স্মরণ
এম গোলাম মোস্তফা ভূঁইয়া
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১২:১৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১২:২০ পিএম
বাংলাদেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতির ইতিহাসে এক ধ্রুবতারার নাম মশিয়ুর রহমান যাদু মিয়া। তার জ্যেষ্ঠ্য পুত্র শফিকুল গানি স্বপন। পিতার পদাংক অনুসরণ করে আত্মনিয়োগ করেছিলেন রাজনীতিতে। আপাদমস্তক একজন ভদ্র, বিনয়ী ও মেধাবী রাজনীতিক ছিলেন স্বপন। প্রতিহিংসার রাজনীতির যুগেও তিনি বিনয়ী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। রাজনৈতিক জীবনে শফিকুল গানি স্বপন তার প্রতিপক্ষের বিরুদ্ধে ছিলেন কঠোর সমালোচক, কিন্তু সমালোচনা করতেও তিনি এমন শব্দ ব্যবহার করতেন না, যা রাজনৈতিক পরিবেশকে কুলষিত করে। যা আজকের রাজনীতিতে ক্রমেই কমে যাচ্ছে। আজ স্মৃতির আড়ালেই চলে গেছেন তিনি। সমাজের মেহনতি সমাজের অধিকার আদায়েও তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তারাও কি মনে রেখেছেন তাকে? গণমাধ্যমে আজ আর এমন রাজনীতিকের প্রয়াণ দিবসÑ এই সংবাদটি খুবই কম দেখা যায়।
শফিকুল গানি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার আজকের নীলফামারী জেলার সদরে এদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ঔরসে জন্মগ্রহণ করেন। তার মা হচ্ছেন মরহুমা সাবেরা রহমান। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে শফিকুল গানি স্বপন রাজনৈতিক দৃশ্যপটে সরাসরি আবির্ভূত হন। বাবার শূন্য আসনের উপনির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। বাংলা ও ইংরেজি ভাষার অসাধারণ দখল থাকার কারণে তিনি বাংলা ও ইংরেজি সংবাদপত্রের জগতে সাপ্তাহিক বঙ্গব্যাপী ও ওইকলি ফ্রাইডে প্রকাশ করেছিলেন; যা অল্প সময়ে পাঠকপ্রিয়তা পেয়েছিল। ক্রীড়াঙ্গনেও তিনি অবদান রেখেছেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গর্ভনিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্লাবকে সুসংগঠিত ও তার ঐতিহ্য টিকিয়ে রাখতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মূল্যবোধ, পরিমিতি জীবনবোধ, সোনার মানুষ তৈরির দীক্ষা। তার অসাম্প্রদায়িক, আপসহীন, ত্যাগী ও নির্মোহ রাজনীতি অধিক প্রচার করা হলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের পথ সুগম হবে। ২০০৯ সালের ২৩ আগস্ট তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। শফিকুল গানি স্বপনের স্ত্রী নাজহাত গানি শবনম। তিনিও বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা ছিলেন। শবনম ২২ জুন ২০১২ সালে মৃত্যুবরণ করেন। তাদের তিন সন্তান। জ্যেষ্ঠপুত্র জেবেল রহমান গানি, কন্যা ফারিয়া গানি ও কনিষ্ঠপুত্র ব্যারিস্টার মশিউর রহমান গানি। জ্যেষ্ঠপুত্র জেবেল রহমান বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্ষমতার ইতিহাস বড় নির্মম। ক্ষমতায় পেলে মানুষ ভুলে যায় ইতিহাসের কথা। কাউকেই ভুলে গেলে চলবে না, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। বর্তমান রাজনৈতিক শূন্যতা পূরণে শফিকুল গানি স্বপনের মতো মেধাবী রাজনীতিকদের প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে। মনে রাখতে হবে, ছাত্র-জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারত্বের পুরনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই সুযোগ তৈরি হলে সবাইকেই মাসুল দিতে হবে। প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে শফিকুল গানি স্বপন ছিলেন আপসহীন। শফিকুল গানি স্বপন রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখেননি। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মেধাবী রাজনৈতিক জীবন ও সংগ্রাম আগামীতেও দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বহু সময় ধরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। জনগণের দাবি ও ভাষা বোঝেÑ এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। দুঃখজনক হলেও সত্য যে, শাসকগোষ্ঠী দেশ শাসন করতে চায়, কিন্তু জনগণের ভাষা বুঝতে পারে না। ফলে তাদের পতন হয় নির্মমভাবে। সবাই ব্যস্ত হয়ে থাকে ক্ষমতায় টিকে থাকতে, পরিণতি ভোগ করতে হয় নির্মম। যার ফলে জনগণের নেতা আজ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এ সময় একজন শফিকুল গানি স্বপনের মতো নেতা বড্ডই প্রয়োজন ছিল।
সংগ্রামী রাজনীতিক শফিকুল গানি স্বপন শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বেঁচে থাকবেন। শোষণমুক্তির স্বপ্নের মধ্যে বেঁচে থাকবেন তিনি। এমন সত্য নির্মোহ, মনীষীদের মৃত্যু হয় না। তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা।
লেখক: রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক