বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু দলিল আছে, যা শুধু দলীয় ইশতেহারে আটকে থাকেনা, হয়ে ওঠে সময়ের ভাষা। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তেমনই একটি দলিল। প্রায় পাঁচ দশক পর আবার আরেকটি দলিল নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে, তা হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা। একজন কোদাল হাতে মাঠে নেমে খাল কেটে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখিয়েছিলেন, আরেকজন দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে রাষ্ট্রকাঠামো সংস্কারের মানচিত্র এঁকেছেন। দুজনের সময় ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু লক্ষ্য এক। প্রশ্ন একটাই- এই দুই দলিলের মধ্যে সম্পর্ক কী?
১৯ দফা বুঝতে হলে ১৯৭৫ সালের বাংলাদেশকে বুঝতে হবে। সদ্য স্বাধীন একটি দেশ, যুদ্ধের ক্ষত তখনও শুকায়নি, দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা গেছে, প্রশাসন স্থবির, সেনাবাহিনীতে চরম বিশৃঙ্খলা, অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে। আন্তর্জাতিক মহলে তখন বাংলাদেশের পরিচিতি ছিল‘ তলাবিহীন ঝুড়ি’। এমন একটি পরিস্থিতিতে দেশের দায়িত্ব অর্পিত হয় জিয়াউর রহমানের মাথায়।
দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম যে কাজটি করেন তা ছিল মানুষকে আস্থায় ফেরানো। ১৯৭৬ সালের ১ নভেম্বর তিনি যশোরের শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি মরা খাল সাধারণ মানুষকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে খনন করেন। স্থানীয় মানুষ ভালোবেসে এর নাম দেয় ‘জিয়া খাল’। তখন তিনি সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক। এটি ছিল একটি পাইলট প্রকল্প। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, সরকার একা নয়, জনগণকে সাথে নিলেই উন্নয়ন সম্ভব।
এই পাইলট প্রকল্পের সাফল্যের পর তিনি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন জাতির সামনে হাজির করেন। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল তিনি ঘোষণা করেন তার বিখ্যাত ১৯ দফা কর্মসূচি। ১৯ দফা ঘোষণার পর খাল খনন আর পাইলট প্রকল্প থাকে না, হয়ে যায় জাতীয় উন্নয়ন কর্মসূচির অংশ। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছোট-বড় চৌদ্দশত খাল খনন ও পুনঃখনন করা হয়েছিল।
জিয়াউর রহমানের ১৯ দফার মূল দর্শন ছিল দ্রুত আর্থ-সামাজিক রূপান্তর, আত্মনির্ভরশীলতা এবং জনগণের অংশগ্রহণে গ্রামীণ উন্নয়ন। যদি আমরা ১৯ দফাকে বিশ্লেষণ করি, তাহলে চারটি প্রধান স্তম্ভ পাওয়া যায়- প্রথম স্তম্ভ ছিল কৃষি ও গ্রামীণ উন্নয়ন। খাল খনন কর্মসূচি ছিল এর প্রধান হাতিয়ার। উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে কৃষককে পানি দেওয়া এবং বর্ষায় জলাবদ্ধতা দূর করা। এর ফলে ১৯৭৬-৭৭ ও ১৯৭৭-৭৮ সালে পরপর দুই বছর রেকর্ড খাদ্য উৎপাদন হয়। তিনি গ্রামসরকার ব্যবস্থা চালু করেন। উদ্দেশ্য ছিল প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে গ্রামের মানুষকে উন্নয়নের সিদ্ধান্তে যুক্ত করা। আজকের শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার প্রাথমিক ধারণা সেখান থেকেই এসেছে।
দ্বিতীয় স্তম্ভ ছিল শিল্প ও অর্থনীতি। তিনি জাতীয়করণ করা শিল্পগুলোকে আবার ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দিতে শুরু করেন। তিনি বেসরকারি খাতের ওপর আস্থা রাখেন। বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের যাত্রা তার হাত ধরেই শুরু হয়, যা আজ বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তিনি বাংলাদেশ পাট ও ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তার সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় ৭ দশমিক ৮ শতাংশ, যা তখন দক্ষিণ এশিয়ায় অন্যতম সর্বোচ্চ ছিল।
তৃতীয় স্তম্ভ ছিল জনসংখ্যা, শিক্ষা ও যুব উন্নয়ন। তিনি গণশিক্ষা কার্যক্রম এবং পরিবার পরিকল্পনাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দেন। তিনি বলতেন, অশিক্ষিত জনগণ নিয়ে উন্নয়ন সম্ভব নয়। তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন করেন।
চতুর্থ স্তম্ভ ছিল জাতীয় ঐক্য ও পররাষ্ট্রনীতি। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দেন, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই বাংলাদেশি। তিনি সার্ক গঠনের উদ্যোগ নেন, যা আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আঞ্চলিক ফোরাম।
অপরদিকে ২০২২ সালের ডিসেম্বরে বিএনপি প্রথম ২৭ দফা রূপরেখা দেয়। পরে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য গণতান্ত্রিক দল, সুশীল সমাজ ও পেশাজীবীদের সাথে দীর্ঘ আলোচনার পর ২০২৩ সালের ১৩ জুলাই এটি ৩১ দফা ঘোষণা করা হয়। এই ৩১ দফার প্রধান উদ্যোক্তা ও উপস্থাপক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক দিন পর, ৩০ ডিসেম্বর, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় এবং ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তাহলে ৩১ দফায় নতুন কী আছে? বস্তুত এটি শুধু অর্থনৈতিক কর্মসূচি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের মানচিত্র। দ্য ডেইলি স্টারে ২০২৩ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এটি শুধু নির্বাচন বা সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য।
৩১ দফার মূল প্রস্তাবগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়।
প্রথম ভাগ হলো ক্ষমতার ভারসাম্য। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা। দ্বিতীয় ভাগ হলো ছয়টি কমিশন গঠন। সংবিধান সংস্কার কমিশন, জাতীয় সমঝোতা কমিশন, বিচার বিভাগীয় কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, মিডিয়া কমিশন এবং অর্থনৈতিক সংস্কার কমিশন। এর মধ্যে জাতীয় সমঝোতা কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধ, নব্বইয়ের আন্দোলন ও চব্বিশের জুলাই আন্দোলনসহ সব ইতিহাসকে একসাথে ধারণ করে জাতীয় ঐক্য তৈরি করা। তৃতীয় ভাগ হলো নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ। নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, পুলিশ ও প্রশাসনকে দলীয়করণমুক্ত করার প্রস্তাব। চতুর্থ ভাগ হলো দ্বিকক্ষবিশিষ্ট সংসদ। জাতীয় সংসদের পাশাপাশি একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব, যেখানে শিক্ষাবিদ, পেশাজীবী, সংখ্যালঘু ও বিশিষ্ট নাগরিকরা থাকবেন। এর ফলে আইন প্রণয়নে আরও বেশি যাচাই-বাছাই হবে। পঞ্চম ভাগ হলো অর্থনৈতিক ও সামাজিক সংস্কার। ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ, কর্মসংস্থানমুখী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে ভর্তুকি বাড়ানো এবং তরুণ ও নারীর ক্ষমতায়ন।
জিয়াউর রহমানের ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফার মধ্যে একটি স্পষ্ট সাজুয্য আছে। দুটিরই মূল দর্শন হলো আত্মনির্ভরশীলতা ও জনগণের অংশগ্রহণ। জিয়া বলেছিলেন জনগণের অংশগ্রহণে উন্নয়ন, তারেক বলছেন জনগণের ভোটে গণতন্ত্র। জিয়া গ্রাম সরকারের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন, তারেক উচ্চকক্ষ ও শক্তিশালী স্থানীয় সরকারের মাধ্যমে একই কাজ করতে চান। পার্থক্যটা শুধু সময় ও প্রেক্ষাপটের। ১৯৭৭ সালে বাংলাদেশের প্রধান সমস্যা ছিল ক্ষুধা, দারিদ্র্য ও উৎপাদনহীনতা। তাই ১৯ দফার মূল ফোকাস ছিল কৃষি, খাল খনন ও শিল্প। আর ২০২৬ সালে বাংলাদেশের প্রধান সমস্যা ক্ষুধা নয়, বরং ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, সবখানে যে আস্থার সংকট রয়েছে, তা দূরীকরণই এখনকার চ্যালেঞ্জ।
শহীদ জিয়ার ১৯ দফা প্রমাণ করেছিল, সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে তলাবিহীন ঝুড়ি থেকেও খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হওয়া যায়। আর তারেক রহমানের ৩১ দফা সেই ধারাবাহিকতায় জনগণকে গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য এবং অর্থনৈতিক মুক্তির আশ্বাস দিচ্ছে।
গন্তব্যে পৌঁছতে হলে পথ চলতে হয়। জিয়া পথ হেঁটে দেখিয়েছিলেন। এখন তারেক রহমান ও তার দলকে প্রমাণ করতে হবে, তারা শুধু মানচিত্র আঁকেন না, পথও চলতে পারেন। যদি ৩১ দফা বাস্তবায়নে তারা আন্তরিক হন, তবে তা হবে ১৯ দফারই আধুনিক সংস্করণ। বাংলাদেশের মানুষ প্রতিশ্রুতি অনেক শুনেছে। এখন বাস্তবায়ন দেখতে চায়। তারা তারেক রহমানের পথচলায় জিয়াউর রহমানের দৃঢ় পদক্ষেপের ছায়া দেখতে চায়।
লেখক: কলামিস্ট ও সাংবাদিক