ই-মেইল থেকে
মোহাম্মদ অংকন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১২:২০ পিএম
নদীকে ঘিরে গড়ে উঠেছে এদেশের জনপদ, কৃষি, বাণিজ্য, লোকসংগীত ও অসংখ্য লোকজ উৎসব। সেই নদীকেন্দ্রিক ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হলো নৌকাবাইচ। ছবি: সংগৃহীত
গ্রামবাংলার প্রকৃতি, জনজীবন ও সংস্কৃতির সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। নদীকে ঘিরেই গড়ে উঠেছে এদেশের জনপদ, কৃষি, বাণিজ্য, লোকসংগীত ও অসংখ্য লোকজ উৎসব। সেই নদীকেন্দ্রিক ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হলো নৌকাবাইচ। একসময় বর্ষায় নদী, খাল-বিল ও হাওরের বিস্তীর্ণ জলরাশি জেগে উঠলেই গ্রামবাংলায় শুরু হতো নৌকাবাইচের আয়োজন। ঢাক-ঢোল, করতাল, উল্লাস আর লগি-বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত নদীর দুই পাড়। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসত এই প্রতিযোগিতা দেখতে। কিন্তু সময়ের পরিবর্তন, নদী-খাল দখল ও ভরাট, নৌযান ব্যবস্থার পরিবর্তন এবং গ্রামীণ সংস্কৃতির প্রতি আগ্রহ কমে যাওয়ায় সেই ঐতিহ্য আজ অনেকটাই বিলুপ্তির পথে।
নৌকাবাইচ কেবল দলবেঁধে নৌকা চালানোর প্রতিযোগিতা নয়Ñ এটি গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানুষের সম্মিলিত আনন্দের এক অনন্য প্রকাশ। নৌকাবাইচের আয়োজন ঘিরে আশপাশের গ্রামের মানুষের মধ্যে যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হতো, তা ছিল সত্যিই অসাধারণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার বৈঠালদের যেমন বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি থাকত, তেমনি দর্শকদের মধ্যেও থাকত প্রবল আনন্দ-উত্তেজনা। প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে থেকেই বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করত নৌকা। তারপর নৌকাগুলোকে রঙে-ঢঙে সাজানো, বৈঠা প্রস্তুত করা, বৈঠালদের দল গঠন এবং মহড়া প্রদর্শন করা যেন প্রতিযোগিতার শুরুর কদিন আগে থেকেই উৎসবের আবহ তৈরি করত।
আমার নৌকাবাইচ দেখতে যাওয়ার অনেক স্মৃতি। তন্মধ্যে, সিংড়া উপজেলার কলম গ্রামের ঐতিহ্যবাহী নৌকাবাইচের দৃশ্য এখনও স্মৃতিকোটরে জ্বলজ্বল করে। সেই ছোট্টবেলা, বিকালে স্কুল থেকে বাড়িতে ফিরে কিছু খেয়ে না-খেয়ে ছুট দিতাম নৌকাবাইচ দেখতে। তখন ছিল না এত রিকশা-ভ্যান। কয়েকজন বন্ধু মিলে পায়ে হেঁটে রওনা দিতাম কলম গ্রামে নৌকাবাইচ দেখতে। ১০-১২ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে ছুটে যেত আমাদের মতো আরও অসংখ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে যাওয়া মানুষ। কলমের পুন্ড্ররী নামক ব্রিজ, কখনও কালীবাড়ি ঘাট, কখনও পুন্ড্ররী মাদ্রাসার ঘাটে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ভিড়ে উঁকি মেরে নৌকাবাইচ দেখতাম। বর্ষায় পানিতে দুকূল ছাপিয়ে পড়া গুঁড়নাই নদে নৌকাবাইচের মহোৎসব সন্ধ্যা নামার সাথে সাথেই এক আবেগঘন পরিবেশে পরিণত হতো। সবার চোখে-মুখে শঙ্কা দেখা দিত এ বছর কোন দল ফার্স্ট হবে! তুমুল এই প্রতিযোগিতা এখন আর চোখে পড়ে না।
যে নদ ছিল একসময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম, নৌকাই ছিল যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম অবলম্বন, সেই নদ ও নৌকার বিকল্প এখন সড়কপথ ও সড়কপথে দ্রুতগামী ইঞ্জিন বদলে দিয়েছে একটি প্রজন্মের কাঠামো। অথচ একটা সময় নৌকা চালানোর দক্ষতা মানুষের দৈনন্দিন জীবনেরই অংশ ছিল। সেই দক্ষতা ও সামষ্টিক আনন্দ থেকেই ক্রমে নৌকাবাইচ একটি জনপ্রিয় লোকজ প্রতিযোগিতায় পরিণত হয়। বিশেষ করে বর্ষাকালে নদী-নালা পানিতে ভরে উঠলে বিভিন্ন এলাকায় নৌকাবাইচের আয়োজন করা হতো। দীর্ঘ ও সরু আকৃতির বিশেষ নৌকায় অনেকজন বৈঠাল একসঙ্গে বসে বৈঠা চালাতেন। একজন থাকতেন দলনেতা। তার নির্দেশে সবাই একই ছন্দে বৈঠা চালাতেন। কখনও কখনও বৈঠালদের উৎসাহিত করতে নৌকার ভেতর থেকে গাওয়া হতো জারি, সারি কিংবা স্থানীয় লোকগান। বৈঠার তালে তালে সেই গান যেন প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলত।
কৈশোরে নৌকাবাইচ দেখার সময় লক্ষ করতাম, নৌকার গতি যত বাড়ত, দর্শকদের উল্লাসও তত তীব্র হতো। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ করতালি, হর্ষধ্বনি ও স্লোগানে নিজেদের পছন্দের দলকে উৎসাহ দিত। এই নৌকাবাইচ কেন্দ্র করে বসত বিরাট মেলা। পাওয়া যেত নানা ধরনের দেশি খাবার, খেলনা, মাটির সামগ্রী, হস্তশিল্প ও লোকজ পণ্য। ফলে নৌকাবাইচ হয়ে উঠত একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। কিন্তু একসময় যে নৌকাবাইচ ছিল গ্রামবাংলার অন্যতম প্রধান বিনোদন, সম্প্রীতির অনন্য নিদর্শন, আজ তা অনেক অঞ্চলে আর নিয়মিত দেখা যাচ্ছে না কেন? এর পেছনে কী কী কারণ থাকতে পারে? সমাধানই বা কী হতে পারে?
আমি কিছু কারণ ও প্রতিকার নির্ণয় করার চেষ্টা করেছি। প্রথমত, নদী, খাল-বিল ও জলাশয়ের সংখ্যা কমে গেছে। দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ ও ভরাটের কারণে অনেক জলপথ নাব্যতা হারিয়েছে। যে নদীতে একসময় বড় নৌকাবাইচ হতো, সেখানে এখন বর্ষাকালেও নৌকা চালানোর মতো পর্যাপ্ত পানি থাকে না। তাই যেসব নদী ও জলাশয়ে এখন নৌকাবাইচ আয়োজনের সুযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে।
দ্বিতীয়ত, সড়কপথ, সেতু ও মোটরযানের বিস্তারের ফলে নৌকা মানুষের দৈনন্দিন জীবনে আগের মতো অপরিহার্য নয়। নৌকার সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কও তাই অনেকটা কমে গেছে। এজন্য নৌকাবাইচের ইতিহাস, নৌকার ধরন, বৈঠালদের কৌশল এবং সংশ্লিষ্ট লোকসংগীত সংরক্ষণ করা প্রয়োজন। এ বিষয়ে গবেষণা, তথ্যচিত্র নির্মাণ, বই প্রকাশ এবং ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা যেতে পারে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এসব আয়োজনের সঙ্গে যুক্ত করলে নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
তৃতীয়ত, বিনোদনের ধরনেও এসেছে আমূল পরিবর্তন। একসময় গ্রামের মানুষের আনন্দ-বিনোদনের অন্যতম মাধ্যম ছিল স্থানীয় মেলা, যাত্রা, পালাগান, ঘোড়দৌড় ও নৌকাবাইচ। এখন টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের অবসর কাটানোর ধরন বদলে দিয়েছে। ফলে লোকজ উৎসবের প্রতি নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত আগ্রহ অনেক ক্ষেত্রে কমেছে। তাই নৌকাবাইচকে স্থানীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়ের লোকজ ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
নৌকাবাইচ বাঁচিয়ে রাখতে হলে এটিকে কেবল অতীতের স্মৃতি হিসেবে দেখলে চলবে না। এটিকে আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে নিয়মিত নৌকাবাইচের আয়োজন করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও জরুরি। নৌকাবাইচকে নিছক বিনোদন হিসেবে না দেখে বাংলার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মূল্যায়ন করতে হবে। কারণ একটি জাতির পরিচয় শুধু তার স্থাপত্য, সাহিত্য কিংবা ইতিহাসে নয়; তার লোকজ জীবন ও উৎসবের মধ্যেও সেই পরিচয় গভীরভাবে নিহিত থাকে।
নদী হারিয়ে গেলে নৌকাবাইচ হারিয়ে যাবে, আর নৌকাবাইচ হারিয়ে গেলে হারিয়ে যাবে নদী ঘিরে গড়ে ওঠা আমাদের একটি গুরুত্বপূর্ণ লোকজ স্মৃতি। তাই নৌকাবাইচ রক্ষা মানে শুধু একটি প্রতিযোগিতা টিকিয়ে রাখা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকা নদী, মানুষ, গান, নৌকা, কারিগরি দক্ষতা এবং সামাজিক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা।
লেখক: কবি ও প্রাবন্ধিক