× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপাল ট্র্যাজেডি: ধ্বংসস্তূপে জেগে উঠুক প্রাণ

সম্পাদকীয়

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১২:১৪ পিএম

প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়, নেপালের বিপর্যয় আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়, নেপালের বিপর্যয় আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়, নেপালের বিপর্যয় আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পাহাড়, নদী আর সবুজের অপরূপ সৌন্দর্যে ঘেরা নেপাল আজ বহু মানুষের কান্না, স্বজন হারানোর বেদনা এবং ধ্বংসস্তূপের ভারে ভারাক্রান্ত। যে জনপদে কিছুদিন আগেও ছিল জীবনের কোলাহল, সেখানে আজ নেমে এসেছে শোক ও অনিশ্চয়তা। ২৬ আগস্ট বুধবার ঘটে যাওয়া ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যা হিমালয় অঞ্চলের পরিবেশগত বিপন্নতাকে আরও একবার বিশ্বমঞ্চে উন্মোচিত করেছে। প্রকৃতির এই আকস্মিক ও প্রলয়ংকরী আঘাতে নেপালের রসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতবনের বিস্তীর্ণ পাহাড়ি জনপদ নিমিষে হয়ে গেছে লন্ডভন্ড। সর্বশেষ তথ্যানুয়ায়ী, মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৪৮৯ ছাড়িয়েছে। দেড় হাজার মানুষ এখনও নিখোঁজ, যার মধ্যে রয়েছেন বহু দেশি-বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। এই দুর্যোগ কেবল সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এক জটিল বহুমাত্রিক সংকট বা ‘ক্যাসকেডিং ডিজাস্টার’ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতির এই তাণ্ডব শুধু মানুষের জীবনই কেড়ে নেয়নি, পাহাড়ি এই জনপদের যোগাযোগ ব্যবস্থাসহ অর্থনীতির চাকা বহু বছরের জন্য থামিয়ে দিয়েছে। দেশটির অর্থনীতি ও অবকাঠামোর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হিমবাহধসের পরপরই কাদা ও পাথরের তীব্র স্রোত নেপাল ও চীনের মধ্যকার অন্যতম প্রধান বাণিজ্য পথ পাসং লামু মহাসড়কের ৪০ থেকে ৪২ কিলোমিটার অংশ পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেছে। নদীর ভাটিতে থাকা জনবসতিগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ১৯টি সেতু ও হাঁটার পথ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওইসব এলাকার অসংখ্য মানুষ কার্যত মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। ধ্বংসস্তূপ সরিয়ে এই জনপদকে নতুন করে গড়ে তোলা সরকারের জন্য হিমালয়সম চ্যালেঞ্জ। বিপুল প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় ব্যথিত পুরো বিশ্ব। বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতাও পালন করা হয়। শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। 

প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত শুধু ঘরবাড়িই ভাঙে নাÑ ভেঙে দেয় মানুষের স্বপ্ন, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের নিশ্চয়তা। একটি পরিবার যখন মুহূর্তের মধ্যে তার প্রিয়জনকে হারায়, তখন ক্ষতির হিসাব কোনো পরিসংখ্যান দিয়ে প্রকাশ করা যায় না। ধসে পড়া একটি বাড়ি হয়তো ইট-পাথরের কাঠামো, কিন্তু তার ভেতরে ছিল একটি পরিবারের স্মৃতি, ভালোবাসা ও বহু বছরের সঞ্চিত স্বপ্ন। তাই নেপালের এই বিপর্যয়কে কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখলে এর মানবিক গভীরতাকে অস্বীকার করা হবে। মানবসভ্যতার সবচেয়ে বড় শক্তি হলোÑ সবচেয়ে কঠিন সময়েও মানুষের পাশে মানুষ দাঁড়ায়। অনেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপে ছুটে যান, দুর্গত মানুষের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন, চিকিৎসকরা নিরলসভাবে সেবা দেন। সীমান্ত, ভাষা কিংবা জাতীয়তার বিভাজন তখন আর গুরুত্বপূর্ণ থাকে না। 

একজন বিপন্ন মানুষের আর্তনাদ পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের হৃদয়কে স্পর্শ করে। নেপালের এই দুর্যোগ তাই বিশ্বের সামনে সহমর্মিতার এক অনন্য পরীক্ষা হাজির করেছে। তবে শুধু ত্রাণ পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয় না। যারা ঘর হারিয়েছেন, তাদের নিরাপদ আশ্রয় দিতে হবে। যারা জীবিকা হারিয়েছেন, তাদের নতুন করে দাঁড়ানোর সুযোগ দিতে হবে। শিশুদের শিক্ষা যাতে বন্ধ না হয়, আহতদের চিকিৎসা যাতে অব্যাহত থাকে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে মর্যাদার সঙ্গে জীবন পুনর্গঠন করতে পারে, সেদিকেও সমান গুরুত্ব চাই।

নেপালের বিপর্যয় বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। ভৌগোলিকভাবে এ বিপর্যয়কে বাংলাদেশের দূরের ঘটনা মনে হতে পারে। কিন্তু জলবায়ু ও নদীর স্বাভাবিক প্রবাহের দৃষ্টিকোণ থেকে নেপালের পাহাড় আর বাংলাদেশের সমতল ভূমি একই বৃহৎ ব্যবস্থার অংশ। কারণ হিমালয়ের বরফ, তুষার, বৃষ্টিপাত ও পাহাড়ি নদীর পানি শেষ পর্যন্ত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার মধ্য দিয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। উজানের এই পানি ও পাহাড়ি ঢল আমাদের উত্তর এবং মধ্যাঞ্চলের প্রধান নদীগুলোর পানির স্তর বাড়িয়ে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। সেক্ষেত্রে আগাম প্রস্তুতি জরুরি। দুর্যোগকে হয়তো ঠেকানো যায় না, কিন্তু সঠিক প্রস্তুতি ও পরিকল্পনার মাধ্যমে তার ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তাই জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।

আজ নেপালের মানুষের জন্য কেবল সহানুভূতি নয়, প্রয়োজন কার্যকর সহযোগিতা। এই ক্ষেত্রে বিশ্বের সব দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসতে হবে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রতিটি জীবন, শোকাহত প্রতিটি পরিবার এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা প্রতিটি শিশুই আমাদের সম্মিলিত মানবিক দায়িত্বের অংশ। প্রকৃতি তার শক্তির পরিচয় দিয়েছে। এবার মানুষের পালাÑ ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের শক্তি দিয়ে নেপালকে আবার দাঁড় করানোর। ধ্বংসের মধ্যেও নতুন দিনের স্বপ্ন বেঁচে থাকুক। নেপালের আকাশে আবার উঠুক আশার সূর্য। ধ্বংসস্তূপে জেগে উঠুক প্রাণ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা