সম্পাদকীয়
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যগণ, ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। শারদীয় সন্ধ্যার সে অনাড়ম্বর অনুষ্ঠান ঘিরে দেশব্যাপী ছিল আনন্দ-উচ্ছ্বাস। দীর্ঘদিন পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদের সদস্যদের ভোটে বাংলাদেশ প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন। আমরা আশা করছি, নতুন রাষ্ট্রপতি এদেশের মানুষের চিরকাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠায় তার অবস্থান থেকে ভূমিকা ও অবদান রাখতে সক্ষম হবেন।
দীর্ঘ সাড়ে তিন দশক পরে আবার দেশের রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হলো। এর আগে ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। সেবার তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী ছিলেন স্পিকার আবদুর রহমান বিশ্বাস। তার বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনীত করেছিল অবসরপ্রাপ্ত বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। তবে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে আবদুর রহমান বিশ্বাস জয়লাভ করবেনÑ এটা নিশ্চিত ছিল। এবারও দুই-তৃতীয়াংশ আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। সংসদে দলটির আসন সংখ্যা ২৪৭। এর বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আসন মাত্র ৮৫, আর স্বতন্ত্র ৮ জন। বিএনপি প্রার্থীর নিশ্চিত বিজয়ের বিষয়টি জানা সত্ত্বেও জামায়াত কেন কর্নেল অলি আহমদকে (অব.) দাঁড় করিয়েছিল তা স্পষ্ট নয়। ১৯৯১ সালে আওয়ামী লীগ যে কাজটি করেছিল, এবার জামায়াতে ইসলামীও একই কাজ করল। বিপরীত আদর্শের দুটি দলের সিদ্ধান্ত ও পদক্ষেপের এই সাযুজ্য অনেকের কাছেই বিস্ময়কর। বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট না দিলেও প্রার্থী দাঁড় না করিয়ে জামায়াত জাতীয় ঐক্য ও সৌহার্দ্যের প্রতি তাদের কমিটমেন্টের প্রমাণ দিতে পারত। কিন্তু সে সুযোগ তারা কেন হাতছাড়া করল, বোঝা মুশকিল।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেশ-বিদেশে সমাদৃত। বামপন্থী ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে তার পথচলা শুরু ১৯৬০-এর দশকের মধ্যভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। শিক্ষাজীবন শেষে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহী মির্জা আলমগীর এক পর্যায়ে নিজেকে সম্পৃক্ত করেন রাজনীতিতে। যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিতে। নিজ জেলা শহর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বের ধারায় অভিষেক ঘটে তার। তারপর জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ২০১১ সালে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে মির্জা আলমগীর প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান। তারপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি দলটির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
দলীয় পরিচিতির বাইরে মির্জা আলমগীর দেশব্যাপী একজন সজ্জন, ভদ্র, পরমতসহিষ্ণু, উদার ও অমায়িক মানুষ হিসেবে পরিচিত। বিএনপির বাইরেও তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। বর্তমান সময়ে বেশিরভাগ রাজনীতিকের বেলায় যেটা দেখা যায়, মির্জা ফখরুল ইসলামের ক্ষেত্রে তা অনুপস্থিত। তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রতি সহনশীল মনোভাব পোষণ করেন এবং প্রতিদ্বন্দ্বিতাকে কখনোই শত্রুতায় পর্যবসিত করার পক্ষপাতী নন। তার এই উদার মানসিকতার জন্যই বিরুদ্ধবাদী দলের নেতাকর্মীরাও তার ফ্যান।
দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে থাকার পরেও মির্জা আলমগীরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি। তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে সচিবালয়ে বোমা নিক্ষেপ, ময়লার ট্রাকে আগুন দেওয়া ইত্যাকার সব হাস্যকর অভিযোগে মামলা হলেও দুর্নীতির কোনো মামলা করতে পারেনি কোনো সরকার। তিনি নিজে যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম থেকে দূরে থেকেছেন, তেমনি এসব কাজে কাউকে প্রশ্রয়ও দেননি। এজন্য তিনি দলমত নির্বিশেষে বাংলাদেশের আপামর মানুষের কাছে ‘রাজনীতির ক্লিনম্যান’ হিসেবে পরিচিত।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদটি কার্যত আলঙ্কারিক। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া তার তেমন কোনো নির্বাহী ক্ষমতা নেই। যে দুই-তিনটি রয়েছে, তার প্রায় সবগুলোই প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক তাকে করতে হয়। তা সত্ত্বেও রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রীয় বা সাংবিধানিক বিভিন্ন সমস্যা-সংকটে দেশের অভিভাবক হিসেবে তাকে পালন করতে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা। সে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফল হবেন দেশবাসীর সে আস্থা রয়েছে। উপরন্তু জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধিত হলে রাষ্ট্রপতির দায়িত্বের পরিধি বৃদ্ধি পাবে। সে বিবেচনায় এ পদে মির্জা আলমগীরের মনোনয়ন ও নির্বাচিত হওয়া ইতিবাচক চিন্তাভাবনারই প্রতিফলন।
আমরা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই এবং প্রত্যাশা করি, তিনি তার প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে দেশকে সমৃদ্ধ করতে অবদান রাখবেন। ব্রতী হবেন দেশ ও জাতির কল্যাণ সাধনে।