× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সতর্ক হতে হবে এখনই

সম্পাদকীয়

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১২:৪১ পিএম

সার গুদামজাত করে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারী ডিলারকে এখনই আইনের আওতায় নিয়ে আসতে হবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সার গুদামজাত করে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারী ডিলারকে এখনই আইনের আওতায় নিয়ে আসতে হবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ডিলারের গুদামের দরজা ভেঙে ক্ষুব্ধ কৃষকদের সার লুটে নেওয়ার সচিত্র খবর গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ট্রেডার্স নামে এক সার ডিলারের গোডাউন ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যায়, যার পরিমাণ প্রায় ১০ হাজার কেজি। পরে স্থানীয় প্রশাসনের চেষ্টায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়ে গেছে। বাকি সারও উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। কৃষকরা জানিয়েছে, সরকার যথেষ্ট পরিমাণে সার বরাদ্দ দিলেও সংশ্লিষ্ট ডিলাররা সময়মতো তা বিতরণ করে না। যেহেতু এখন আমন মৌসুম চলছে, এ মুহূর্তে সার না পেলে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

এদিকে গতকাল প্রতিদিনের বাংলাদেশ ‘উত্তরাঞ্চলে সার সংকট কেন’ শীর্ষক পৃথক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, দেশের উত্তরাঞ্চলে সারের সংকট নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কোথাও সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে ডিলাররা। আবার কোথাও বরাদ্দ থাকা সত্ত্বেও ডিলারের গুদামে সার পৌঁছে না। ফলে কৃষক পর্যায়ে সার বিতরণ কৃত্রিম সংকটের কবলে পড়েছে। কৃষি মন্ত্রণালয় অবশ্য বলছে, প্রচুর পরিমাণে সার রয়েছে এবং সেপ্টেম্বর মাসের জন্যও ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন মাঠপর্যায়ে সারের এ সংকট সেটা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একমাত্র পঞ্চগড় ছাড়া উত্তরাঞ্চলের বাকি ১৫ জেলায় কিছু ডিলার বরাদ্দ পাওয়া সত্ত্বেও সার উত্তোলন করছে না। ফলে মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। 

কৃষিপ্রধান বাংলাদেশে ফসল উৎপাদন মৌসুমে এ ধরনের কৃত্রিম সংকট যে অশুভ সংকেত তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে, দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি আমন মৌসুমে সার, বীজ বা কীটনাশকসহ যেকোনো উপকরণের সংকট ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। মৌসুমি বায়ুর দেশ হেসেবে আমাদের দেশের একেক অঞ্চলে একেক সময় নানা ধরনের খাদ্যশস্য উৎপন্ন হয়। এটা প্রকৃতি প্রদত্ত একটি সুবিধা। কেননা, এতে একসঙ্গে সারা দেশে কৃষি উপকরণের প্রয়োজন হয় না। বর্তমানে দেশের উত্তরাঞ্চলে আমন মৌসুম চলছে। এরপর হাওর অঞ্চলে বোরো চাষ হবে। আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আলুসহ রবিশস্যের আবাদ হবে। ফলে সারা বছরে দেশে শস্য উৎপাদনে যে পরিমাণ সারের প্রয়োজন হয়, তা ধাপে ধাপে বরাদ্দ করা যায়। তা সত্ত্বেও কেন এই উটকো সংকট মাঝে মাঝে আবির্ভূত হয়, তা ভেবে দেখা দরকার। 

বলা নিষ্প্রয়োজন, সরকার কর্তৃক বরাদ্দকৃত সার, বীজ বা কীটনাশক ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে এক বা একাধিক নির্ধারিত ডিলার রয়েছেন। তাদের দায়িত্ব সরকার নির্ধারিত দামে এসব উপকরণ কৃষকদের কাছে পৗঁছে দেওয়া। তারা এ দায়িত্ব মুফতে পালন করে না। এজন্য তারা নির্ধারিত হারে কমিশন পায়। কিন্তু কতিপয় ডিলার কালোবাজারে তা বিক্রি করে অবৈধ অর্থ হাতিয়ে নেয়। তাদের অপতৎপরতায় সারসহ কৃষি উপকরণের কৃত্রিম সংকট তৈরি হয়, দেখা দেয় অসন্তোষ। দায় গিয়ে পড়ে সরকারের ঘাড়ে। এসব অসাধু ডিলার গোপন গুদামে সার মজুদ করে বা কালোবাজারে বিক্রি করে দিয়ে ‘বরাদ্দ নাই’, ‘সাপ্লাই নাই’ ইত্যাদি মিথ্যা প্রচারণা চালিয়ে কৃষকদের ফেরত পাঠায়। কুড়িগ্রামেও হয়তো তেমনই ঘটেছিল। তবে সেখানকার সচেতন ও বিক্ষুব্ধ কৃষক গুদামের ভেতর থেকে সার উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আইনের দৃষ্টিতে যে এটা ঠিক হয়নি, সে বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। আমরাও তা সমর্থন করি না। তবে তারা কেন এটা করতে বাধ্য হলো, তা খতিয়ে দেখা আবশ্যক। 

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেছেন, কতিপয় মানুষ প্যানিক (আতঙ্ক) ছড়িয়ে গোডাউনের দরজা ভেঙে সার লুট করে নিয়ে গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। কী ব্যবস্থা তার নেবেন, আমরা তা জানি না। তবে অনুমান করা যায়, গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া কৃষকদের লুটেরা হিসেবে চিহ্নিত করে হয়তো তারা আইনি ব্যবস্থার দিকেই অগ্রসর হবেন। আর সার গুদামজাত করে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারী ডিলারকে বানাবেন ধোয়া তুলসীপাতা। আমরা জানি, স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে সার, বীজ, কীটনাশক ডিলারদের বিশেষ সম্পর্ক থাকে। ‘চোরে চোরে মাসতুতো ভাই’-এর মতো। তারা একে অপরের স্বার্থ দেখেন। ফলে সংশ্লিষ্ট ডিলারের সার আত্মসাতের চেষ্টাকে ধামাচাপা দিয়ে এখন যদি কৃষকদের কোমরে দরি পড়ে, অবাক হওয়ার কিছু থাকবে না। 

কুড়িগ্রামের সার লুটের ঘটনাকে খাটো করে দেখার উপায় নেই। নিঃসন্দেহ এটা একটা অশুভ তৎপরতা। কৃত্রিম সংকট তৈরি করে নতুন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চক্রান্ত কি নাÑ তাও ভেবে দেখা দরকার। স্মরণযোগ্য, নব্বই দশকে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় কৃত্রিম সার সংকট তৈরি করে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করেছিল একটি মহল। সেই একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকারকে এখনই সতর্ক হতে হবে। অঙ্কুরেই বিনষ্ট করে দিতে হবে চক্রান্তের বীজ। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা