নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে এবং অনেক চ্যালেঞ্জ, অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ক্রিপ্টো কোম্পানি আনুষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবসা পরিচালনা করতে চলেছে। সম্প্রতি আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা, অফিস অফ দ্য কম্পট্রোলার অব কারেন্সি (ওসিসি) একটি ক্রিপ্টো কোম্পানি, সার্কেল ইন্টারনেট গ্রুপকে জাতীয় ট্রাস্ট ব্যাংক বা ন্যাশনাল ট্রাস্ট ব্যাংক হিসেবে লাইসেন্স প্রদান করেছে। উল্লেখ্য, সার্কেল গ্রুপ ব্যাংক কার্যক্রম পরিচালনার জন্য ওসিসিতে আবেদন করেছিল গত বছর জুন-জুলাইয়ের দিকে। শর্তসাপেক্ষে এটি অনুমোদন লাভ করে গত ডিসেম্বর মাসে। যখন ট্রাম্প প্রশাসন কমপক্ষে পাঁচটি ক্রিপ্টো কোম্পানিকে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সার্কেল গ্রুপ সম্প্রতি ওসিসি থেকে পরিপূর্ণ লাইসেন্স লাভ করেছে। এখন সার্কেল গ্রুপ তাদের ব্যাংকিং কার্যক্রম খুব সহসাই শুরু করবে বলে ধারণা করা হয়।
সার্কেল গ্রুপের এই প্রতিষ্ঠান সার্কেল ন্যাশনাল ট্রাস্ট নামে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে এবং এই নামেই ব্যাংক হিসেবে পরিচিতি পাবে। জানা গেছে, প্রথম দিকে সার্কেল ন্যাশনাল ট্রাস্ট খুবই সীমিত পরিসরে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে এবং গ্রাহকদের মূলত ক্রিপ্টো কারেন্সি-ভিত্তিক সেবা প্রদান করবে। তা ছাড়া আমেরিকার ন্যাশনাল ট্রাস্ট হিসেবে যে সকল প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স পায়, তারা ফেডারেলভিত্তিক নিবন্ধিত বৃহৎ ব্যাংকের মতো সকল প্রকার ব্যাংকিং বা আর্থিক সেবা গ্রাহকদের প্রদান করতে পারে না। আমেরিকার ব্যাংকিং খাত বিশ্বের অন্যান্য দেশ, এমনকি সমমানের উন্নত দেশ থেকেও ভিন্ন এবং স্বতন্ত্র। আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার সাথে অন্যান্য দেশের ব্যাংকিং ব্যবস্থার যথেষ্ট পার্থক্য এবং অমিল আছে। আমেরিকায় যেমন অসংখ্য ব্যাংক আছে, তেমনি আছে বিভিন্ন ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একদিকে যেমন ফেডারেলভিত্তিক নিবন্ধিত বৃহৎ ব্যাংক আছে, তেমনি আছে ছোট আকৃতির আঞ্চলিক ব্যাংক। এর বাইরে ফেডারেল নিবন্ধিত মাঝারি ধরনের ব্যাংকও আছে, যারা সীমিত পরিসরে হলেও বৃহৎ ব্যাংকের মতো সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করতে পারে। এর পাশাপাশি আছে ন্যাশনাল ট্রাস্ট ব্যাংক।
ন্যাশনাল ট্রাস্ট এবং অন্যান্য ব্যাংকের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। ন্যাশনাল ট্রাস্ট মূলত গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনা এবং সম্পদের রক্ষক হিসেবে কাজ করে। এসব প্রতিষ্ঠানের গ্রাহকের আমানত রাখতে কোনো বাধা নেই, কিন্তু সেই আমানত কোনোপ্রকার বীমা সুবিধা পায় না। আমেরিকার যে সকল বাণিজ্যিক ব্যাংক আছে, তাদের সংগৃহীত আমানত একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বীমা সুবিধা পেয়ে থাকে। সকল নিবন্ধিত বাণিজ্যিক ব্যাংকের সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্তৃক নিশ্চয়তা প্রদান করা থাকে। যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়, তখন সেই ব্যাংকের আমানতকারীরা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্সের নিশ্চয়তার আওতায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাবে। আমানতের এই বীমা সুবিধা ন্যাশনাল ট্রাস্টের ক্ষেত্রে নেই।
ক্রিপ্টো কোম্পানি যে ধরনের আর্থিক সেবা প্রদান করে, তাতে এসব কোম্পানির পূর্ণ ব্যাংকিং সেবা প্রদানের কোনো প্রয়োজন পরে না। তা ছাড়া এসব ক্রিপ্টো কোম্পানির গ্রাহকদের যে ধরন, তাতে সেসব কোম্পানির কাছে রক্ষিত আমানত বা সম্পদের বীমা সুবিধা পাওয়া, আর না পাওয়াতে কিছু যায় আসে না। কেননা এসব ক্রিপ্টো ব্যাংক মূলত ক্রিপ্টো কারেন্সির সাথে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবাই প্রদান করবে। যারা ক্রিপ্টো কারেন্সির মালিক এবং সেসব ক্রিপ্টো কারেন্সি, যারা ক্রিপ্টো ব্যাংকে জমা রাখবে, শুধুমাত্র তারাই এই ক্রিপ্টো ন্যাশনাল ট্রাস্টের সেবা পাবে। এখন পর্যন্ত সমাজের ধনাঢ্য ব্যক্তিরাই ক্রিপ্টো কারেন্সি জমা রাখেন। সমাজের এই শ্রেণির মানুষের অগাধ সম্পদ এবং এ কারণেই ঝুঁকি নেওয়ার সক্ষমতাও অনেক বেশি। তা ছাড়া এত বিশাল অঙ্কের আমানত তো আর বীমা সুবিধা বা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন নিশ্চয়তা প্রদান করার সুযোগ নেই, তা সে বৃহৎ ব্যাংকেই জমা রাখুক বা ক্ষুদ্র এবং ন্যাশনাল ট্রাস্ট ব্যাংকেই জমা রাখা হোক না কেন।
ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার আমানত পর্যন্ত বীমা সুবিধা বা অর্থ ফেরতের নিশ্চয়তা দিয়ে থাকে। এর অতিরিক্ত যেকোনো পরিমাণ আমানতের কোনোরকম অর্থ পাওয়ার নিশ্চয়তা নেই, তা সেই আমানত যেকোনো প্রকার ব্যাংকেই জমা রাখা হোক না কেন। অথচ ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো ব্যাংকে মানুষ মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পরিমাণ অর্থ জমা রাখবে। তবে এ কথা ঠিক যে ক্রিপ্টো কোম্পানি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স পাওয়ার কারণে, তারা একটি নিয়ন্ত্রক সংস্থার তদারকির মধ্যে থাকবে। অনেক নিয়ম এবং বিধিবিধান মেনে চলতে হবে। ফলে তাদের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে। এ কারণে এসব ক্রিপ্টো কোম্পানি অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সমান প্রতিযোগিতায় থেকে ব্যবসা পরিচালনা করতে পারবে। সার্কেল গ্রুপের প্রধান নির্বাহী, জেরেমি অ্যালায়ারি যথার্থই বলেছেন যে ফেডারেল নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স পাওয়ার কারণে তাদের সার্কেল ন্যাশনাল ট্রাস্ট ফেডারেল নিয়ন্ত্রক সংস্থার সরাসরি নিয়ন্ত্রণ এবং তদারকির মধ্যে থাকবে। এ কারণে তাদের প্রতিষ্ঠানের একটি মান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা প্রদান নিশিচত করা সম্ভব হবে। তাদের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে এবং তারাও গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদান করতে পারবে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, সার্কেল ন্যাশনাল ট্রাস্ট মূলত ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা এবং ডিজিটাল সম্পদ সংরক্ষণের মতো সেবা প্রদান করবে। ক্রিপ্টো কারেন্সি যেহেতু ডিজিটাল অ্যাসেট, তাই তাদের জন্য এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এ ব্যাপারে সার্কেল ন্যাশনাল ট্রাস্ট ডিজিটাল অবকাঠামোতে পর্যাপ্ত বিনিয়োগ করার কথা জানিয়েছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেভাবে এগিয়ে চলেছে, তাতে তাদের ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের কাজটাও অনেক সহজ হয়ে গেছে এবং এই পথে ক্রিপ্টো কোম্পানিগুলো যথেষ্ট এগিয়েও আছে।
সার্কেল ন্যাশনাল ট্রাস্টের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স পাওয়ার ঘটনা মোটেই অপ্রত্যাশিত ছিল না। বিশেষ করে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে আসার পর থেকেই ক্রিপ্টো কোম্পানির সুদিন আসতে শুরু করে। ট্রাম্প নিজে একজন ক্রিপ্টোর সমর্থক। তা ছাড়া বর্তমান সিনেটের অনেক সদস্য ক্রিপ্টো কারেন্সির জোরালো সমর্থক। ফলে পুরো ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোর পক্ষে রয়েছে। ক্রিপ্টো কারেন্সিকে একটি নিয়ন্ত্রণের মধ্যে এনে একে মূলধারার আর্থিক খাতের সাথে সম্পৃক্ত করার প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ছিল এবং আছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ক্রিপ্টো কোম্পানিগুলো তাদের ব্যাংকিং কার্যক্রম চালু করার প্রচেষ্টা এগিয়ে নেয়। বিশেষ করে যে সকল ক্রিপ্টো কোম্পানির স্ট্যাবলকয়েন আছে, তারা সবাই ব্যাংক চালু করার সিদ্ধান্ত নেয়। স্ট্যাবলকয়েন হচ্ছে সেইসব ক্রিপ্টো কারেন্সি, যার বিপরীতে নির্দিষ্ট মূল্যের ডলার জমা রাখা আছে। ফলে এই ধরনের ক্রিপ্টো কারেন্সির টেকসই অন্তর্নিহিত মূল্য থাকে। স্ট্যাবলকয়েনই মূলত ক্রিপ্টো কোম্পানির ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পথ সুগম করে দিয়েছে।
ক্রিপ্টো কোম্পানির ব্যাংকে পরিণত হওয়ার বিষয়টি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য বড় ধরনের হুমকি। আমেরিকার বাণিজ্যিক ব্যাংকগুলো, বিশেষ করে বৃহৎ ব্যাংকগুলো আগে থেকেই বিষয়টি বুঝতে পেরেছিল এবং এজন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, যাতে ক্রিপ্টো কোম্পানি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুযোগ না পায়। কিন্তু তারা সফল হতে পারেনি। ফলে বেশ কয়েকটি ক্রিপ্টো কোম্পানি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পথে অনেকদূর এগিয়ে যায়, যাদের মধ্যে মাত্রই সফল হয়েছে সার্কেল গ্রুপ। সার্কেল ন্যাশনাল ট্রাস্টের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে ক্রিপ্টো ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মাত্র। এর ফলে ক্রিপ্টো কোম্পানি এবং আমেরিকানরা তো লাভবান হবেই। সেই সাথে বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের ব্যাংকের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে। কেননা শিথিল নিয়মকানুনের অভিযোগে উন্নয়নশীল দেশের অনেক ব্যাংক আমেরিকার বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে লেনদেন সম্পর্ক রক্ষা করতে পারে না। ফলে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তিতে উন্নয়নশীল দেশের অনেক ব্যাংকের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়।
এখন প্রশ্ন হচ্ছে, ক্রিপ্টো কোম্পানি ব্যাংক হওয়ার সুযোগ পেলে আমাদের দেশের ব্যাংকের কী লাভ। এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া বেশ কঠিন। কেননা আমাদের দেশের ব্যাংকিং খাত প্রযুক্তি ও বিধিবিধান মেনে চলার দিকে এতটাই পিছিয়ে যে, কোনোরকম আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। তবে প্রত্যক্ষ লাভ সেভাবে না থাকলেও, পরোক্ষ লাভ যে একেবারে নেই, তেমন নয়। কারণ একই অভিযোগে আমাদের দেশের ব্যাংকও আমেরিকার বাণিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন সম্পর্ক রাখতে পারে না। ফলে তারাও আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তিতে সমস্যার সম্মুখীন হয়। ক্রিপ্টো কোম্পানি ব্যাংকিং কার্যক্রম শুরু করলে, তাদের মাধ্যমে ক্রস-বর্ডার পেমেন্টের কাজ কিছুটা সহজ হয়ে যাবে। এজন্য প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন।
প্রথম দিকে এসব ক্রিপ্টো ব্যাংক খুব বেশি কঠোরতা অবলম্বন করবে না। কিন্তু পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকের মতো ক্রিপ্টো ব্যাংকও কঠোর হতে শুরু করবে। যারা প্রথম দিকে নতুনভাবে লাইসেন্স পাওয়া ক্রিপ্টো ব্যাংকের সাথে লেনদেন শুরু করবে, তারাই সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় থাকবে। এ কথা ঠিক যে শুধুমাত্র একটি মাত্র ক্রিপ্টো কোম্পানি, সার্কেল ন্যাশনাল ট্রাস্ট ব্যাংক পরিচালনার লাইসেন্স পাওয়ার সাথে সাথে যে এরকম সুযোগ সৃষ্টি হবে, তেমনটা ভাবার কোনো কারণ নেই। তবে যখন বেশ কয়েকটি ক্রিপ্টো ব্যাংক লাইসেন্স পেয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করবে, তখন এই ধরনের সুযোগ সৃষ্টি হওয়াই স্বাভাবিক। তাই বাংলাদেশ ব্যাংকের উচিত বিষয়টির প্রতি গভীর দৃষ্টি রাখা, বিষয়টি নিয়ে বিচার-বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ প্রদান করা।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা