প্রতীকী ছবি
একটি ইতিবাচক শব্দ কী করে ‘ভীতিকর’ রূপ ধারণ করতে পারে, বাংলাদেশে বহুল প্রচলিত ‘সিন্ডিকেট’ তার জ্বলন্ত উদাহরণ। দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে সিনেটের পাশাপাশি ‘সিন্ডিকেট’ও গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সেই সিন্ডিকেট এখন সমাজের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের সংঘবদ্ধ অপতৎরতা বোঝাতে ব্যবহৃত হচ্ছে। এই সিন্ডিকেট নামীয় অশরীরী সত্তা প্রায় সর্বত্র রাজত্ব করছে। তাদের দানবীয় থাবা জনজীবনকে করছে ক্ষতবিক্ষত।
বাজারে যখন দ্রব্যমূল্যের অস্বাভাবিক উল্লম্ফন ঘটে, তখন এর পেছনে অসাধু ব্যবসায়ীদের ‘সিন্ডিকেটের’ কারসাজির কথা প্রচারিত হয়। এমনিভাবে সরকারি বিভিন্ন টেন্ডার, কেনাকাটা, আমদানি, ইজারা ইত্যাদি ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব প্রবল। এমনকি সরকারি চাকরিসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রেও সিন্ডিকেটের কালো হাতের কারসাজির কথা সর্বজনবিদিত। তবে দুঃখজনক হলেও সত্যি যে, দুর্বৃত্তদের এসব সিন্ডিকেটের কথা জানা সত্ত্বেও এর প্রভাবমুক্ত হতে পারছে না দেশ। এর মূল কারণ ভূত তাড়ানোর শর্ষের মধ্যে ভূতের স্থায়ী আবাস। ফলে কথা হচ্ছে এন্তার, কিন্তু সিন্ডিকেট রয়ে যাচ্ছে ‘যথা পূর্বং, তথা পরং’ অবস্থায়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সার নিয়ে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে, এর পেছনেও রয়েছে সিন্ডিকেট। এই চক্রের কারসাজিতে গুদামে থাকা সত্ত্বেও কোথাও সার উধাও হয়ে যাচ্ছে বাজার থেকে, আবার কোথাও বরাদ্দকৃত সার গুদামে না এসে চলে যাচ্ছে অজানা গন্তব্যে। সেই সার আবার ঘুরে আসছে কৃষকের কাছে। তবে তা বাঁকা পথে এবং চড়া মূল্যে। ‘সার নাই’ এই চিরাচরিত কৈফিয়তের বাতাবরণে হালাল করা হচ্ছে অবৈধ এই মূল্যবৃদ্ধি। গত পরশু প্রতিদিনের বাংলাদেশ ‘সিন্ডিকেটের থাবা ভর্তুকির সারে’ শীর্ষক প্রধান প্রতিবেদনে সে বিবরণই তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের গুদামে পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকা এবং কৃষকদের স্বার্থে সরকার বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দেওয়া সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে প্রকারভেদে সারের মূল্য বস্তা প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে একদিকে কৃষক চাহিদামতো সার পাচ্ছে না, অন্যদিকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দিতে বাধ্য হচ্ছে। কৃত্রিমতায় সৃষ্ট এই সংকটের মওকায় অবৈধ মুনাফা লুটে নিচ্ছে ডিলার, খুচরা ব্যবসায়ী এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউ কেউ।
এদিকে তৈরি হওয়া সার সংকটের নেপথ্য কারণ উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার ইতোমধ্যেই তৎপর হয়ে উঠেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সার পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আমন মৌসুমে কৃষক যাতে সার নিয়ে ভোগান্তির শিকার না হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা প্রশংসনীয় সন্দেহ নেই। তবে লক্ষণীয় হলো, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং অন্যান্য ‘দায়িত্বশীল’ কর্মকর্তারা স্ব স্ব চেয়ারে উপবিষ্ট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। এটা অবশ্য আমাদের দেশের দুর্ভাগ্যজনক একটি ঐতিহ্য। এখানে সব বিষয়ে প্রধানমন্ত্রীকে উদ্বিগ্ন হতে হয়, কথা বলতে হয় এবং নির্দেশ দিতে হয়। বলা নিষ্প্রয়োজন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমলা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতেন, তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের ব্যস্ততা ফেলে সরকারপ্রধানকে সার-সিন্ডিকেট মোকাবিলা করার উপায় উদ্ভাবনে মাথা ঘামাতে হতো না। এর পেছনের কারণটি সচেতন ব্যক্তির জানা। মূলত অসাধু ব্যক্তিদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটসমূহের সঙ্গে সরকারের নানা স্তরের ক্ষমতাবান ব্যক্তিদের যোগসাজশের কারণে এমনটি ঘটে।
সার নিয়ে যে একটি গভীর ষড়যন্ত্র চলছে, তা ইতঃপূর্বেও আমরা আমাদের সম্পাদকীয় কলামে ব্যক্ত করেছি। গত ১৫ আগস্ট ‘সতর্ক হতে হবে এখনই’ শিরোনামের সে সম্পাদকীয়তে আমরা সরকারকে সতর্ক করে দিয়ে কৃত্রিম এই সার সংকটের নেপথ্যের কারণ উদঘাটন ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। একই সঙ্গে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সৃষ্ট কৃত্রিম সার সংকট যাতে সারা দেশে ছড়িয়ে না পড়তে পারে, সে ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছিলাম আমরা। আশার কথা, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। সার-সিন্ডিকেটের অশুভ তৎপরতা প্রতিরোধে সরকার কঠোরতা অবলম্বন করবে, দেশবাসীর প্রত্যাশাও সেটাই।