× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম: অলৌকিকতা, উম্মতের শিক্ষা

Ñ মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১২:০১ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহান আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াত, কল্যাণ ও মুক্তির জন্য প্রেরণ করেছেন সর্বশেষ নবী ও রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। তাঁর আগমন মানবজাতির জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমতের সূচনা। আল্লাহ তাআলা বলেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।’Ñ সূরা আল-আম্বিয়া : ১০৭।

জন্মের অলৌকিকতা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সঙ্গে বিভিন্ন অসাধারণ ঘটনার কথা সিরাত ও ইতিহাসগ্রন্থে উল্লেখ রয়েছে। তবে এসব বর্ণনার সবগুলো সহিহ হাদিস দ্বারা সমানভাবে প্রমাণিত নয়। তাই দুর্বল বা অপ্রমাণিত ঘটনা প্রচার না করে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত বিষয়ের ওপর নির্ভর করাই উত্তম।

সহিহ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জন্মের দিন সম্পর্কে বলেছেন, ‘সোমবার আমি জন্মগ্রহণ করেছি এবং এদিনই আমার ওপর ওহি নাজিল হয়েছে।’Ñ সহিহ মুসলিম।

তাঁর জন্মের পূর্বে সংঘটিত হাতির ঘটনা কুরআনে সুস্পষ্টভাবে উল্লিখিত হয়েছে। আবরাহা কাবা শরিফ ধ্বংসের উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হলে আল্লাহ তাআলা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেন এবং তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন।Ñ সূরা আল-ফিল : ১-৫। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা।

এ ছাড়া তাঁর জন্মের সময় বা পূর্বে নূর দেখা, পারস্যের অগ্নি নিভে যাওয়া এবং কিসরার প্রাসাদের কিছু অংশ ভেঙে পড়ার মতো বিভিন্ন ঘটনা সিরাত ও ইতিহাসের কিছু গ্রন্থে বর্ণিত হয়েছে। কিন্তু এসব বর্ণনার সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে এবং অনেকগুলো সহিহভাবে প্রমাণিত নয়। তাই এগুলোকে নিশ্চিত ও অকাট্য অলৌকিক ঘটনা হিসেবে প্রচার করা সমীচীন নয়।

উম্মতের করণীয়

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো তাঁর সুন্নাহ অনুসরণ করা, তাঁর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা, তাঁর চরিত্র ও আদর্শ গ্রহণ করা এবং তাঁর আনীত তাওহিদ ও শরিয়তের বিধান মেনে চলা। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’Ñ সূরা আল-আহযাব : ২১।

বিশেষভাবে সোমবার নফল রোজা রাখা তাঁর জন্মের দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রমাণিত আমল। কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারের রোজা সম্পর্কে বলেছেন, ‘এ দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনই আমার ওপর ওহি নাজিল হয়েছে।’Ñ সহিহ মুসলিম।

বর্জনীয়

নবীপ্রেমের নামে শরিয়তবিরোধী কাজ, অপচয়, অশালীনতা, মিথ্যা ও অপ্রমাণিত কাহিনী প্রচার এবং কোনো হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ প্রকৃত ভালোবাসা শুধু আবেগ ও দাবির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা আনুগত্য, অনুসরণ ও আমলের মাধ্যমে প্রকাশ পায়।

শিক্ষা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন আমাদের শিক্ষা দেয়Ñ মানবতার প্রতি দয়া, সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, উত্তম চরিত্র এবং আল্লাহ তাআলার আনুগত্যই জীবনের মূল আদর্শ। তাই তাঁর জন্ম স্মরণ করার সর্বোত্তম উপায় হলো তাঁর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করা এবং তাঁর আদর্শে পরিবার ও সমাজকে গড়ে তোলা। এভাবেই তাঁর আগমন আমাদের জন্য সত্যিকার অর্থে রহমত হয়ে উঠবে।

আজকের বিশ্বসভ্যতার বহু মানবিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে ইসলামের শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানব মর্যাদা, ন্যায়বিচার, সাম্য, দয়া, আমানতদারি ও শান্তির শিক্ষা দিয়েছে। মানবাধিকারের মর্যাদা ও মানবিক বিকাশের ক্ষেত্রেও ইসলামের নির্দেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বর্তমান বিশ্বে মানুষ যখন ধর্মবিমুখতা ও বস্তুবাদী দর্শনের প্রভাবে যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস, বৈষম্য ও অশান্তির শিকার; যখন ক্ষমতা, সম্পদ ও ভোগবিলাসের মোহে নৈতিকতা ও মানবিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে; তখন আল্লাহ তাআলার বিধান এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানুষকে শান্তি, ন্যায়, নৈতিকতা ও কল্যাণের পথে পরিচালিত করতে পারে।

সুতরাং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের প্রকৃত শিক্ষা হলোÑ তাঁকে ভালোবাসা, তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠ করা, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং তাঁর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা। এটাই তাঁর প্রতি ভালোবাসার সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য প্রকাশ।

লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা