মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবল একজন মহান ধর্মপ্রচারকই ছিলেন না; বরং তিনি ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ও সফলতম সংগঠক। বিচ্ছিন্ন, নীতিহীন ও নানা কুসংস্কারে আচ্ছন্ন একটি সমাজকে শিরক (বহুত্ববাদ) থেকে মুক্ত করে তাওহিদের (একত্ববাদ) পতাকাতলে একত্রিত করে তিনি একটি আদর্শবান, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজে রূপান্তরিত করেছিলেন।
সংগঠক হিসেবে তার মূল ভিত্তি ছিল উন্নত চরিত্র, প্রজ্ঞা, দূরদর্শিতা ও ইনসাফ। মহাগ্রন্থ আল-কুরআনে তাঁর এই মহান গুণাবলি সম্পর্কে ইরশাদ হয়েছেÑ ‘আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি কোমলহৃদয় হয়েছিলে; যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হতে, তবে তারা তোমার চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত।’Ñ সূরা আলে ইমরান, আয়াত : ১৫৯। এই আয়াতে একজন সফল নেতার জন্য প্রয়োজনীয় সহনশীলতা, কোমলতা ও মহানুভবতার শিক্ষা রয়েছে।
দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাংগঠনিক নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও দূরদর্শিতা। তিনি যেকোনো পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে মোকাবিলা করতেন। মক্কায় চরম বিরোধিতা, নির্যাতন ও প্রতিকূলতার মুখেও তিনি দীর্ঘ ১৩ বছর অবিচল ও দৃঢ়ভাবে দাওয়াতের কাজ চালিয়ে যান।
সঠিক দায়িত্ব বণ্টন ও যোগ্য লোক তৈরি
তিনি পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব বণ্টন করতেন। প্রতিটি কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করতেন এবং সাহাবিদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করেছিলেন। দলভিত্তিক ও সুসংগঠিত কর্মপদ্ধতির মাধ্যমে তিনি কঠিন লক্ষ্যও সফলভাবে অর্জন করতেন।
বদর ও উহুদের যুদ্ধে তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করেছেন এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে নানান দায়িত্বে নিয়োজিত করেছেন। তিনি বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’Ñ সহিহ বোখারি।
মদিনা সনদ প্রণয়ন
বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে তিনি ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করেন। এই চুক্তির মাধ্যমে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের পারস্পরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একটি শান্তিপূর্ণ সামাজিক কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ করা হয়। এটি তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার উজ্জ্বল নিদর্শন।
সামাজিক সংস্কার
তিনি আরব সমাজের জাহিলিয়াত, অন্যায়, হানাহানি ও রক্তপাত দূর করে ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ গড়ে তোলেন। আনসার ও মুহাজিরদের মধ্যে ‘উখুওয়াত’ বা ভ্রাতৃত্বের যে অভূতপূর্ব সম্পর্ক তিনি স্থাপন করেছিলেন, তা ইতিহাসে বিরল। তাঁর নেতৃত্বে সমাজে সাম্য, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
মানবিক মূল্যবোধ
তিনি সমাজে নারী, শিশু, এতিম, দরিদ্র ও দুর্বল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নেতৃত্বে মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়।
সংগঠন পরিচালনায় ইনসাফ ও সততার গুরুত্ব তুলে ধরে তিনি ঘোষণা করেছিলেন, ‘যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম।’Ñ সহিহ বোখারি।
উপসংহার
সংক্ষেপে বলা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুদূরপ্রসারী দূরদর্শিতা, ন্যায়পরায়ণতা, উন্নত চরিত্র, প্রজ্ঞা ও মমত্ববোধই তাঁকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংগঠকে পরিণত করেছে।
আজকের এই নৈতিক অবক্ষয় ও নানা সংকটে জর্জরিত সমাজে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সফলতা অর্জনের জন্য সর্বশ্রেষ্ঠ সংগঠক ও মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর জীবনদর্শনই প্রতিটি যুগে সফল নেতৃত্ব, সুশৃঙ্খল সংগঠন এবং কল্যাণময় সমাজ গঠনের অন্যতম শ্রেষ্ঠ ভিত্তি।
লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া