নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে উচ্চ শুল্ক (ট্যারিফ) ধার্যের মাধ্যমে বিশ্বব্যাপী যে বাণিজ্যযুদ্ধের দামামা শুরু করে দিয়েছিলেন, সেটা যেন আর থামছেই না। কোনো কিছুই যেন ট্রাম্প প্রশাসনকে শুল্ক উন্মাদনা থেকে বিরত রাখতে পারছে না। প্রতিপক্ষ অনেক দেশের পাল্টা ব্যবস্থা, বিভিন্ন দেশের সাথে আলাপ-আলোচনা, কিছু দেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং আমেরিকার আদালতে ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক অবৈধ ঘোষণা; এর কোনো কিছুই ট্রাম্প প্রশাসনকে থামাতে পারছে না। বরং দেখা গেছে যে, আদালতের রায়ে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প রেগে অন্য আইন ব্যবহার করে আরও অধিক হারে শুল্ক আরোপ করে বসেছেন।
ট্রাম্প প্রশাসনের এমন একগুঁয়ে ভাব দেখে অনেক দেশ, বিশেষ করে ইউরোপের অনেক দেশ হাল ছেড়ে শুল্কের বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করা বন্ধ করে দিয়েছে। তারা বিকল্প বাণিজ্যিক চ্যানেল খুঁজে বের করার চেষ্টা করছেন। ফলে খুব দ্রুতই তারা ভারতের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়েছে। অধিকাংশ দেশ ট্রাম্প প্রশাসনের সাথে উচ্চ শুল্কের বিষয়ে হাল ছেড়ে দেওয়ায়, পরিস্থিতি কিছুটা ঝিমিয়ে পড়ে। এর মধ্যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ায়, শুল্কের বিষয়টি ব্যাকফুটে চলে যায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল যে, উচ্চ শুল্কের বিষয়টি সুরাহা হয়ে গেছে এবং স্বাভাবিক বাণিজ্য ফিরে এসেছে। কিন্তু ট্রাম্পের উচ্চ শুল্কের বিষয়টি যে মোটেই স্বাভাবিক হয়নি, বরং আরও আগ্রাসী, তা আবারও বোঝা গেল সম্প্রতি কানাডা-আমেরিকার মধ্যকার বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার মধ্য দিয়ে।
গত দুই সপ্তাহ ধরে কানাডা এবং আমেরিকার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে কানাডার ওপর ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক হ্রাস করে একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছার জন্য আলোচনা চলছিল। কানাডার প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ইউএস-কানাডার মধ্যকার বাণিজ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডোমিনিক লাব্ল্যাংক এবং আমেরিকার পক্ষে নেতৃত্ব দিয়েছেন ইউএস বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরার। আলোচনা বেশ ভালোভাবেই এগিয়ে চলছিল এবং সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে, কানাডা ও আমেরিকার মধ্যে উচ্চ শুল্ক নিয়ে যে বাণিজ্য বিরোধের সৃষ্টি হয়েছে, তার একটি সন্তোষজনক সমাধান এবার হবে। উভয় দেশের প্রতিনিধি আগের কয়েক দিন অনেক আশার কথা শুনিয়েছেন। তারা এমনও বলেছেন যে অনেক জটিলতা নিরসন করা গেছে এবং একটি সন্তোষজনক সমঝোতায় পৌঁছার দ্বারপ্রান্তে চলে এসেছেন। সবাই প্রত্যাশা করছিল এবার একটি বাণিজ্য চুক্তি সম্পাদন হবে। কিন্তু শেষ মুহূর্তে এসে আলোচনা ভেঙে যায় এবং কানাডা ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি আর হলো না।
দ্বিপাক্ষিক আলোচনা এবং বাণিজ্য চুক্তির ক্ষেত্রে আলোচনা ভেঙে যাওয়া মোটেই অস্বাভাবিক কোনো বিষয় নয়। এ রকম ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু কানাডা-আমেরিকার মধ্যকার বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়, সেটাই অস্বাভাবিক। কানাডার ওপর ট্রাম্প প্রশাসন আগে থেকেই উচ্চ শুল্ক আরোপ করে রেখেছিল, যা আলোচনার স্বার্থে স্থগিত ছিল মাত্র। ফলে আলোচনা ভেঙে যাওয়ার সাথে সাথেই সেই উচ্চ শুল্ক কার্যকর হয়ে যায়। ফলে কানাডা থেকে আমেরিকার যে রপ্তানি হয়, তার ৫%, অর্থাৎ প্রায় বিশ বিলিয়ন ডলারের মতো রপ্তানি ৫০% শুল্কের আওতায় চলে আসবে। কানাডাও এবার চুপ করে বসে থাকেনি। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও আমেরিকা থেকে আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
