ইরান-আমেরিকা সংঘাতকে সেই বৃহত্তর প্রেক্ষাপটেই দেখা প্রয়োজন। ছবি: সংগৃহীত
বিশ্ব রাজনীতিতে কিছু সংঘাত কেবল যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সেগুলো সময়ের গতিপথও বদলে দেয়। ইরান-আমেরিকা সংঘাতকে সেই বৃহত্তর প্রেক্ষাপটেই দেখা প্রয়োজন। এটি শুধু দুটি রাষ্ট্রের বিরোধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, সামরিক কৌশল, চীন-যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা এবং আগামী দিনের আন্তর্জাতিক ব্যবস্থার চরিত্র। তবে এই সংঘাতকে সরলভাবে ‘আমেরিকার পরাজয়’ কিংবা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখলে বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ অদৃশ্য থেকে যায়। আধুনিক ভূ-রাজনীতিতে যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হয় না। রাজনৈতিক লক্ষ্য অর্জন, অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখা, আন্তর্জাতিক সমর্থন পাওয়া এবং দীর্ঘমেয়াদে কৌশলগত সুবিধা তৈরি করাই শেষ পর্যন্ত বড় বিষয়।
যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। বিপুল প্রতিরক্ষা বাজেট, উন্নত প্রযুক্তি, বিমানবাহী রণতরী, স্থল যুদ্ধবিমান এবং বৈশ্বিক সামরিক ঘাঁটির নেটওয়ার্ক তার শক্তির প্রমাণ। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতা বলছে, অস্ত্রের পরিমাণ আর সামরিক সাফল্যের একমাত্র মাপকাঠি নয়।
আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতা দেখিয়েছে, একটি যুদ্ধ শুরু করা যতটা সহজ, তার রাজনৈতিক পরিণতি সামলানো ততটা সহজ নয়। প্রতিপক্ষের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা গেলেও তার রাজনৈতিক ইচ্ছাশক্তি, সামাজিক প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি কৌশলকে পরাজিত করা কঠিন। এখানেই ‘কৌশলগত স্থিতিস্থাপকতা’ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে রাষ্ট্র দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক চাপ, সামরিক ক্ষয়ক্ষতি, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সামলে নিজের লক্ষ্য ধরে রাখতে পারে, তার শক্তিকে শুধু প্রচলিত সামরিক সূচকে বিচার করা যায় না।
ইরান-আমেরিকা সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়তে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো-প্যাসিফিকে চীনের উত্থানÑ দুটি ক্ষেত্রই ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ। ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি হলে যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে একাধিক অঞ্চলে সামরিক সম্পদ ও কূটনৈতিক মনোযোগ ভাগ করতে হতে পারে। এখানেই চীনের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি হতে পারে।
বেইজিং সরাসরি কোনো সামরিক সংঘাতে না জড়িয়েও অর্থনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক প্রভাব বাড়ানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, বাণিজ্য ও আঞ্চলিক কূটনীতিতে চীনের সক্রিয়তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুন মাত্রা দিতে পারে। অর্থাৎ, একটি সংঘাতের তাৎক্ষণিক ফলাফল যতটা গুরুত্বপূর্ণ, তার ফলে অন্য শক্তিগুলো যে কৌশলগত জায়গা পেয়ে যায়, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বিশ্বরাজনীতিতে ‘আমেরিকার পতন’ কথাটি বেশ জনপ্রিয়। কিন্তু ইতিহাস এ ধরনের পূর্বাভাসের ব্যাপারে সতর্ক করে। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক উৎক্ষেপণ, ভিয়েতনাম যুদ্ধ, ১৯৭০-এর দশকের অর্থনৈতিক সংকট কিংবা ২০০৮ সালের আর্থিক বিপর্যয়Ñ প্রতিটি ঘটনাকেই কোনো না কোনো সময়ে আমেরিকান শক্তির অবসানের সংকেত হিসেবে দেখা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র প্রতিবারই নিজেকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েছে। কারণ রাষ্ট্রের শক্তি শুধু সামরিক ক্ষমতার ওপর দাঁড়িয়ে থাকে না। অর্থনীতি, প্রযুক্তি, গবেষণা, বিশ্ববিদ্যালয়, উদ্ভাবন, মুদ্রার আন্তর্জাতিক ভূমিকা এবং বিস্তৃত মিত্রজোটÑ সব মিলিয়েই একটি রাষ্ট্রের প্রকৃত প্রভাব তৈরি হয়। তাই আজকের প্রশ্ন হওয়া উচিত ‘আমেরিকা কি শেষ হয়ে যাচ্ছে?’ নয়; বরং ‘আমেরিকার একক আধিপত্য কি আগের মতো থাকবে?’ এই দুটি প্রশ্নের উত্তর এক নয়।
সম্ভবত আমরা আমেরিকান শক্তির অবসান নয়, বরং তার একচ্ছত্রতার সীমাবদ্ধতা প্রত্যক্ষ করছি। সাম্প্রতিক সংঘাতগুলো যুদ্ধের চরিত্রও বদলে দিচ্ছে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যÑ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে, ব্যয়বহুল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি অপেক্ষাকৃত সস্তা ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিও বড় প্রভাব ফেলতে পারে। ফলে যুদ্ধের অর্থনীতি নিজেই একটি কৌশলগত অস্ত্র হয়ে উঠছে। আগে প্রশ্ন ছিলÑ কার কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে? এখন প্রশ্ন হচ্ছেÑ কে কম খরচে বেশি চাপ সৃষ্টি করতে পারে, কে দ্রুত প্রযুক্তির সঙ্গে খাপখাইয়ে নিতে পারে এবং কে দীর্ঘদিন যুদ্ধ চালানোর অর্থনৈতিক সক্ষমতা রাখে?
বিশ্ব ধীরে ধীরে বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছেÑ এমন ধারণা এখন আর কেবল তাত্ত্বিক আলোচনা নয়। চীন বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিতে নিজের অবস্থান শক্ত করছে। ভারত তার অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়াচ্ছে। তুরস্ক, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ বিভিন্ন আঞ্চলিক শক্তিও নিজেদের স্বার্থ অনুযায়ী পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র অচিরেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বরং এর অর্থ হলো, আগের মতো একটিমাত্র শক্তি সব অঞ্চলের রাজনৈতিক হিসাব নির্ধারণ করতে পারবে না। আগামী দিনের আন্তর্জাতিক ব্যবস্থা সম্ভবত হবে প্রতিযোগিতা ও সহযোগিতার এক জটিল সমন্বয়। একই রাষ্ট্র এক ক্ষেত্রে অংশীদার, অন্য ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হতে পারে। এটাই বহুমেরু বিশ্বের অন্যতম বৈশিষ্ট্য।
বিশ্বশক্তির এই পরিবর্তন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি, বৈদেশিক বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই কোনো একটি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। জাতীয় স্বার্থ সামনে রেখে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, মধ্যপ্রাচ্যসহ সব গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
অর্থনৈতিক নিরাপত্তাকেও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখতে হবে। জ্বালানি, খাদ্য, বৈদেশিক মুদ্রা এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এখন আর শুধু অর্থনৈতিক বিষয় নয়; এগুলো রাষ্ট্রীয় নিরাপত্তারও অংশ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি ও উন্নত উৎপাদনব্যবস্থায় দক্ষতা অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে। তবে সবচেয়ে বড় বিনিয়োগ হতে হবে মানবসম্পদে। আগামী দিনের প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয়Ñ জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন ও প্রযুক্তির।
ইরান-আমেরিকা সংঘাত থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হওয়া উচিত যুদ্ধের সীমাবদ্ধতা বোঝা। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য প্রয়োজন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো, পারস্পরিক আস্থার ব্যবস্থা এবং সরাসরি কূটনৈতিক যোগাযোগ। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা জোরদার করা জরুরি।
ইন্দো-প্যাসিফিকেও একই শিক্ষা প্রযোজ্য। সামরিক প্রতিযোগিতা যদি অনিয়ন্ত্রিত হয়ে ওঠে, তাহলে একটি ভুল হিসাব বা দুর্ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। তাই আস্থা বৃদ্ধির ব্যবস্থা, সামরিক যোগাযোগের চ্যানেল এবং সংকট ব্যবস্থাপনার কার্যকর কাঠামো প্রয়োজন। ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অস্ত্রের দ্রুত বিস্তারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, আন্তর্জাতিক আইন ও নীতিমালা তত দ্রুত এগোচ্ছে না। এই ব্যবধান ভবিষ্যতে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ইরান-আমেরিকা সংঘাত তাই কেবল মধ্যপ্রাচ্যের একটি সংকট নয়। এটি আমাদের সামনে একটি বৃহত্তর প্রশ্নও তুলে ধরেÑ একুশ শতকের বিশ্ব কি আবার শক্তির এককেন্দ্রিক রাজনীতিতে ফিরবে, নাকি বহু শক্তির প্রতিযোগিতামূলক সহাবস্থানের দিকে এগোবে? সম্ভবত উত্তরটি মাঝামাঝি কোথাও। আমেরিকা থাকবে শক্তিশালী। চীন আরও শক্তিশালী হবে। ভারত ও অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাব বাড়বে। আন্তর্জাতিক রাজনীতি হবে আরও জটিল, আরও প্রতিযোগিতামূলক এবং একই সঙ্গে আরও পরস্পর-নির্ভর।
ইতিহাসের শিক্ষা হলো, কোনো সাম্রাজ্য চিরস্থায়ী নয়। আবার কোনো শক্তির উত্থানও রাতারাতি ঘটে না। রাষ্ট্রের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করে তার আত্মসংযম, অভিযোজন ক্ষমতা, অর্থনৈতিক শক্তি এবং কূটনৈতিক প্রজ্ঞার ওপর। তাই আগামী বিশ্বের প্রকৃত বিজয়ী সেই রাষ্ট্র নয়, যে সবচেয়ে বেশি ধ্বংস করতে পারে। বিজয়ী হবে সেই রাষ্ট্র, যে সংঘাত এড়িয়ে নিজের জনগণের জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।
বিশ্বনেতাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটিইÑ যুদ্ধ জেতার চেয়ে যুদ্ধ এড়ানোর ক্ষমতাই শেষ পর্যন্ত রাষ্ট্রশক্তির শ্রেষ্ঠ প্রমাণ।
লেখক: কলামিস্ট ও সাবেক ডিআইজি