× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাগজে মুনাফা: আর্থিক খাতের অদৃশ্য ঝুঁকি

মো. বদরুল মিল্লাত ইবনে হান্নান

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৪:৩৫ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

বিশ্বের আর্থিক ব্যবস্থা আজ এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। শিল্পবিপ্লবের যুগে যে সনাতন অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান কাঠামোর জন্ম হয়েছিল, কাগজের খাতায় যা বন্দি ছিল তা আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ইকোসিস্টেম, ব্লকচেইন, ডিজিটাল পেমেন্ট এবং রিয়েল-টাইম বৈশ্বিক পুঁজিপ্রবাহের গোলকধাঁধায় প্রবেশ করেছে। এই নতুন বাস্তবতায় আর্থিক প্রতিবেদন বা ব্যালেন্স শিট মেলানো মানে কেবল লাভ-ক্ষতির খতিয়ান কষা নয়; এটি এখন হয়ে উঠেছে প্রাতিষ্ঠানিক আস্থা, তথ্যের শুদ্ধতা এবং যেকোনো আর্থিক ধাক্কা সামলানোর সক্ষমতার নিয়ামক।

বাংলাদেশ আজ এই রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মোহনায় দাঁড়িয়ে। গত দুই দশকে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে অভাবনীয় সাফল্য এসেছে। মোবাইল ব্যাংকিং বা এমএফএস, অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট কোটি মানুষের আর্থিক আচরণ বদলে দিয়েছে। কিন্তু এই ঝকঝকে অর্জনের আড়ালে আমাদের আর্থিক খাত এখনও কিছু কাঠামোগত চোরাবালিতে আটকে আছে। খেলাপি ঋণ, দুর্বল সুশাসন, ঝুঁকি চিহ্নিতকরণে বিলম্ব এবং অর্থনৈতিক বাস্তবতাকে আড়াল করে কৃত্রিমভাবে মুনাফা দেখানোর প্রবণতা আমাদের পুরো অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।

ব্যালেন্স শিটের রূপচর্চা বনাম ভেতরের আসল ক্ষত 

একটি দেশের অর্থনৈতিক স্তম্ভ সচল রাখতে আধুনিক হিসাববিজ্ঞান ও অর্থায়নের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্র কর আদায় ও বাজেটের জন্য এর ওপর নির্ভর করে, ব্যাংকগুলো ঋণ দেওয়ার আগে হিসাবের খাতা পরীক্ষা করে, আর বিনিয়োগকারীরা দেখেন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব।

আন্তর্জাতিক পরিমণ্ডলে আইএফআরএস বা ব্যাসেল (Basel III & IV) নিয়মনীতির মতো শক্তিশালী কাঠামো তৈরি হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। কিন্তু ইতিহাস সাক্ষী, কেবল নিয়মের অন্ধ অনুকরণ বা কাগজের ‘কমপ্লায়েন্স’ কোনো দেশের আর্থিক স্থিতিশীলতার গ্যারান্টি দিতে পারে না। ২০০৮ সালের লেম্যান ব্রাদার্স থেকে শুরু করে সাম্প্রতিক সিলিকন ভ্যালি ব্যাংকের পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, রোগাক্রান্ত শরীরকেও কাগজে-কলমে সুস্থ দেখানো সম্ভব।

সমস্যাটা নিয়মের নয়, সমস্যা প্রয়োগের। হিসাবের খাতা হয়তো শতভাগ নিয়ম মেনে তৈরি হলো, কিন্তু তা যদি ভেতরের তারল্য সংকট, অতিরিক্ত ঝুঁকি বা ঋণখেলাপির বাস্তব চিত্র আড়াল করে, তবে তা একধরনের ‘আইনি প্রতারণা’। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে এই সংকট আরও প্রকট। এখানে সম্পদের গুণের (Asset Quality) চেয়ে কৃত্রিম মুনাফাকে বড় করে দেখানো হয়। বারবার ঋণ পুনর্নির্ধারণ (Rescheduling) করে সাময়িকভাবে ব্যালেন্স শিট সুন্দর করা হলেও, ভেতরের ক্ষতটা কিন্তু থেকেই যায়।

এআই (AI) যুগে হিসাববিজ্ঞান ও অর্থায়ন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের চিন্তার চেয়েও দ্রুতগতিতে আর্থিক খাতকে বদলে দিচ্ছে। একসময় হিসাবরক্ষকের কাজ ছিল কেবল পেছনের লেনদেনের হিসাব রাখা। আর আজকের এআই স্বয়ংক্রিয়ভাবে কোটি কোটি লেনদেন বিশ্লেষণ করে জালিয়াতি ধরে ফেলছে, ঋণের ঝুঁকি আগেভাগেই পূর্বাভাস দিচ্ছে।

বাংলাদেশের জন্য এটি এক বিশাল আশীর্বাদ হতে পারে। এআই ব্যবহারের মাধ্যমে আমরা প্রান্তিক মানুষকে আর্থিক সেবায় আনতে পারি, জালিয়াতি কমাতে পারি এবং ঋণ দেওয়ার প্রক্রিয়া সহজ করতে পারি। তবে মুদ্রার এপিঠ-ওপিঠ আছে। ভুল বা পক্ষপাতদুষ্ট ডেটা যদি এআইকে দেওয়া হয়, তবে তার সিদ্ধান্তও হবে মারাত্মক ভুল। ডিজিটাল ব্যবস্থায় সাইবার ঝুঁকিও এখন অনেক বেশি। তাই ভবিষ্যতের হিসাববিদদের কেবল ‘খাতা-কলমের কেরানি’ হলে চলবে না, তাদের ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার ঝুঁকি বোঝার মতো প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

আর্থিক বিশ্লেষণের নতুন দৃষ্টিভঙ্গি

আমাদের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতে যেসব আর্থিক সূত্র (NPV বা IRR) পড়ানো হয়, সেগুলো তৈরি হয়েছিল একটি স্থিতিশীল অর্থনীতির কথা মাথায় রেখে। কিন্তু আজকের যুগ প্রযুক্তির ভাঙাগড়ার যুগ, জলবায়ু পরিবর্তনের যুগ, ভূ-রাজনৈতিক অস্থিরতার যুগ।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে আজ যে পণ্য বা সেবা লাভজনক, আগামীকাল তা বাজার থেকে হারিয়ে যেতে পারে। তাই প্রচলিত ওয়েটেড অ্যাভারেজ কস্ট অব ক্যাপিটাল (WACC) মডেল দিয়ে এখনকার সাইবার ঝুঁকি বা ডেটা সুশাসনের ঘাটতি পরিমাপ করা অসম্ভব। আর্থিক বিশ্লেষণকে এখন স্থবির বা ‘স্ট্যাটিক’ ধারণা থেকে বের করে এনে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক ঝুঁকি মূল্যায়নের উপযোগী করতে হবে।

অতিরিক্ত ‘ফাইন্যান্সিয়ালাইজেশন’ বা কাগজের অর্থের ঝুঁকি

আধুনিক অর্থনীতির অন্যতম বড় ব্যাধি হলো ক্ষণস্থায়ী মুনাফাকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আর্থিক চাতুর্য বা ‘ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং’ সাময়িকভাবে একটি প্রতিষ্ঠানকে শক্তিশালী দেখাতে পারে, কিন্তু তা আসলে ভেতরের ফাঁপা রূপকে ঢেকে রাখে মাত্র।

এআই-এর যুগে এই ঝুঁকি আরও তীব্র, কারণ একটি যান্ত্রিক ভুল মুহূর্তের মধ্যে পুরো আর্থিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে। তাই বাংলাদেশের উচিত হবে পশ্চিমা বিশ্বের জটিল ও কৃত্রিম আর্থিক কাঠামোর অন্ধ অনুকরণ না করে উৎপাদনশীল খাতÑ যেমন : শিল্প, কৃষি, এসএমই এবং উদ্ভাবনী খাতে অর্থায়নে জোর দেওয়া, যা প্রকৃত কর্মসংস্থান ও সম্পদ তৈরি করে।

অ্যাকাউন্টিং প্রফিট বনাম ফিন্যান্স প্রফিট: ব্যাংকিং খাতের এক মায়াজাল

আর্থিক খাতের সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয় ‘অ্যাকাউন্টিং প্রফিট’ (হিসাবগত মুনাফা) এবং ‘ফিন্যান্স প্রফিট’ (আর্থিক মুনাফা)-এর পার্থক্যে। অ্যাকাউন্টিং প্রফিট চলে নিয়মের বেড়াজালে, যেখানে বকেয়া আয়কেও লাভ হিসেবে দেখানো যায়। অন্যদিকে, ফিন্যান্স প্রফিট খোঁজে নগদ টাকার প্রবাহ (Cash Flow), প্রকৃত ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা। আমাদের ব্যাংকিং খাতে এই পার্থক্যটি জীবন-মরণ প্রশ্ন। একটি ব্যাংক কাগজে-কলমে শতকোটি টাকা মুনাফা দেখাতে পারে, কিন্তু বাস্তবে যদি তার অধিকাংশ ঋণই আদায় অযোগ্য হয়, তবে সেই মুনাফা আসলে এক অলীক মায়াজাল বা কাগজের ফুল।

বাংলাদেশে অনেক ব্যাংকের ক্ষেত্রে এই কৃত্রিম সুখের ছবি দেখা যায়। ঋণের সুদ খাতায় জমা দেখিয়ে মুনাফা বাড়ানো হচ্ছে, অথচ ব্যাংকের ভল্ট বা নগদ প্রবাহ শূন্য। আমাদের এই মায়াজাল থেকে বের হয়ে ঋণের গুণগত মান, সঠিক প্রভিশনিং এবং নগদ প্রবাহের স্বচ্ছতার দিকে নজর দিতে হবে।

নিয়মের ঊর্ধ্বে সুশাসন

আন্তর্জাতিক মানদণ্ড বা আইএফআরএস অবশ্যই জরুরি, কিন্তু তা সুশাসনের বিকল্প নয়। আন্তর্জাতিক নিয়মগুলো অনেক সময়ই ব্যবস্থাপনার নিজস্ব অনুমান ও ব্যাখ্যার ওপর নির্ভর করে। ব্যাসেল নিয়ম দিয়ে ব্যাংকের তদারকি করা যায়, কিন্তু ভেতরের পরিচালনা পর্ষদের দুর্নীতি বা সাইবার জালিয়াতি ঠেকানো যায় না।

বাংলাদেশের আর্থিক খাতের জন্য এখন শুধু কাগজের নিয়ম মানা (Compliance) যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন শক্তিশালী ও স্বাধীন তদারকি সংস্থা, ফরেনসিক অ্যাকাউন্টিং বা জালিয়াতি ধরার বিশেষ দক্ষতা এবং জবাবদিহিতার এক অনমনীয় সংস্কৃতি।

ইসলামী অর্থায়ন ও ডিজিটাল রূপান্তর

বিশ্বের ইসলামী ব্যাংকিং শিল্পে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সম্ভাবনাময়। ‘আওফি’ (AAOIFI)-এর মতো আন্তর্জাতিক মানদণ্ডগুলো শরিয়াহ-ভিত্তিক হিসাবায়নে সাহায্য করছে। তবে ইসলামী অর্থায়নের সামনেও এখন বড় চ্যালেঞ্জÑ বিশ্বের মূলধারার আর্থিক নিয়মের সঙ্গে এর সমন্বয় সাধন এবং প্রযুক্তির সঙ্গে খাপখাইয়ে নেওয়া।

ভবিষ্যতে ইসলামী ব্যাংকিং কেবল ধর্মীয় অনুভূতির ওপর ভর করে টিকতে পারবে না; এর জন্য প্রয়োজন স্বচ্ছতা, সুশাসন এবং ডিজিটাল ফিনটেক ও ব্লকচেইনের মেলবন্ধন। বাংলাদেশ যদি এই খাতে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে, তবে আমরা বৈশ্বিক ইসলামী অর্থায়নের নেতৃত্ব দিতে পারি।

ডেটা গভর্ন্যান্স: অর্থের নতুন ভিত্তি

আধুনিক অর্থব্যবস্থার মূল জ্বালানি হলো ‘ডেটা’ বা তথ্য। ‘আইএসও ২০০২২’-এর মতো বৈশ্বিক মানদণ্ড আর্থিক বার্তা আদান-প্রদানকে আমূল বদলে দিচ্ছে, যা মানি লন্ডারিং বা অর্থ পাচার রোধে এবং রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে অত্যন্ত কার্যকর। কিন্তু প্রযুক্তির আধুনিকায়ন তখনই কাজে আসবে যখন তথ্যের শাসন বা ডেটা গভর্ন্যান্স শক্তিশালী হবে। ভুল তথ্য দিয়ে তৈরি স্বয়ংক্রিয় ব্যবস্থা পুরো আর্থিক খাতকে এক সেকেন্ডে ধসিয়ে দিতে পারে। তাই আগামী দিনে ডেটার শুদ্ধতাই হবে আর্থিক স্থিতিশীলতার সবচেয়ে বড় চাবিকাঠি।

আর্থিক প্রতিবেদন থেকে আর্থিক বুদ্ধিমত্তা

হিসাবের খাতা লেখার দিন শেষ, এখন সময় আর্থিক বুদ্ধিমত্তার (Financial Intelligence)। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সম্পদ এবং রিয়েল-টাইম ডেটার এই যুগে বাংলাদেশের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে প্রচলিত ও সেকেলে আর্থিক কাঠামো ভেঙে ফেলার। আমাদের এমন এক আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা প্রযুক্তিগতভাবে চৌকস, সুশাসনে দৃঢ় এবং সাইবার ঝুঁকিমুক্ত। মনে রাখতে হবে, এই নতুন যুগে দিনশেষে সেই প্রতিষ্ঠানই টিকে থাকবে, যার ওপর মানুষের আস্থা আছে; কারণ প্রযুক্তির এই যুগে ‘আস্থাই’ হলো সবচেয়ে বড় আর্থিক সম্পদ।


লেখক: ব্যাংকার এবং ভূ-রাজনৈতিক অর্থনীতি, ব্রিকস বিশেষজ্ঞ 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা