× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা আলমগীরের নতুন ইনিংস

আমিরুল ইসলাম কাগজী

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম

 আমিরুল ইসলাম কাগজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আমিরুল ইসলাম কাগজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ আছেন, যাদের পরিচয় কেবল একটি দলের নেতা হিসেবে সীমাবদ্ধ থাকে না। দীর্ঘ রাজনৈতিক পথচলা, সৌজন্যবোধ, বক্তব্যের পরিমিতি, প্রতিকূল সময়ে ধৈর্য এবং রাজনৈতিক সহনশীলতা তাদের একটি আলাদা অবস্থান তৈরি করে দেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেমনই একজন রাজনীতিবিদ। ছাত্ররাজনীতি থেকে শুরু করে শিক্ষকতা, প্রশাসনিক দায়িত্ব, তৃণমূলের রাজনীতি, সংসদ, মন্ত্রিত্ব, বিএনপির নেতৃত্ব এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদÑ ছয় দশকের দীর্ঘ পথচলা। গত ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ নেওয়ার মধ্য দিয়ে সেই দীর্ঘ যাত্রার একটি ঐতিহাসিক পরিণতি ঘটেছে। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুরু হয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন ইনিংস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন এবং সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল ইউনিটের সাধারণ সম্পাদক হন। পরবর্তী সময়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উত্তাল পর্বে তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতির দায়িত্বে আসেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে মির্জা আলমগীরও তাতে যুক্ত হন। স্বাধীনতার পর বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। অর্থনীতির একজন শিক্ষক হিসেবে তার জীবন হয়তো অন্যভাবেও এগোতে পারত। বিশ্ববিদ্যালয়-কলেজের শ্রেণিকক্ষ, অর্থনীতির তত্ত্ব, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাÑ এসব নিয়েই হয়তো তার পেশাগত জীবন সীমাবদ্ধ থাকতে পারত। কিন্তু ইতিহাস তাকে অন্য পথে নিয়ে যায়। এখানে একটি কথা বলে রাখা দরকার; বিশ্ববিদ্যালয় চত্বরে যে নেতার হাত ধরে মির্জা আলমগীরের রাজনীতি শুরু সেই মাহবুব উল্লাহ বেছে নিলেন অধ্যাপনার পেশা। আজ তিনি জাতীয় অধ্যাপক । অর্থাৎ ড. মাহবুব উল্লাহ তার পেশার সর্বোচ্চ মর্যাদা নিয়ে আছেন। 

শিক্ষকতার পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি করলেন। ১৯৭৯ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর এটির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন। সামরিক স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপিতে তার আনুষ্ঠানিক যোগদান। ১৯৮৬ সালে বিএনপিতে যোগদান তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বাঁক। সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ এবং ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ। বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি তৃণমূল রাজনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  এ পর্যায়ে তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত হয় রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা।

২০০৯ সালের বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব নিযুক্ত হন। ২০১১ সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালের মার্চে তিনি বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হন। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মহাসচিবের সময়টি ছিল বিএনপির জন্য অত্যন্ত কঠিন এক রাজনৈতিক পর্ব। মামলা, গ্রেপ্তার, আন্দোলন, নির্বাচন বর্জন, রাজনৈতিক সংঘাত এবং সাংগঠনিক সংকটÑ সবকিছুর মধ্যেই তাকে দলের মুখপাত্র ও সংগঠক হিসেবে সামনে থাকতে হয়েছে। দলীয় কর্মীদের মনোবল ধরে রাখা, রাজনৈতিক বক্তব্য দেওয়া, রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিদেশি কূটনীতিকদের সামনে দলের অবস্থান তুলে ধরার দুরূহ দায়িত্ব পালন করতে হয়েছে মির্জা আলমগীরকে। এই সময়ে তার ভাষার সংযম ও পরিমিতিবোধ তাকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে। দলের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সর্বত্র। 

কিন্তু রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে একটি মৌলিক পরিবর্তন এসেছে। একজন দলীয় মহাসচিব হিসেবে তিনি দেশের নানা প্রান্তে যেতে পারতেন। দলীয় কার্যালয়, রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন, নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, বন্ধুদের সঙ্গে রাজনৈতিক আড্ডাÑ সবকিছুই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। রাষ্ট্রপতি হওয়ার পর সেই স্বাধীনতার বড় একটি অংশ স্বাভাবিকভাবেই সীমিত হয়ে পড়েবে। এ পরিবর্তন একজন সার্বক্ষণিক রাজনৈতিক নেতার জন্য বড় ধাক্কা। যে মানুষটি এতদিন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছেন, এখন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে মানুষের বৃহত্তর স্বার্থের অভিভাবকসুলভ অবস্থান গ্রহণ করতে হবে। মির্জা আলমগীরের জন্য বঙ্গভবনে প্রবেশ তাই কেবল একটি নতুন অফিসে প্রবেশ নয়। এটি তার রাজনৈতিক পরিচয়ের একটি নতুন অধ্যায়।

রাষ্ট্রপতি হিসেবে তার সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ থাকবে। প্রথমত, রাষ্ট্রপতির সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখা। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও সংলাপের পরিবেশ তৈরিতে নিজের সাংবিধানিক মর্যাদা ব্যবহার করা। তৃতীয়ত, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে সম্মান করা। চতুর্থত, তার দীর্ঘ রাজনৈতিক পরিচয়ের কারণে যে প্রত্যাশা ও সংশয়Ñ দুই-ই তৈরি হবে, তা সামলানো। আর পঞ্চমত, সাধারণ মানুষের কাছে রাষ্ট্রপতি পদকে কেবল আনুষ্ঠানিক পদ হিসেবে নয়, রাষ্ট্রের ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা।

যে মানুষটি একসময় তরুণ ছাত্র হিসেবে সহযোদ্ধাদের সঙ্গে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেন, যে মানুষটি রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক বিতর্কে অংশ নিতেন, দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে যেতেনÑ আজ তার চারপাশে রাষ্ট্রীয় প্রটোকলের দেয়াল। আগের মতো হঠাৎ কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসা হয়তো সম্ভব হবে না। হয়তো কোনো রাজনৈতিক আড্ডায় গিয়ে চায়ের কাপ হাতে দীর্ঘ সময় বসে থাকা আর সম্ভব হবে না। পুরনো সহকর্মীর ফোন এলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়াও সম্ভব না।

কিন্তু এই পরিবর্তনের মধ্যেই একটি গভীর তাৎপর্য আছে। ব্যক্তিগত স্বাধীনতার কিছু অংশ বিসর্জন দিয়ে তিনি এখন রাষ্ট্রীয় দায়িত্বের বৃহত্তর পরিসরে প্রবেশ করেছেন। আগে তিনি মানুষের সঙ্গে কথা বলতেন একজন রাজনীতিক হিসেবে। এখন তাকে কথা বলতে হবে রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আগে তিনি দলের মানুষের প্রশ্নের উত্তর দিতেন। এখন তার দায়িত্ব রাষ্ট্রের সব মানুষের প্রতি। আগে তার রাজনৈতিক অবস্থানের সমালোচনা করা হতো। এখন তার প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য বিচার করা হবে সাংবিধানিক দায়িত্বের আলোকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন তাই কেবল একজন রাজনীতিকের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনেরও একটি দীর্ঘ কাহিনি।

এখন তার সামনে আর কোনো দলীয় মঞ্চ নেইÑ আছে রাষ্ট্রের মঞ্চ। বঙ্গভবনের সুশীতল ছায়ায় বসে তাই হয়তো কোনো কোনো বিকালে তার মনে পড়বে পুরনো সেই দিনগুলোর কথাÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর, অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষ, রাজনৈতিক বন্ধুদের আড্ডা, উত্তাল রাজপথ এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম।

ইতিহাস কাউকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেয় না। যে মির্জা আলমগীর একদিন রাজনীতির মাঠে মানুষের সঙ্গে হাঁটতেন, আজ তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে সেই মানুষের অধিকার, মর্যাদা ও রাষ্ট্রীয় ঐক্যের বৃহত্তর প্রতীক হয়ে উঠতে হবে। রাজপথের সেই সজ্জন রাজনীতিকের সামনে এখন তাই সবচেয়ে বড় দায়িত্বÑ নিজের রাজনৈতিক অতীতকে সম্মান করে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে ওঠা।

বঙ্গভবনের দরজা তার জন্য খুলেছে। এখন ইতিহাস অপেক্ষা করছে—তিনি সেই দরজা বাংলাদেশের গণতন্ত্র, সহনশীলতা ও রাষ্ট্রীয় ঐক্যের জন্য কতটা অবারিত করতে পারেন। রাজনীতির উত্তাল তরঙ্গে দাপিয়ে বেড়ানো বিএনপির দুর্দিনের কান্ডারি, নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। 


লেখক: সিনিয়র সাংবাদিক


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা