মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৪:১৭ পিএম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ জীবন মানবজাতির জন্য এক অতুলনীয় আদর্শ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর প্রতিটি পদচারণা সততা, ন্যায়বিচার, দয়া ও মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে, যা সমগ্র বিশ্ববাসীর জন্য চিরকালীন পথপ্রদর্শক। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তা’আলা ঘোষণা করেছেন, ‘তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ -সূরা আল-আহযাব : ২১।
জন্ম থেকে নবুওয়াত : প্রস্তুতির এক অনন্য অধ্যায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার সম্মানিত কুরাইশ বংশের বনু হাশিম পরিবারে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তবে জন্মতারিখ নিয়ে মতানৈক্য পাওয়া যায়। যেমন, ইবনে খালদুনের মতে ১২ই রবিউল আউয়াল (সিরাতু সাইয়েদুল আম্বিয়া, পৃষ্ঠা ১১৭); আবার অনেকের মতে, তিনি ৯ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেনÑ এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। তবে তারিখের ক্ষেত্রে ৮, ৯ অথবা ১২Ñ এগুলো নিয়ে মতপার্থক্য রয়েছে।
পিতা আবদুল্লাহ তাঁর জন্মের আগেই ইন্তেকাল করেন এবং অল্প বয়সেই তিনি মা আমিনা ও পরে দাদা আবদুল মুত্তালিবকে হারান। এরপর চাচা আবু তালিব তাঁর লালন-পালনের দায়িত্ব নেন। শৈশবের এত প্রতিকূলতা তাঁকে ভেঙে দেয়নি; বরং ভবিষ্যতের মহান দায়িত্ব পালনের জন্য তাঁর ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তোলে। তাঁর সততা ও আমানতদারির কারণে মক্কার মানুষ তাঁকে আস-সাদিক (সত্যবাদী) ও আল-আমিন (বিশ্বস্ত) বলে অভিহিত করত। তাঁর জীবনের প্রাথমিক ঘটনাবলি প্রাচীন সীরাতগ্রন্থে সংরক্ষিত হয়েছে। বিশেষভাবে ইবন ইসহাকের সীরাত, যা পরবর্তীতে ইবন হিশাম সম্পাদনা করেন, সীরাতের অন্যতম প্রধান প্রাচীন উৎস।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বেশি বেশি ইবাদত করতে থাকেন। এ সময় তিনি হেরা গুহায় একটানা দুই-তিন দিন অবস্থান করতেন। একদিন ইবাদতের সময় ফেরেশতা জিবরীল (আ.) তাঁর কাছে আল্লাহ তা’আলার প্রেরিত ওহি নিয়ে আসেন। চল্লিশ বছর বয়সে হেরা গুহায় প্রথম ওহি অবতীর্ণ হয়Ñ ‘ইকরা’, অর্থাৎ ‘পড়ো’। এখান থেকেই শুরু হয় নবুওয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে শিরক ও কুসংস্কার থেকে তাওহীদের দিকে, জুলুম থেকে ন্যায়ের দিকে এবং অজ্ঞতা থেকে জ্ঞান ও হিদায়াতের দিকে আহ্বান করেন। তাঁর দাওয়াত কোনো জাতি বা ভূখণ্ডের জন্য সীমাবদ্ধ নয়। আল্লাহ তা’আলা বলেন, ‘আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।’-সূরা আল-আম্বিয়া : ১০৭।
নির্যাতনের মাঝেও অটুট আদর্শ
মক্কার বিরোধীরা তাঁকে ও তাঁর সাহাবিদের ওপর কঠিন নির্যাতন চালিয়েছে। কিন্তু প্রতিশোধপরায়ণতা তাঁর চরিত্রকে গ্রাস করতে পারেনি। তিনি ধৈর্য, প্রজ্ঞা ও আল্লাহ তা’আলার ওপর পূর্ণ তাওয়াক্কুলের মাধ্যমে দাওয়াতের কাজ চালিয়ে যান। তায়েফের কঠিন অভিজ্ঞতাও তাঁর অনুপম চরিত্রকে ম্লান করতে পারেনি।
মক্কায় দীর্ঘ ১৩ বছর চরম নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে এক আল্লাহ তা’আলার ইবাদতের দিকে মানুষকে আহ্বান জানান। এ কারণেই আল-কুরআন তাঁর চরিত্র সম্পর্কে ঘোষণা করেছে : ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’= সূরা আল-কলম : ৪।
হিজরত : সংকট থেকে সভ্যতা নির্মাণ
মক্কার নির্যাতন যখন চরমে পৌঁছে, তখন আল্লাহ তা’আলার নির্দেশে তিনি মদিনায় ঐতিহাসিক হিজরত করেন। মদিনায় তিনি শুধু একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেননি; বরং ঈমান, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, পারস্পরিক দায়িত্ব ও সামাজিক শৃঙ্খলার ভিত্তিতে বিশ্বের প্রথম ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেন। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা তাঁর সামাজিক নেতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত। বদর, উহুদ ও খন্দকের মতো কঠিন যুদ্ধগুলোতে নেতৃত্ব দিয়েও তিনি শান্তির পক্ষে আপসহীন ভূমিকা পালন করেন।
ক্ষমতার শিখরে ক্ষমার শিক্ষা
মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইলে বহু বছরের নির্যাতনের প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তাঁর বিজয় প্রতিহিংসার বিজয় ছিল না; ছিল ক্ষমা ও মানবতার বিজয়। শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি ক্ষমার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। এই ঘটনাই শিক্ষা দেয়Ñ সত্যিকারের শক্তি শুধু প্রতিপক্ষকে পরাজিত করার মধ্যে নয়; বরং ক্ষমা করার সামর্থ্যের মধ্যেও রয়েছে।
পরিবার ও সমাজে তিনি ছিলেন আদর্শ
তিনি ছিলেন কোমল হৃদয়ের স্বামী, স্নেহশীল পিতা ও দয়ালু নানা। শিশুদের প্রতি ভালোবাসা, নারীদের প্রতি সদাচরণ, প্রতিবেশীর অধিকার, দরিদ্রের প্রতি সহমর্মিতা এবং দুর্বলদের প্রতি দয়াÑ সবকিছুকেই তিনি ঈমানের সঙ্গে যুক্ত করেছেন। তাঁর জীবন প্রমাণ করে, ইবাদত শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণও দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ।
বিদায়ের আগে মানবতার অমর বার্তা
জীবনের শেষ পর্যায়ে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি লক্ষাধিক সাহাবিকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক বিদায় হজ সম্পন্ন করেন। বিদায় হজের ভাষণে তিনি মানবসমতার ঘোষণা দেন এবং কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার ওসিয়ত করেন। তিনি মানুষের জীবন, সম্পদ ও সম্মান-মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেন; জাহেলি যুগের অন্যায় ও রক্তের প্রতিশোধের প্রথা বিলুপ্ত ঘোষণা করেন এবং আমানত ও দায়িত্ব পালনের শিক্ষা দেন।
এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনও পথহারা হবে না; আর তা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ।’
ভাষণের শেষ পর্যায়ে তিনি সাহাবিদের উদ্দেশে বলেন, ‘আমার সম্পর্কে যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, তখন তোমরা কী উত্তর দেবে?’ সাহাবিগণ (রা.) বললেন, ‘আমরা সাক্ষ্য প্রদান করছি যে, আপনার ওপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন।’
সাহাবিগণের (রা.) মুখ থেকে এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর শাহাদাতের আঙুলটি আকাশের দিকে উত্তোলন করলেন এবং মানুষের দিকে তা নুইয়ে দিয়ে তিনবার বললেন- ‘হে আল্লাহ! সাক্ষী থাকো, হে আল্লাহ! সাক্ষী থাকো, হে আল্লাহ! সাক্ষী থাকো।’
যখন তিনি ভাষণ থেকে ফারেগ হলেন, তখন আল্লাহ তা’আলা এই আয়াত অবতীর্ণ করলেনÑ ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে কবুল করে নিলাম।’
তাঁর জীবনের মূল বার্তা ছিলÑ আল্লাহ তা’আলার একত্ববাদ, মানুষের অধিকার, ন্যায়বিচার ও তাকওয়া।
পরিশেষে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা মুমিন হওয়ার অন্যতম শর্ত। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া কেউ পূর্ণ মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তানাদি এবং সব মানুষ থেকে বেশি প্রিয় না হব।’ - সহিহ বুখারি।
আমাদের করণীয় : সীরাতকে পাঠ্য নয়, পথ্য বানানো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়ার উদ্দেশ্য শুধু আবেগ সৃষ্টি করা নয়; বরং জীবন পরিবর্তন করা। তাঁর সীরাত থেকে আমাদের শিখতে হবেÑ সত্যবাদিতা ব্যবসায়, আমানতদারি দায়িত্বে, কোমলতা পরিবারে, ন্যায়বিচার সিদ্ধান্তে, ধৈর্য বিপদে, ক্ষমা প্রতিশোধের সুযোগে এবং আল্লাহভীতি একান্ত জীবনে।
আল্লাহ তা’আলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার সৌভাগ্য নসিব করুন। আমিন।
লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া