প্রতীকী ছবি
ফসলের উৎপাদন বাড়ানোর আশায় কৃষক যে রাসায়নিক উপকরণ প্রয়োগ করে, তা যদি শেষ পর্যন্ত মানুষের খাবারে জীবনবিনাশী বিষের উৎস হয়ে ওঠে, তাহলে বিষয়টি শুধু কৃষি বা বাজার ব্যবস্থাপনার সমস্যা থাকে না— এটি সরাসরি জনস্বাস্থ্য বিষয়ক সমস্যায় পরিণত হয়। সরকারি পরীক্ষাগারে কৃষি উপকরণে রাসায়নিক ভেজাল ধরা পড়ার খবর তাই জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি না করে পারে না। আরও উদ্বেগের বিষয়, অভিযোগের তালিকায় নামিদামি কোম্পানির নাম রয়েছে, যেগুলোর ওপর মানুষ আস্থা ও বিশ্বাস রাখে। অথচ অসাধু চক্র ওইসব কোম্পানি বা ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ও বিষাক্ত কেমিক্যালযুক্ত পণ্য বাজারে ছড়িয়ে দেয়। কিছু ক্ষেত্রে মূল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিম্নমানের বা অনুমোদিত মাত্রার অতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
প্রতিদিনের বাংলাদেশ-এ গতকাল ‘রাসায়নিকের নামে বিষ দিচ্ছে নামিদামি কোম্পানিগুলো’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। মাঠপর্যায় থেকে স্যাম্পল সংগ্রহ করে ল্যাব পরীক্ষায় ওইসব কোম্পানির পণ্যে ধরা পড়ে এই চিত্র। এসব পণ্যে যে উপাদান থাকার কথা, তার ছিটেফোঁটাও নেই। মূল উপাদানের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে রঙ ও পানি। জানা গেছে, শীর্ষস্থানীয় এসিআই লিমিটেডের ‘বাম্পার ফলন’ পণ্যের নমুনা পরীক্ষায়ও একই চিত্র পাওয়া গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যে উপাদান থাকার কথা ১২৫০ পিপিএম, সেখানে রয়েছে মাত্র ২০০ পিপিএম। সবচেয়ে ভয়াবহ চিত্র পাওয়া গেছে মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেডের পণ্যে। কোম্পানিটির হিউমিক অ্যাসিডে ১২ দশমিক ৫০ শতাংশ উপাদান থাকার নিয়ম। পরীক্ষায় পাওয়া গেছে মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ। একইভাবে অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিডে মানসম্পন্ন নয়। ফসল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও আইসিআই অ্যাগ্রিকেয়ারের পণ্যেও পাওয়া গেছে প্রচুর ভেজাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এসব তথ্য নিশ্চিত করেছে। তারা সারা দেশ থেকে বিভিন্ন কীটনাশকের নমুনা সংগ্রহ করে কৃষি ল্যাব, সায়েন্স ল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করে এসব অসঙ্গতি পেয়েছে।
বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যের মানও খুবই নিম্ন। টেনস অ্যাগ্রো, ইস্পাহান অ্যাগ্রো ও মার্শাল অ্যাগ্রোভেটের পণ্যেও ঘাটতি মিলেছে। এ ছাড়া গ্লোবাস অ্যাগ্রোভেট ও এসএএম অ্যাগ্রো কেমিক্যালের পণ্যে উপাদানের ব্যাপক অভাব। ইস্ট-ওয়েস্ট ও গোল্ডেন ক্রপ কেয়ারের পণ্যেও পাওয়া গেছে ভেজালের অস্তিত্ব। কৃষক এসব নিম্নমানের রাসায়নিক ব্যবহার করে প্রতারিত হচ্ছেন। এসব ভেজাল পণ্য কৃষির উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে। কৃষকের অর্থহানির পাশাপাশি এগুলো পরিবেশের চরম ক্ষতি করছে। জানা গেছে, বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠান ভেজাল পণ্য বাজারজাত করছে।
উল্লেখ্য, দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ কীটনাশক বিদেশ থেকে আমদানি হয়। নির্দিষ্ট বিদেশি উৎস থেকে আমদানির আইন থাকলেও তা মানা হচ্ছে না। অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করে চলছে রমরমা ব্যবসা। এসবের নজরদারিতে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। হাইকোর্টে রিট দায়ের করা হলেও অপতৎপরতা থামেনি।
কৃষিতে রাসায়নিকের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। বরং তা কৃষি উৎপাদনে সহায়ক। সার, কীটনাশক ও অন্যান্য উপকরণ সঠিক মাত্রায় ও সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে উৎপাদনশীলতা বাড়ে। বিপরীত দিকে অনিয়ন্ত্রিত ব্যবহার, ভুল উপাদান, অতিরিক্ত মাত্রা কিংবা ভেজাল পণ্য মাটির উর্বরতা নষ্ট করে, জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরেও ঝুঁকি তৈরি করে। লাভের জন্য দেওয়া রাসায়নিক প্রয়োগ যদি শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায় তখন তা ভয়ংকর লোকসানে পরিণত হয়।
এ কথা সত্য যে, সাধারণ কৃষক রাসায়নিকের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে পণ্য কেনেন না। বাজারে প্রচলিত নাম, কোম্পানির সুনাম, বিক্রেতার পরামর্শ এবং প্যাকেটের গায়ে থাকা দাবি— এসবের ওপরই তাকে নির্ভর করতে হয়। ফলে কোনো কোম্পানি যদি নিম্নমানের বা ভেজাল উপাদান বাজারজাত করে, তার ক্ষতির প্রথম শিকার কৃষক; পরবর্তী শিকার ভোক্তা। তাই বাজারে পণ্য ছাড়ার আগে মান যাচাই, নিয়মিত নমুনা সংগ্রহ, সরকারি ল্যাবে পরীক্ষা এবং পরীক্ষার ফল দ্রুত প্রকাশ— এসব ব্যবস্থা কার্যকর না হলে শুধু অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। ভেজাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে সরকারি নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কোন পণ্যে কী রাসায়নিক পাওয়া গেছে, অনুমোদিত মাত্রা কত, পরীক্ষার ফল কী এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে— এসব তথ্য জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশ করা হয় না। অথচ তা প্রকাশ করা অতীব জরুরি। শুধু কয়েকটি পণ্য জব্দ করে সংবাদ সম্মেলন করলে হবে না; বাজারে একই পণ্যের অন্য চালান বা সংশ্লিষ্ট উপাদানগুলোও পরীক্ষা করতে হবে।
আমরা মনে করি, কৃষককে ভেজালমুক্ত কৃষি উপকরণ দেওয়ার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের। কোম্পানির সুনাম যত বড়ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কৃষকের ঘামে উৎপাদিত খাদ্য যেন রাসায়নিক ভেজালের কারণে মানুষের জন্য বিষে পরিণত না হয়— এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।