× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

ডেঙ্গুর ভৌগোলিক বিস্তার

আল শাহারিয়া

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:৩৭ পিএম

ডেঙ্গুর ভৌগোলিক বিস্তার

গত ১৪ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় ২২ হাজার ছুঁয়েছে। সাধারণ দৃষ্টিতে এই সংখ্যাগুলো হয়তো অনেকের কাছে নিছকই কিছু পরিসংখ্যান বলে মনে হতে পারে। কিন্তু জনস্বাস্থ্যের এই সংকটে আসল শঙ্কার জায়গাটি কেবল মোট সংখ্যায় সীমাবদ্ধ নেই। মাসভিত্তিক মৃত্যুর হিসাবটি একটু গভীরভাবে খেয়াল করলেই বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায়। এই বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল মাসে মাত্র ২ জন করে। জুনে এসে সেই সংখ্যা এক লাফে দাঁড়ায় ১৩ জনে। আর জুলাই মাসে সেটি জ্যামিতিক হারে বেড়ে পৌঁছে ৩৬ জনে। মাস গড়ানোর সঙ্গে সঙ্গে এই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা মৃতের সংখ্যা আমাদের একটি কথা স্পষ্ট করে দেয়। ডেঙ্গু এখন আর কোনোভাবেই কেবল ‘বর্ষার রোগ’ নেই। ডেঙ্গু এখন বছরজুড়ে থাকা এক সমস্যা।

সমস্যার স্বরূপ এখন অনেকটাই বদলে গেছে। ডেঙ্গুর ভৌগোলিক বিস্তার এখন আর শুধু রাজধানী ঢাকা বা বড় শহরগুলোর অভিজাত এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের মডেল অনুযায়ী বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, বাগেরহাট এবং খুলনা জেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল। বাস্তবেও তাই ঘটছে। ঢাকায় সংক্রমণের সুযোগ কমে এলেও উপকূলীয় ও প্রান্তিক জেলাগুলোয় রোগী বাড়ছে। শেষ কয়েক বছরের প্রতি মৌসুমে ডেঙ্গু ছড়িয়েছে দেশের প্রায় প্রতিটি জেলায়। ২০২৬ সালের জুনের একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই ৫৮টি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। আগস্টের মাঝামাঝি সময়ে তা ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে। এর অর্থ হলো, ডেঙ্গু এখন একেবারে প্রান্তিক পর্যায়ে এবং প্রত্যন্ত গ্রামেগঞ্জে পর্যন্ত ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে।

এই বদলে যাওয়া চিত্রের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মশা এক্টোথার্ম বা শীতল রক্তের প্রাণী। তার দেহের তাপমাত্রা সরাসরি পরিবেশের তাপমাত্রার সাথে বাঁধা। তাই তাপমাত্রা বাড়লে তার শরীরের ভেতরের সব রাসায়নিক প্রক্রিয়াই দ্রুত চলতে শুরু করে। জলবায়ু পরিবর্তনের সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক খুব নিবিড়। গবেষণা বলছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বাড়লে মশার কামড়ের মধ্যবর্তী সময় প্রায় অর্ধেক হয়ে আসে, সংক্রমণ বেড়ে যায় অন্তত ২.৪ গুণ। ২৮ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় কামড়ানো ও সংক্রমণ দুটোই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। বিপাকক্রিয়া দ্রুত হওয়ায় ডিম পাকার চক্রও ছোট হয়ে আসে, ফলে স্ত্রী মশাকে বেশি ঘন ঘন রক্ত খুঁজতে হয়। একই সঙ্গে মশার দেহে ভাইরাসের বংশবৃদ্ধির গতিও বহুগুণ বেড়ে যায়। ২৫ থেকে ৩০ ডিগ্রিতে উঠলেই ভাইরাসের ইনকিউবেশন সময় ১৫ দিন থেকে নেমে আসে ৬-৭ দিনে।

মশার আচরণেও এসেছে বড় পরিবর্তন। এডিস শুধু পরিষ্কার জমা পানিতে ডিম পাড়ে। এখন দেখা যাচ্ছে, নোংরা-ড্রেনের পানিতেও দিব্যি বংশবিস্তার করছে। জুলাইয়ে ঢাকায় মাঠপর্যায়ে কাজ করা এক জাপানি গবেষক দল নাকি এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন, এমন অভিজ্ঞতা তাদের কারও কখনও হয়নি। ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সর্বোচ্চ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, প্রায় সাড়ে তিন লাখ আক্রান্ত। এরপর ভাবা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু ২০২৫ সালেও লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৪১৩ জন। প্রবণতাটা নিম্নমুখী নয়, বরং জটিল হচ্ছে ক্রমশ।

এখানেই আসল সমস্যা। আমাদের নীতি এই বদলে যাওয়া বাস্তবতার সাথে তাল মেলাতে পারছে না। প্রতিবছর একই চক্র দেখা যায়। বর্ষা এলে ফগার মেশিনের ধোঁয়া, সংবাদ সম্মেলন, আশ্বাস বাণী আর তারপর বর্ষা শেষে বিস্মৃতি। এর সাথে যুক্ত হয়েছে আরও একটা নির্দিষ্ট সমস্যা। সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম মূলত লক্ষ্য করে কিউলেক্স মশাকে, যেটা ড্রেন-নর্দমার পচা পানিতে জন্মায়। অথচ ডেঙ্গু ছড়ায় এডিস মশা, যার প্রজনন হয় বাড়ির ভেতরেÑ আশপাশে জমা পরিষ্কার পানিতে। 

স্বাস্থ্য খাতের জাতীয় অভিযোজন পরিকল্পনা (HNAP) ২০২৬-৩১ চালু হয়েছে বটে, কিন্তু কাগুজে পরিকল্পনা আর মাঠের বাস্তবায়নের মধ্যে ফারাক থেকেই যাচ্ছে। তবে আশার জায়গাও আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘ডেন-এক্স ট্র্যাপ’ বিদ্যুৎ ছাড়াই চলা, দেশীয় উদ্ভিদ-উপাদান দিয়ে তৈরি একটা মশার ফাঁদ, যা স্ত্রী এডিসকে ডিম পাড়তে প্রলুব্ধ করে কিন্তু সেই ডিম নষ্ট করে দেয়। এখন এটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় তিন হাজার স্থাপন করা হয়েছে। এমন কম খরচের, স্থানীয় সমাধান বাড়ানোর সুযোগ আছে সারা দেশে।

সমাধানের রাস্তাটা তাই স্পষ্ট। মশা নিয়ন্ত্রণকে ঋতুভিত্তিক না রেখে সারা বছরের কর্মসূচি করতে হবে, শুষ্ক মৌসুম থেকেই প্রজননস্থল ধ্বংসের কাজ জোরদার করে। আবহাওয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য একত্র করে পূর্বাভাসভিত্তিক সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে হবে। 


লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা