সম্পাদকীয়
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১২:৩১ পিএম
হাওর মানেই সম্ভাবনার পাশাপাশি অনিশ্চয়তার এক জনপদ। দেশের খাদ্যভান্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অঞ্চলের কৃষক বছরের পর বছর আকস্মিক বন্যার সঙ্গে যুদ্ধ করে বোরো ধান ফলান। বিশেষ করে কিশোরগঞ্জ, নেত্রকোণা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরাঞ্চলের ৭ জেলায় পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে আগাম এবং হঠাৎ বন্যা যেন নিয়তি। চলতি বছরও ফসল ঘরে তোলার আগে বন্যায় পানির নিচে তলিয়ে যায় সোনালি ধান। আর মুহূর্তেই কৃষকের স্বপ্ন পরিণত হয় দীর্ঘশ্বাসে। এই বাস্তবতায় কৃষকের দুঃখ দূর করতে হাওরাঞ্চলে বোরো মৌসুমে আবাদের জন্য ‘ব্রি-১১৮’ ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
ব্রি ধান-১১৮ হাওরাঞ্চলের উপযোগী ঠান্ডা সহনশীল জাত। আগাম বপন করেও উৎপাদন পর্যায়ে কম তাপমাত্রা সহ্য করতে পারে এই ধান। ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বপন করলে প্রতিকূল ঠান্ডার মধ্যেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন পর্যন্ত ফলন দেওয়ার সক্ষমতা রয়েছে। স্বাভাবিক সময়ে বপনে ১৪৫ দিনে এর ফলন ৬.৯ টন পর্যন্ত এবং উপযুক্ত ব্যবস্থাপনায় ৮.৫ টন পর্যন্ত হতে পারে। এই বৈশিষ্ট্যের সবচেয়ে বড় দিক হলোÑ ফসল কাটার সময়কে আকস্মিক বন্যার আগেই এগিয়ে আনা। অর্থাৎ প্রকৃতির সঙ্গে লড়াই না করে বিজ্ঞানকে কাজে লাগিয়ে কৃষকের ঝুঁকি কমানো। বিজ্ঞানীরা প্রত্যাশা করছেন, এই জাতের ধান আবাদের ফলে হাওরে কৃষকের ফসলহানির দুঃখ ঘুচবে। কৃষক স্বাবলম্বী হবে। এ ধানের ফলনও বেশি। বন্যা আসার আগেই ধান কৃষকের গোলায় উঠে যাবে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ব্রি ২০১৪ সালে ব্রি ধান-২৮-এর সাথে ভুটান নামক ভুটানি ঠান্ডা সহিষ্ণু ধানের সংকরায়ণের পর সিঙ্গেল সিড ডিসেন্টভিত্তিক র্যাপিড জেনারেশন অ্যাডভান্সমেন্ট পদ্ধতির মাধ্যমে ফরওয়ার্ডিং ব্রিডিং প্রক্রিয়ায় উদ্ভাবন করা হয়েছে এ ধান। ব্রি গাজীপুর ও ব্রি আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ৩টি স্থানে কৃষকের মাঠে নির্বাচিত কৌলিক সারিটি পর পর ২ বছর ফলন পরীক্ষার পর বোরো ২০২২-২৩ মৌসুমে ব্রি গাজীপুর খামার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ১০টি স্থানে কৃষকের মাঠে আঞ্চলিক উপযোগিতা পরীক্ষা করা হয়েছে। বোরো ২০২৩-২৪ মৌসুমে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরের ৯টি স্থান এবং কন্ট্রোল সাইট হিসেবে ব্রি গাজীপুরে অভিযোজন দক্ষতা যাচাইয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বোরো ২০২৪-২৫ মৌসুমে বীজ প্রত্যয়ন এজেন্সি জাতের ফলন পরীক্ষায় (পিভিটি) সন্তোষজনক হওয়ায় চলতি বছরে ৫ ফেব্রুয়ারি জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় হাওরাঞ্চলে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয় এ ধান। পরীক্ষায় দেখা যায়, ১০টি স্থানের মধ্যে চারটি স্থানে চেক জাতের তুলনায় ১০ শতাংশের বেশি ফলন হয়েছে। বলা যায়, ব্রি ধান-১১৮ শুধু একটি নতুন ধানের জাত নয়; এটি হাওরের কৃষকের জন্য আশার একটি বৈজ্ঞানিক সমাধানও।
আমরা মনে করি, ধানের জাত উদ্ভাবনই শেষ কথা নয়। কৃষকের মাঠে ব্রি ধান-১১৮ দ্রুত ও সঠিকভাবে পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত মানসম্মত বীজ উৎপাদন, সঠিক সময়ে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রদর্শনী প্লট ও কৃষক প্রশিক্ষণের উদ্যোগ ইতিবাচক হলেও এর পরিধি আরও বাড়ানো প্রয়োজন। জানা গেছে, লক্ষ্য অর্জনে ইতোমধ্যে তিন হাজার কৃষক ও ৪২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে চাষাবাদে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরেকটি বড় সম্ভাবনা হলো চাল রপ্তানি। উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি যদি উন্নত মান, বাজারযোগ্য চালের জাত, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় উৎপাদন পরিকল্পনা করা যায়, তাহলে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার গণ্ডিতে আটকে থাকবে না; ধীরে ধীরে চাল রপ্তানিকারক দেশ হিসেবেও শক্ত অবস্থান তৈরি করতে পারে। তবে রপ্তানির আগে দেশের অভ্যন্তরীণ খাদ্যনিরাপত্তা, ন্যায্যমূল্য এবং কৃষকের লাভ নিশ্চিত করাই অগ্রাধিকার হওয়া উচিত।
আপাতদৃষ্টে মনে হচ্ছে, ব্রি ধান-১১৮ হাওরের কান্না থামানোর সম্ভাবনাময় হাতিয়ার। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে গবেষণাগারের সাফল্যকে মাঠের সাফল্যে পরিণত করতে হবে। কৃষক বাঁচলে হাওর বাঁচবে, হাওর বাঁচলে দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে। আর সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই একদিন বাংলাদেশের চাল বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারে। আমরা মনে করি, এ ক্ষেত্রে হাওরের কৃষকের ঝুঁকি, রাষ্ট্রের কৃষিনীতি, বীজ সরবরাহ, বাজারব্যবস্থা এবং চাল রপ্তানির সম্ভাবনাÑ সবকিছুকে এক সুতোয় বাঁধা জরুরি।