শেষ মুহূর্তে এসে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কানাডা-আমেরিকার মধ্যকার আলোচনা ভেঙে যাওয়ার কারণে একে অপরকে দোষারোপ করছে। আমেরিকা বলছে কানাডা কোনো রকম ছাড় দিতে রাজি নয়, বিশেষ করে বিভিন্ন প্রদেশ থেকে আমেরিকার অ্যালকোহলের ওপর যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটি প্রত্যাহারের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা নেই। পক্ষান্তর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করে বলেছেন যে শেষ মুহূর্তে এসে আমেরিকা এমন কিছু শর্ত নতুনভাবে জুড়ে দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কার্নি এমন অভিযোগও করেছেন যে, এই ধরনের বাণিজ্য সমঝোতা করার অর্থই হচ্ছে কানাডার সংস্কৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপস করা, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু নির্দিষ্ট কোন কারণে আলোচনাটি শেষ মুহূর্তে এসে ব্যর্থ হয়ে গেল, তা কোনো পক্ষই স্পষ্ট করে বলছে না। ফলে বিষয়টি সাধারণ মানুষের জানার বাইরেই থেকে গেল।
আলোচনা ভেঙে যাওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকার পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের বিষয়টিও অস্বাভাবিক নয়। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যেভাবে পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকার পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন, তা রীতিমতো আমেরিকার সাথে আনুষ্ঠানিক বাণিজ্যযুদ্ধ ঘোষণার শামিল। ট্রাম্প যেভাবে হুঙ্কার দিয়ে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, টিক সেভাবেই কার্নি পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছেন। প্রথমবারের মতো ট্রাম্প কানাডার ওপর যখন উচ্চ শুল্ক আরোপ করে, তখনও সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উচ্চ শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু সেটা খুবই সাধারণভাবে ঘোষিত হয়েছিল, তাই বিষয়টি নিয়ে তখন সেরকম শোরগোল পড়েনি। কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার বিরুদ্ধে কার্নির এভাবে হুঙ্কার দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ায় অধিকাংশ কানাডিয়ান খুব খুশি। সংবাদমাধ্যমে প্রকাশিত এক জরিপ থেকে জানা যায় ৭৫%-এর বেশি কানাডিয়ান কার্নির পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। খুবই স্বাভাবিক। কেননা ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে এসে কানাডার বিরুদ্ধে শুধু উচ্চ শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি, সেই সাথে তিনি একাধিকবার বলেছেন যে কানাডা আমেরিকার ৫১তম স্টেট, যা সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি। আর এ কারণেই একটি মহলে আলোচনা আছে যে, এত বিপুলসংখ্যক কানাডিয়ান আমেরিকার বিরোধিতা করার কারণেই কার্নি এ রকম সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তিনি খুব সহজেই জনপ্রিয় হয়ে যেতে পারেন। কেননা দিন শেষে সবাই ভোটের হিসাব করে এবং কার্নিও তাই করেছেন, এতে দোষের কী আছে।
যা হোক, আমেরিকার বিরুদ্ধে একহাত নিয়ে কানাডিয়ানরা বিজয়ী তো হয়ে গেল। কিন্তু এখন এ দেশের জনগণের কী হবে। কানাডা-আমেরিকার মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৯০০ বিলিয়ন ডলার, যার মধ্যে মাত্র ২০ বিলিয়ন ডলারের বাণিজ্য ট্রাম্পের ৫০% শুলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু কানাডা কি পুরো ৯০০ বিলিয়ন ডলারের বাণিজ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। শুল্কের কারণে সেই দেশের পণ্যের মূল্য বেড়ে যায়, যা আমেরিকার অর্থনীতির এবং সে দেশের মানুষের বহন করার সক্ষমতা আছে। কিন্তু কানাডার কি সেই সক্ষমতা আছে। আমেরিকার ডলারের তুলনায় কানাডার ডলারের বিনিময় মূল্য অনেক নিচে পড়ে আছে বিগত কয়েক বছর ধরে। ফলে কানাডায় জিনিসপত্রের দাম এমনিতেই বেশি। এখন উচ্চ শুল্কের কারণে এই দাম আরও বেড়ে যাবে, যা কানাডার জনগণের পক্ষে বহন করা বেশ কঠিন। আর এই উচ্চ শুল্কের কারণে যদি মূল্যস্ফীতি দেখা দেয় এবং তা নিয়ন্ত্রণ করার জন্য যদি সুদের হার বৃদ্ধি করতে হয়, তাহলে জনগণকে যে কী মাত্রার খেসারত দিতে হবে, তা বলে বোঝানো কঠিন। সব মিলিয়ে অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে কার্নির উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত তাৎক্ষণিক জনপ্রিয়তা পেলেও, এর সুদূরপ্রসারী প্রভাব কেমন হবে, তা ভবিষ্যৎ বলবে।
কানাডা আমেরিকার অতি নিকট প্রতিবেশী দেশ এবং দীর্ঘদিনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র। কানাডা কখনোই আমেরিকার কোনো সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়নি, বরং পক্ষে অবস্থান নিয়েছে। এজন্য তাদের অনেক ক্ষতি শিকার করতে হয়েছে। চীনের সাথে একসময় কানাডার উল্লেখযোগ্য বাণিজ্য ছিল, যা হাতছাড়া হয়ে গেছে শুধু আমেরিকাকে খুশি করতে গিয়ে চীনের এক প্রযুক্তি কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তাকে আটক করার কারণে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্য যুদ্ধেও আমেরিকার পাশেই ছিল কানাডা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা-কানাডায় যত করপোরেট ব্যবসাপ্রতিষ্ঠান আছে, তার মালিকানাও কানাডা-আমেরিকার জনগণ। অর্থাৎ কানাডার বৃহৎ কোম্পানির মালিকানা যেমন আমেরিকায় আছে, তেমনি আমেরিকার বৃহৎ কোম্পানির মালিকানাও কানাডায় আছে। যেমনÑ কানাডার জনপ্রিয় কফি স্টোর হচ্ছ, টিম হরটন, অথচ এর মালিকানা আমেরিকার একটি বৃহৎ কোম্পানি। এ রকম একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে কেন বাণিজ্যযুদ্ধ বাধবে, তা মোটেই বোধগম্য নয়।
কানাডা-আমেরিকার মধ্যকার বাণিজ্যযুদ্ধ এখন যে মাত্রায় পৌঁছেছে, তা থেকে বিশ্বের অনেক দেশেরই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে আমেরিকার সাথে বাণিজ্য করার ব্যাপারে আরও বেশি সতর্ক হতে হবে। যে বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; ১. আমেরিকা যেকোনো দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে পারে, যা সেই দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে, ২. আমেরিকার বাজারের ওপর পণ্য রপ্তানির নির্ভরশীলতা কমিয়ে আনা প্রয়োজন, ৩. আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি করে পণ্যের রপ্তানি মূল্য হ্রাস করে শুল্কের খরচ কিছুটা হলেও সমন্বয় করা, যাতে আমেরিকার বাজারে মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা যায়। তা না হলে আমেরিকার ওপর নির্ভরশীল প্রত্যেক দেশই বাণিজ্য ঝুঁকিতে থাকবে।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা