× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

এক অন্ধকার বাস্তবতা

তানজিম হোসেন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৩:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা শহর কখনোই ঘুমায় না। রাতের সব সময় নিয়ন আলোতে জেগে থাকে ঢাকার কোনো না কোনো প্রান্ত বা গলি। অথচ জাগ্রত এই ঢাকার বুকে অন্ধকারের কোনো এক গলিতে বা চায়ের দোকানের আড্ডায় প্রতিনিয়ত জন্ম নিচ্ছে কিশোর গ্যাং।

কিশোর গ্যাং বলতে সাধারণত এমন কিশোরের দলকে বোঝায়, যারা দলবদ্ধভাবে নানা ধরনের অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। খাতা-কলম আর খেলার মাঠ ছেড়ে এসব কিশোর হাতে তুলে নিয়েছে ধারালো অস্ত্র, মাতছে ছিনতাই, চাঁদাবাজি কিংবা গ্যাং ওয়ারের মতো রক্তক্ষয়ী খেলায়। এই সামাজিক ব্যাধি শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি করছে না, বরং ঢাকাসহ অন্য শহরগুলোর ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। 

বর্তমান ঢাকায় আড্ডাবাজি বা প্রভাব বিস্তারের চেষ্টায় গড়ে ওঠা কিশোর গ্যাং ছড়িয়ে পড়েছে রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই অংশেই। মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার গলিগুলোতে এদের তৎপরতা সবচেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রভাব জাহির করা এসব কিশোরের অন্ধকারে পথচলা শুরু কৌতূহল ও রোমাঞ্চ থেকে, যা খুব দ্রুতই রূপ নেয় অপরাধ চক্রে।

কিশোর গ্যাংদের অপরাধের ধরন দিন দিন অবিশ্বাস্য রকমের হিংস্র হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে দেখা যায়, বেশিরভাগ গ্যাং ওয়ার বা কিশোর গ্যাংদের দ্বারা সংঘটিত খুন অতি সাধারণ বিষয়ে। ঢাকা শহরে সংঘটিত অনেক আলোচিত হত্যাকাণ্ড, যেমন উত্তরার আদনান হত্যা বা মোহাম্মদপুরের ছিনতাইকালে সাধারণ পথচারী খুনের পেছনে বেরিয়ে এসেছে এসব কিশোর গ্যাংয়ের চটকদার নাম যেমন ডিসকো বয়েজ’, ‘নাইন স্টার’, ‘ফার্স্ট ডেট’, ‘বন্ড গ্রুপ’ কিংবা ‘কিং অব গ্যাং’। 

এই কিশোর গ্যাংয়ের সমস্যাকে শুধু আইনশৃঙ্খলার দুর্বলতা হিসেবে দেখলে এর মূল কারণ অদৃশ্য থেকে যাবে। একটি কিশোর কেন অপরাধী দলের সঙ্গে যুক্ত হয়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের ভেতরেও। পারিবারিক অবহেলা, সন্তানের প্রতি পর্যাপ্ত নজরদারির অভাব, শিক্ষাজীবনে অনিয়ম, বেকার বড় ভাই বা এলাকার অপরাধী চক্রের প্রভাব, অর্থনৈতিক বৈষম্য এবং দ্রুত অর্থ ও ক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা এর পেছনে ভূমিকা রাখতে পারে।

কিশোর গ্যাং সমস্যার সমাধান শুধু পুলিশি অভিযানের মাধ্যমে রোধ করা সম্ভব নয়। অপরাধী কিশোরদের গ্রেপ্তার করে কারাগারে পাঠালে তারা আরও বড় অপরাধীতে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক পদক্ষেপ। প্রথমত, পরিবারকে সন্তানের সঙ্গ এবং চলাফেরার প্রতি সজাগ হতে হবে। দ্বিতীয়ত, স্থানীয় ‘বড় ভাই’ ও রাজনৈতিক প্রশ্রয়দাতাদের আইনের আওতায় এনে এই গ্যাংগুলোর মূল থেকে উপড়ে ফেলতে হবে। একই সাথে ঢাকার প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করা জরুরি, যাতে কিশোররা তাদের মেধা ও শক্তির ইতিবাচক চর্চা করতে পারে।

আজকে যে কিশোরটি হাতে অস্ত্র তুলে নিচ্ছে, সঠিক নির্দেশনা পেলে সে-ই হতে পারত দেশের সম্পদ। এখনই যদি এই গ্যাং কালচারের লাগাম টেনে ধরা না যায়, তবে আগামী দিনে এক অবক্ষয়গ্রস্ত ও ভীতিজনক রাজধানীর দায় আমাদের সবাইকে বইতে হবে।


লেখক: শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা