× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সম্পাদকীয়

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৪:০৮ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

আজ হিজরি সনের ১২ রবিউল আউয়াল। অধিকাংশ ঐতিহাসিকের মতে, মহানবী  হজরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের এদিনে সুবহে সাদিকের সময় তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ৬৩২ খ্রিস্টাব্দের একই তারিখে। মাত্র ৬৩ বছর বয়স হয়েছিল তাঁর। এই সংক্ষিপ্ত জীবনে তিনি সমগ্র পৃথিবীকে দিয়ে গেছেন নতুন বার্তা, সেই বার্তা শান্তি, সাম্য ও সৌভ্রাতৃত্বের। পৌত্তলিকতাকে পরিহার করে মহান স্রষ্টা এক আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস এবং তার উপাসনার জন্য আহ্বান জানিয়েছেন সব মানুষকে। বিশ্বশান্তির এই মহান বর্তাবাহকের জন্ম ও মৃত্যুর দিনটি মুসলিম বিশ্বে পবিত্রতম দিবস হিসেবে সমাদৃত। প্রতিবছর যথাযোগ্য ভাবমর্যাদা সহকারে দিবসটি পালিত হয়। বাংলাদেশেও দিবসটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সরকারি ছুটির দিন।

পিতৃহীন হয়েই এ পৃথিবীতে এসেছিলেন  হজরত মুহাম্মদ (সা.)। তিনি তাঁর মা আমেনার গর্ভে থাকা অবস্থায় পিতা আবদুল্লাহ মারা যান। সে সময় কেউই হয়তো আন্দাজ করতে পারেনি, এই এতিম শিশু একদিন গোটা পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দেবেন, মানুষকে দেখাবেন মুক্তির পথ। ওই সময়ে মক্কার প্রচলিত প্রথা অনুযায়ী নবীজির লালন-পালনের দায়িত্ব নিয়েছিলেন হালিমা নামে এক মহিলা; যাঁকে ইসলামের ইতিহাসে নবী মুহাম্মদ (সা.)-এর দুধ-মা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা মুহাম্মদ একসময় চাকরি নিয়েছিলেন তৎকালীন মক্কার ধনাঢ্য নারী হজরত খাদিজা (রা.)-এর ব্যবসা প্রতিষ্ঠানে। তাঁর সততা ও বিশ্বস্ততায় মুগ্ধ হজরত খাদিজা একসময় তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাঁরা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। 

এ সময়ে মুহাম্মদ (সা.) স্রষ্টার স্বরূপ সন্ধানে আগ্রহী হয়ে ওঠেন। তখন মক্কা নগরী তথা আরব দেশ ছিল অনাচারের লীলাভূমি। নীতি-নৈতিকতার বালাই ছিল না। পাশবিকতা ও নির্মমতা এতটাই প্রকট রূপ ধারণ করেছিল যে, কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে তাকে জ্যান্ত কবর দেওয়া হতো। হত্যা, লুটতরাজ, একে অপরের সম্পদ-সম্পত্তি অপহরণ-দখল ইত্যাদি সব অনৈতিক কাজ চলত বিনা বাধায়। ‘জোর যার মুল্লুক তার’ ছিল সমাজের রীতি। এক আল্লাহর পরিবর্তে মক্কার মানুষেরা শত মূর্তির পূজা করত। পবিত্র কাবা ঘরে ৩৬০টি মূর্তি ছিল। ওই যুগটাকে ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে ‘আইয়্যামে জাহেলিয়াত’ অর্থাৎ ‘অন্ধকারের যুগ’ হিসেবে। 

এমনি অন্ধকার সময়ে হজরত মুহাম্মদ (সা.) মানুষকে দেখান আলোর পথ। স্রষ্টার স্বরূপ সন্ধান ও মানুষের মুক্তির পথ অনুসন্ধানে মক্কার নিকটবর্তী হেরা পর্বতের গুহায় ধ্যান করতে থাকেন তিনি। সমাজ থেকে সব অনাচার-অবিচার দূর করে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, চিন্তাশীল মুহাম্মদ (সা.) স্রষ্টার কাছে সে পথের দিশার প্রার্থনা করছিলেন। নিয়মিত ধ্যানের এক পর্যায়ে এক রাতে গায়েবি আওয়াজ শুনতে পান তিনি। আল্লাহর দূত হজরত জিব্রাইল (আ.) তাঁকে সে ঐশীবাণী শোনান। এভাবেই তাঁর ওপর মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার দায়িত্ব অর্পিত হয়। তিনি নবুয়তপ্রাপ্ত হন। তখন তাঁর বয়স চল্লিশ বছর। যে বাণী তিনি হেরা পর্বতের গুহায় প্রাপ্ত হন, মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে শুরু করেন। আর তখনই মক্কার কায়েমি স্বার্থবাদীরা তাঁর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহাম্মদ (সা.)-এর শান্তির বার্তা প্রচারিত হলে, তাঁর প্রবর্তিত ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলে মানুষ জেগে উঠবে, সমাজে অনাচার-ব্যভিচারে লিপ্তদের রাজত্ব শেষ হয়ে যাবে, এই আশঙ্কায় মক্কার সমাজপতিরা নবী মুহাম্মদের (সা.) বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। এমনকি তাকে প্রাণে মেরে ফেলারও নীলনকশা আঁটে। এমনই এক বিভীষিকাময় পরিস্থিতিতে হজরত মুহাম্মদ (সা.) মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। পরবর্তী সময়ে সেখানে থেকেই একদিকে প্রচার এবং অন্যদিকে অনেক যুদ্ধবিগ্রহ সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে ইসলাম ধর্মকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিতে থাকেন। এক পর্যায়ে তিনি তার প্রিয় মাতৃভূমি মক্কা জয় করে ফিরে আসেন সগৌরবে।

ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর পুরো জীবনই ছিল সত্য, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠার সংগ্রামমুখর। তাঁর জীবন আমাদের জন্য শিক্ষণীয়। আজ আমাদের সমাজে অনাচার-অবিচারের যে প্রাদুর্ভাব ঘটেছে তার মূলে রয়েছে ধর্মীয় অনুশাসন থেকে মানুষের বিচ্যুতি। সব ধর্মের মূল শিক্ষা, শান্তি ও মানবকল্যাণ। ইসলামে তা মানুষের জন্য অবশ্য পালনীয় হিসেবে বর্ণনা করা হয়েছে। সমাজে আজ যে বিশৃঙ্খলা, অনাচার, পরার্থ অপহরণ প্রতিযোগিতা, ঘুষ-দুর্নীতির ব্যাপক প্রসার, হত্যা, ধর্ষণের মতো জঘন্য অপরাধের রাজত্ব কায়েম হয়েছে, নবী  হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের পরিপূর্ণ বাস্তবায়নের মাধমেই তা দূরীভূত করা সম্ভব। তাই শুধু মুখে নয়, মহানবীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদেরকে ব্রতী হতে হবে সমাজে শান্তি প্রতিষ্ঠায়। বলাই বাহুল্য, পবিত্র ধর্ম ইসলামের মর্মবাণীও সেটাই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা