× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোডম্যাপ ধরে এগিয়ে যেতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১২:৩২ পিএম

আগামী পাঁচ বছরের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ধরনের উদ্যোগের সমন্বিত কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে সরকার। ফাইল ছবি

আগামী পাঁচ বছরের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ধরনের উদ্যোগের সমন্বিত কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে সরকার। ফাইল ছবি

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী জ্বালানির বিকল্প নেই। শিল্প, কৃষি, পরিবহন কিংবা নাগরিক জীবনÑ সব ক্ষেত্রেই জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে। ভবিষ্যতে অর্থনীতি ও শিল্পের সম্প্রসারণের সঙ্গে এই চাহিদা আরও বাড়বে। এমন বাস্তবতায় আগামী পাঁচ বছরের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ধরনের উদ্যোগের সমন্বিত কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে সরকার। জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে আমরা মনে করি। তবে এই পরিকল্পনার সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতার ওপর।

বলে রাখা ভালো, বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর দেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। ১৯৭১ সালে গ্রিডভিত্তিক স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ৫০০ মেগাওয়াট। ২০২৬ সালের মে মাসে তা বেড়ে ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াটে পৌঁছেছে। তবে উৎপাদন সক্ষমতা বাড়লেও নির্ভরযোগ্য সরবরাহ, জ্বালানির প্রাপ্যতা ও ব্যবস্থাপনার দুর্বলতা এখনও বড় চ্যালেঞ্জ। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘জ্বালানি নিরাপত্তায় পাঁচ বছরের রোডম্যাপ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জ্বালানির উৎস বাড়াতে স্থলভাগ ও সমুদ্রভাগে নতুন গ্যাস অনুসন্ধানের ওপর জোর দিয়েছে সরকার। সেই লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানিকে রোডম্যাপের অন্যতম প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানিকৃত এলএনজির উৎস বহুমুখীকরণের প্রস্তাব রয়েছে। এলএনজি আমদানি অবকাঠামো অনেকটাই মহেশখালীকেন্দ্রিক হওয়ায় ভৌগোলিক ঝুঁকির বিষয়টিও উঠে এসেছে। এ ঝুঁকি কমাতে খুলনা ও বরিশাল অঞ্চলে দুটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ভোলায় ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও এসেছে। বেদুরিয়া বা ইলিশা থেকে খুলনা পাওয়ার হাবে গ্যাস পরিবহনের সম্ভাব্যতা বিবেচনা করা হচ্ছে।

শুধু তাই নয়, আগামী পাঁচ বছরে গ্রিড-সংযুক্ত ও ছাদভিত্তিক মিলিয়ে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সৌরবিদ্যুতের অনিয়মিত উৎপাদন সামাল দিতে মোট সৌর সক্ষমতার ২০ শতাংশ পর্যন্ত ব্যাটারি এনার্জি স্টোরেজ গড়ে তোলার কথাও বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বায়ুশক্তি উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন উইন্ড টারবাইন স্থাপনের মাধ্যমে প্রায় ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত সক্ষমতা অর্জনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারের এই সুচিন্তিত উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 

তবে এই রোডম্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হওয়া উচিত দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর। অর্থাৎ আমদানিনির্ভরতা কমিয়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বিদ্যমান ক্ষেত্রের সর্বোচ্চ পুনরুদ্ধার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। বাস্তবতা হচ্ছে, আগামী কয়েক বছরে এলএনজি আমদানির প্রয়োজন থাকবেই। তাই একক উৎস বা অল্প কয়েকটি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমিয়ে এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণ করতে হবে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট, নতুন সরবরাহকারী এবং অবকাঠামোগত সক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা প্রয়োজন। সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণকে আর প্রান্তিক উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হলে জমি, গ্রিড সংযোগ, অর্থায়ন ও নীতিগত অনুমোদনের বাধা দূর করা জরুরি। বড় প্রকল্পের পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও বিকেন্দ্রীভূত উৎপাদনেও জোর দেওয়া দরকার। ভবিষ্যতের জ্বালানি মিশ্রণে পারমাণবিক বিদ্যুতের ভূমিকার গুরুত্ব বিবেচনায় নিতে হবে; তবে নিরাপত্তা, দক্ষ জনবল, বর্জ্য ব্যবস্থাপনা ও ব্যয়ের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোতে হবে। জ্বালানি খাতের ভর্তুকি ও ট্যারিফ কাঠামো সংস্কার ছাড়া এই রোডম্যাপ টেকসই হবে না। ভর্তুকি যেন অকার্যকর ব্যয়কে স্থায়ী না করে এবং ট্যারিফ যেন সাধারণ ভোক্তা ও শিল্পÑ উভয়ের সক্ষমতা বিবেচনায় নেয় তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জ্বালানি দক্ষতা, অপচয় রোধ এবং সুশাসনকে পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে।

জ্বালানি নিরাপত্তায় সরকারের উদ্যোগগুলোকে ভিন্ন ভিন্ন প্রকল্প হিসেবে না দেখে একটি সমন্বিত জ্বালানি নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করাই উত্তম। মনে রাখতে হবে আগামী পাঁচ বছর শুধু নতুন বিদ্যুৎকেন্দ্র বা গ্যাসের উৎস তৈরির সময় নয়; এটি হবে নির্ভরযোগ্য, বহুমুখী, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার সময়। আমরা মনে করি, দক্ষ বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে এই রোডম্যাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় একটি নতুন যুগের সূচনা করতে পারে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা