ছবি: সংগৃহীত
গত বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছে সাত জন। যদিও কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবরে বলা হয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিল। মৃত্যুকে দূরে ঠেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুকে আলিঙ্গনের এই হৃদয়বিদারক ঘটনা পাষাণেরও অশ্রু ঝরিয়েছে। নিহতদের পরিবারের জন্য তা বিনা মেঘে বজ্রপাততুল্য। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।
কলকাতার সংবাদ মাধ্যমের সূত্রের উদ্ধৃতি দিয়ে গতকাল প্রতিদিনের বাংলাদেশ অগ্নিকাণ্ডের কারণ, হোটেলটির অবস্থান ও পরিবেশ এবং স্থানীয় প্রশাসনের ঔদাসীন্যের যে বিবরণ তুলে ধরেছে তা রীতিমতো অবিশ্বাস্য। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের চেয়ে কয়েকগুণ এগিয়ে থাকা ভারত জনজীবনের নিরাপত্তা বিধান ও আইন কার্যকর করার ক্ষেত্রে যে ততটা আগুয়ান নয়, এটা এখন স্পষ্ট। কলকাতা পুর করপোরেশন ও রাজ্য সরকারের নাকের ডগায় আবাসিক হোটেল নামের ইট-পাথরের এসব বস্তিঘর কী করে বহাল তবিয়তে থাকছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। খবরে বলা হয়েছে, হোটেলটিতে তেমন কোনো জানালা ছিল না। ছিল না জরুরি নির্গমন ব্যবস্থাও। তিনতলা ভবনের ওই হোটেল নামের মৃত্যুকূপটির কলকাতা পুর করপোরেশনসহ অন্যান্য সরকারি সংস্থার অনুমোদন বা লাইসেন্স ছিল কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এখনও পর্যন্ত সেসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে, অনুমান করা যায়Ñ দুর্নীতি যেহেতু সীমান্ত মানে না, তাই বাংলাদেশের মতই সেখানেও ঘুষ-দুর্নীতির কমতি নেই। আর তারই প্রভাবে বস্তিতুল্য ভবনটি যদি ‘মনোরম পরিবেশে নিরাপদ’ আবাসিক হোটেলের স্বীকৃতি লাভ করে থাকে তা হলে অবাক হওয়ার কিছু নেই। অবশ্য এসব বিষয়ে সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ও এখতিয়ার একান্তই পশ্চিমবঙ্গ রাজ্য-সরকারের। নিকট প্রতিবেশী এবং ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমরা ঘটনার নির্মোহ তদন্ত ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাই।
এরই মধ্যে এই দুর্ঘটনা ও মৃত্যুর দায় নিয়ে বাংলাদেশ স্টাইলে শুরু হয়েছে ব্লেম গেম। কলকাতা সূত্রের বরাত দিয়ে প্রতিদিনের বাংলাদেশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগের পরিবর্তে ক্ষমতাসীন বিজেপি ও সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের আঙুল তুলেছেন সাবেক তৃণমূল সরকারের দিকে। তারা প্রশ্ন তুলেছেন, আগের সরকার কী করেছে? এমন ঘুপচি ঘরে পুর করপোরেশন কী করে ট্রেড লাইসেন্স দিল, ফায়ার লাইসেন্সই-বা কীভাবে দেওয়া হলো? প্রশ্নগুলো অবান্তর নয়, এড়িয়েও যাওয়ার উপায় নেই। অবশ্য এর জবাবে তৃণমূল আমলের প্রাক্তন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, সব বিষয় একজন মেয়রের পক্ষে দেখা সম্ভব নয়। তার মতে, ফায়ার লাইসেন্সের বিষয়টি দেখবে দমকল দপ্তর। আর ট্রেড লাইসেন্স আছে কি না তা মেয়রের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে দেখা সম্ভব নয়। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে আগের সরকারের ওপর দোষ চাপাচ্ছে।
তৃণমূলের প্রাক্তন এই মেয়র-মন্ত্রীর ভাষ্যের সঙ্গে কেউ যদি বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার সাযুজ্য খুঁজে পান, অবাক হওয়ার কিছু নেই। সাংবাদিক দম্পতি সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডের পরে তিনিও বলেছিলেন, ‘সরকারের পক্ষে মানুষের বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়’। আমরাও স্বীকার করি, নাগরিকদের বেডরুম পাহারা দেওয়া সরকার কাজ নয়, তেমনি ঘরে ঘরে গিয়ে ট্রেড লাইসেন্স পরীক্ষা করাও মেয়রের কাজ নয়। তবে উভয় ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্র রয়েছে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি-না তা দেখার দায়িত্ব স্ব-স্ব ক্ষেত্রে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরই। কলকাতার নিউমার্কেটের হোটেল নামের মৃত্যুকূপগুলো নিশ্চয়ই হঠাৎ করে গজিয়ে ওঠেনি। যেভাবেই হোক সাবেক সরকারের প্রশাসনকে ম্যানেজ করেই এগুলো ব্যবসা শুরু করেছে এবং এখনও তা চালিয়ে যাচ্ছে।
কলকাতার নিউমার্কেটের অগ্নিকাণ্ডকে একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে আমরা বলতে চাই, এ ঘটনা থেকে বাংলাদেশেরও শিক্ষণীয় আছে। আমাদের দেশেও এ ধরনের অসংখ্য আবাসিক ভবন ও হোটেল রয়েছে। সেগুলোর কোনোটির লাইসেন্স আছে, কোনোটির নেই। সরকারের উচিত অবিলম্বে কঠোর অনুসন্ধান চালিয়ে সেগুলোকে চিহ্নিত করে সিলগালা করে দেওয়া। যাতে কলকাতার মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এখানে না ঘটে।