না। আমাদের খাদ্যনিরাপত্তায় প্রান্তিক কৃষকদের ভূমিকাই সবচেয়ে বেশি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ফসল চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষকেরা প্রতিনিয়ত বৈষম্য ও শোষণের শিকার হচ্ছেন। কৃষিপ্রধান একটি দেশে উৎপাদক শ্রেণির এই অবমূল্যায়ন একদিকে যেমন কৃষকদের জীবনকে বিপন্ন করছে, অন্যদিকে ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
জ্বালানি তেল সংকট, বীজ ও সারের অতিরিক্ত দাম এবং শ্রমিকস্বল্পতার কারণে জমি চাষ থেকে ফসল মাড়াই পর্যন্ত প্রতি মণ ধান উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১২০০-১৫০০ টাকা। অথচ বাজারের সিন্ডিকেট ও অবমূল্যায়নের কারণে প্রতি মণ ধান বিক্রি করতে হয়েছে মাত্র ১১০০-১৩০০ টাকায়। অর্থাৎ, প্রতি বিঘায় কৃষকদের বড় অঙ্কের লোকসান গুণতে হয়েছে। একজন কৃষকের ঘামঝরা পরিশ্রম, এরপর ঋণের বোঝাÑ সব মিলিয়ে তাদের এক দমবন্ধ পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে। বোরোর সেই ঘা শুকানোর আগেই চলে এসেছে রোপা আমনের মৌসুম। আর এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকটের পর নতুন করে শুরু হয়েছে সার সংকট। অধিকাংশ অঞ্চলে সবেমাত্র ধান রোপণ শেষ হয়েছে। এখনই জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময়; অথচ কৃষকেরা কোথাও প্রয়োজনমতো সার পাচ্ছেন না। বাজারে দেখা যাচ্ছে, কোথাও সার নেই, আবার কোথাও নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৩০০-৪০০ টাকা বেশি রাখা হচ্ছে; কিন্তু ক্রেতাকে কোনো মূল্য আদায়ের রসিদ দেওয়া হচ্ছে না। কোথাও আবার যার প্রয়োজন ১০ বস্তা সার, তাকে দেওয়া হচ্ছে মাত্র ১০ কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিসিআইসির মতে দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কিন্তু মাঠপর্যায়ের চিত্র পুরোই উল্টো। প্রশাসন মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও যে জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেয়, তা সিন্ডিকেট ও বাজার নিয়ন্ত্রণে একেবারেই অপ্রতুল।
এই বিপর্যয় থেকে বাঁচতে সরকারকে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সার সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাই শুধু লোক-দেখানো মনিটরিং নয়; বরং ডিলার ও রিটেইলারদের জবাবদিহিতা নিশ্চিত করে কৃত্রিম সংকট তৈরিতে জড়িতদের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তি দিতে হবে। স্থানীয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের হাতে বীজ, সার ও তেল পৌঁছানো নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধান বিক্রির সময় কৃষকেরা যেন তাদের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়