× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের ছয় মাস: একটি পর্যালোচনা

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম

মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

যেকোনো নতুন সরকারের প্রথম ছয় মাস সাধারণত প্রত্যাশা, আস্থা ও সম্ভাবনার সময়। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে এই সময়টি শুধু রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের সময় নয়, এটি ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথ নির্ধারণেরও গুরুত্বপূর্ণ পর্ব। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরিয়ে আনা।

এটা মানতে হবে, বাংলাদেশের বর্তমান ‘অর্থনীতির চিত্র’ খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রবৃদ্ধি মন্থর, মূল্যস্ফীতি এখনও মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করছে। বেসরকারি বিনিয়োগ দুর্বল এবং ব্যাংকিং খাত গভীর সমস্যায় আক্রান্ত। এমন এক বাস্তবতায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বিশ্বব্যাংকের এপ্রিল ২০২৬-এর মূল্যায়নে জাতীয় বাজেট ২৬-এর প্রবৃদ্ধি ৩.৯ শতাংশে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অনুপাত ২০২৫ সালের ডিসেম্বরেই ৩০.৬ শতাংশে পৌঁছেছিল। অন্যদিকে ২০২৬-২৭ জাতীয় বাজেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান গতির চেয়ে অনেক বেশি বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রশ্ন হলো, এই পরিবর্তন ঘটবে কীভাবে?

অর্থনীতির প্রাণ হচ্ছে বিনিয়োগ। নতুন কারখানা, নতুন ব্যবসা, প্রযুক্তি, অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু বিনিয়োগকারীরা যখন নীতি পরিবর্তনের আশঙ্কা করেন, ব্যাংকঋণ পাওয়া কঠিন হয়, জমি ও বিদ্যুৎ পেতে দীর্ঘ সময় লাগে এবং অনুমোদনের জন্য একাধিক দপ্তরে ঘুরতে হয় তখন তারা বিনিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে দেন। এক্ষেত্রে সরকারের প্রথম কাজ হওয়া উচিত ‘ইনভেস্টমেন্ট কনফিডেন্স প্রোগ্রাম’ চালু করা। আগামী পাঁচ বছরে অর্থাৎ সরকারের বাকি মেয়াদে করনীতি, শিল্পনীতি, আমদানি নীতি, বিদ্যুৎ-গ্যাসের মূল্যনীতি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় আকস্মিক পরিবর্তন না করার বিষয়ে একটি নীতিগত নিশ্চয়তা দেওয়া যেতে পারে। বিনিয়োগের জন্য আলাদা ‘ফাস্ট ট্র্যাক’ ব্যবস্থা চালু করা দরকার। একটি নির্দিষ্ট বিনিয়োগ অঙ্কের ওপরে প্রকল্পের জন্য জমি, পরিবেশ ছাড়পত্র, বিদ্যুৎ, গ্যাস, কর ও অন্যান্য অনুমোদন এক প্লাটফর্মে এনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিনিয়োগকারীকে দপ্তর থেকে দপ্তরে দৌড়াতে হলে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ শুধু কাগজে থাকবে, বাস্তবে নয়। সরকারের আরও একটি কাজ হলো ছোট ও মাঝারি উদ্যোক্তাদের দিকে নজর দেওয়া। বড় শিল্পের পাশাপাশি এসএমই খাতেই অধিক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। তাই জামানতনির্ভর ঋণের বদলে ক্যাশ-ফ্লো ও ব্যবসার ইতিহাসভিত্তিক ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

অর্থনীতিতে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি এখন ব্যাংক খাত। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, দুর্বল করপোরেট গভর্ন্যান্স, ঋণখেলাপি সংস্কৃতি এবং পর্যাপ্ত নজরদারির অভাব ব্যাংকিং খাতকে দুর্বল করেছে। আইএমএফ বলেছে, ব্যাংক খাত পরিষ্কার করা এবং দুর্বল ব্যাংক পুনর্গঠন করা এখন জরুরি; একই সঙ্গে ব্যাংক খাতের দুর্বলতা অর্থনৈতিক স্থিতিশীলতার বড় ঝুঁকি হয়ে আছে। এখানে সরকারের সবচেয়ে বড় ভুল হবেÑ সমস্যাগ্রস্ত ব্যাংককে শুধু টাকা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা। আমানতকারীর স্বার্থ রক্ষা করতে হবে কিন্তু মালিক বা অনিয়মকারীদের দায়মুক্তি দেওয়া যাবে না। প্রথমে প্রতিটি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা নিরপেক্ষভাবে নির্ধারণ করতে হবে। কোন ব্যাংক টিকে থাকার মতো অবস্থায় আছে, কোনটি একীভূত করা প্রয়োজন এবং কোনটির অবসান দরকারÑ তার স্পষ্ট শ্রেণিবিন্যাস করতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় যোগ্যতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। বড় ঋণগ্রহীতাদের প্রকৃত মালিকানা ও ঋণের ব্যবহার প্রকাশের ব্যবস্থা করতে হবে। খেলাপি ঋণ আদায়ে বিশেষায়িত ব্যবস্থা গড়ে তুলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোÑ ব্যাংক সংস্কারের খরচ শেষ পর্যন্ত যেন সাধারণ করদাতা বহন না করেন। যারা ব্যাংক থেকে অর্থ বের করে নিয়েছেন, তাদের সম্পদ শনাক্ত, আইনি প্রক্রিয়ায় জব্দ এবং সম্ভব হলে অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্পদ হতে পারে, আবার সবচেয়ে বড় হতাশার কারণও হতে পারে। শিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত চাকরি না থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজে পৌঁছাবে না। তাই সরকারের অর্থনৈতিক নীতির কেন্দ্রবিন্দুতে ‘জব ক্রিয়েশন’ রাখতে হবে। আগামী দুই বছরে কত নতুন কর্মসংস্থান সৃষ্টি হবেÑ প্রতিটি বড় অর্থনৈতিক কর্মসূচির সঙ্গে তার পরিমাপযোগ্য লক্ষ্য থাকা উচিত। শুধু সরকারি চাকরি দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। রপ্তানিমুখী শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস, পর্যটন, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে দ্রুত সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে রপ্তানি বহুমুখীকরণ জরুরি। পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান শক্তি হলেও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য চামড়া, ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইসিটি সেবায় বিনিয়োগ বাড়াতে হবে। আইএমএফও যুব কর্মসংস্থান বাড়াতে রপ্তানি বহুমুখীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে।

সরকারের সামনে আরেকটি বড় সমস্যা রাজস্ব। ২০২৬-২৭ জাতীয় বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬.৯৫ লাখ কোটি টাকা এবং বাজেট ঘাটতি প্রায় ২.৪৩ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে সরকারের সামনে সহজ কিন্তু ভুল পথ হলোÑ বিদ্যমান করদাতাদের ওপর আরও করের চাপ বাড়ানো। এতে বিনিয়োগ ও ব্যবসার খরচ বাড়তে পারে। তাই সঠিক পথ হলো করের আওতা বাড়ানো। বাংলাদেশে বিপুলসংখ্যক অর্থনৈতিক কর্মকাণ্ড এখনও যথাযথভাবে করব্যবস্থার আওতায় নেই। তাই কর প্রশাসনকে ডিজিটাল করতে হবে এবং আয়, সম্পদ, ব্যবসা ও লেনদেনের তথ্য সমন্বিত করতে হবে। একই সঙ্গে করদাতার সঙ্গে হয়রানিমুক্ত সম্পর্ক গড়ে তুলতে হবে। আসলে ‘কর দিলে ঝামেলা বাড়বে’Ñ মানুষের এই ধারণা বদলাতে না পারলে কর সংস্কার সফল হবে না।

রাজস্ব বৃদ্ধির আরেকটি উপায় হচ্ছে সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানো। যেসব প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক রিটার্ন কম, সেগুলো পুনর্মূল্যায়ন করা উচিত। বিলাসী ও অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও উৎপাদনশীল খাতে অর্থ বরাদ্দ বাড়াতে হবে।

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়া হলে একটি বড় ঝুঁকি তৈরি হয় বেসরকারি খাতের জন্য ঋণের জায়গা কমে যেতে পারে। ২০২৬-২৭ জাতীয় বাজেটে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের উল্লেখযোগ্য ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে; অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এটি বেসরকারি খাতের ঋণপ্রবাহকে সংকুচিত করতে পারে। তাই সরকারকে একটি পরিষ্কার নীতি নিতে হবে : ব্যাংকের অর্থ যতটা সম্ভব উৎপাদনশীল বেসরকারি বিনিয়োগে যাবে। সরকারি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে কর রাজস্ব, বৈদেশিক অর্থায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে অর্থায়নের সুযোগ বাড়াতে হবে।

সরকার চাইলে আগামী ছয় মাসকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম পর্যায় হিসেবে ঘোষণা করতে পারে। এর জন্য খুব বড় কোনো স্লোগানের প্রয়োজন নেই; দরকার বাস্তবায়নযোগ্য কয়েকটি সিদ্ধান্ত। যেমনÑ

১. বিনিয়োগ অনুমোদনের সময়সীমা বেঁধে দেওয়া, ২. ব্যাংকগুলোর সম্পদের স্বাধীন মূল্যায়ন, ৩. দুর্বল ব্যাংকের পুনর্গঠন ও একীভূতকরণের রোডম্যাপ, ৪. খেলাপি ঋণ আদায়ে বিশেষ ব্যবস্থা, ৫. এসএমই ঋণের জন্য নতুন ক্রেডিট-গ্যারান্টি ব্যবস্থা, ৬. কর প্রশাসনের পূর্ণ ডিজিটাল রূপান্তর, ৭. বড় সরকারি প্রকল্পের ব্যয়-সুবিধা মূল্যায়ন, ৮. দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এমন শিল্পে লক্ষ্যভিত্তিক প্রণোদনা, ৯. রপ্তানি বহুমুখীকরণের জন্য নির্দিষ্ট খাতভিত্তিক পরিকল্পনা এবং ১০. প্রতি মাসে অর্থনীতির কয়েকটি মূল সূচকÑ বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, ব্যাংক ঋণ, রাজস্ব ও রপ্তানি নিয়ে জনসমক্ষে অগ্রগতি প্রকাশ।

বস্তুত দেশের অর্থনীতির জন্য এখন সবচেয়ে প্রয়োজন ‘আস্থা’। বিনিয়োগকারী আস্থা চাইবেন, উদ্যোক্তা নীতির স্থিরতা চাইবেন, ব্যাংকের আমানতকারী নিরাপত্তা চাইবেন, তরুণ চাকরি চাইবেন এবং সাধারণ মানুষ মূল্যস্ফীতি থেকে স্বস্তি চাইবেন। সরকারের অর্থনৈতিক সাফল্য শেষ পর্যন্ত এই প্রত্যাশাগুলোর কতটা পূরণ হলো, তার ওপরই নির্ভর করবে। এ কথা সত্য, বাংলাদেশের সামনে সংকট আছে, কিন্তু সম্ভাবনাও কম নয়। বৈদেশিক মুদ্রার চাপ কিছুটা কমেছে, রেমিট্যান্স শক্তিশালী রয়েছে এবং বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকও বলছে, দ্রুত কাঠামোগত সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী পুনরুদ্ধারের পথে নিতে পারে। তাই সরকারের এখন সবচেয়ে বড় প্রয়োজন নতুন প্রতিশ্রুতি নয়, পুরনো সমস্যায় নতুন ধরনের কার্যকর সমাধান। ব্যাংক বাঁচাতে হবে কিন্তু অনিয়মকারীদের নয়; রাজস্ব বাড়াতে হবে কিন্তু শুধু বিদ্যমান করদাতার ওপর চাপ দিয়ে নয়; বিনিয়োগ বাড়াতে হবে কিন্তু শুধু সরকারি অর্থ ব্যয় করে নয়; আর প্রবৃদ্ধি বাড়াতে হবে কিন্তু কর্মসংস্থান ছাড়া নয়।

আগামী ছয় মাসে যদি সরকার বিনিয়োগের পরিবেশ সহজ করে, ব্যাংক খাতকে শৃঙ্খলায় আনে, রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করে এবং কর্মসংস্থানমুখী উৎপাদন বাড়াতে পারে, তাহলে অর্থনীতি শুধু সংকট সামলাবে না নতুন প্রবৃদ্ধির ভিত্তিও তৈরি হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ অর্থনীতিতে দেরি মানেই শুধু সময়ের অপচয় নয়; দেরির মূল্য শেষ পর্যন্ত দিতে হয় জনগণ, উদ্যোক্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে।


লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা