নূরুদ্দীন দরজী
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৩:০৮ পিএম
নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ইয়ামাল ২০২৬ সালের বিশ্বকাপে স্পেনের হয়ে খেলেছেন। পুরো টিমে তিনিই একমাত্র মুসলমান খেলোয়াড়। তার খেলার স্টাইল, গতি, ব্যবহারÑ সবকিছু মিলিয়ে সমগ্ৰ বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম বিশ্বের দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। দর্শকরা অপলক নয়নে তার খেলা উপভোগ করেছেন। বলতে গেলে বহুদিন পর বিশ্ব-মুসলমানরা তাকে কেন্দ্র করে আনন্দ পেয়েছেন। নিজেদের অতীত নানা গৌরবের কথা স্মরণ করেছেন। আবার আশান্বিতও হয়েছেন।
ইতিহাস সাক্ষী হয়ে আছে, মুসলমানরা স্পেন শাসন করেছে ৭৮১ বছর। ১৪৯২ সালে দ্বিতীয় মুহাম্মদের আত্মসমর্পণের মাধ্যমে মুসলমানদের গৌরবোজ্জ্বল শাসনের অবসান ঘটেছিল। সর্বশেষ গ্ৰানাডায় পরাজিত হলে স্পেনে মুসলমানদের শাসন-সূর্য ডুবে যায়। গ্ৰানাডা ছেড়ে যাওয়ার প্রাক্কালে শেষ মুসলিম শাসক বোয়াবদিল শেষবারের মতো শহরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়েছিলেন। সেই থেকে মুসলমানদের অন্তরে স্পেন নিয়ে মর্মবেদনা ও দীর্ঘ নিঃশ্বাস প্রবহমান। দীর্ঘদিনের রুদ্ধ নিঃশ্বাস হাসির ঝলক হয়ে আবার যেন ফিরে এসেছিল ২০২৬ সালের ২০ জুলাই বিশ্বকাপের ফাইনাল মঞ্চে। হেসেছে মানুষ স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে। স্পেনের প্রতি অভিনন্দন বর্ষিত হয়েছে সমগ্ৰ পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলমানদের। বর্তমানে স্পেনে মুসলিম জনসংখ্যা ক্রমবর্ধমান। ইতোমধ্যে ৫% ছাড়িয়ে গেছে এবং বেড়েই চলেছে। অথচ ১৪৯২ সালের পরাজয় পরবর্তী কিছুদিনের মধ্যেই বলতে গেলে স্পেন মুসলিম শূন্য হয়ে পড়েছিল। বহুদিন পর হলেও স্পেনের অনেক কৃতজ্ঞ মানুষ বুঝতে শুরু করেছেন, ৬৩২ বছর অতিক্রান্ত হলেও স্পেনে এখনও আছে মুসলমানদের অনেককিছু। আছে তাদের ইতিহাস, স্থাপত্য কীর্তি, সংস্কৃতি ও ঐতিহ্য। স্পেনিশ ভাষায় ঢুকে পড়েছে চার হাজারের মতো আরবি শব্দ। পৃথিবীতে যুগে যুগেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়েছে ভাগ্যের অন্বেষণে। করেছে কত না যুদ্ধ। পরাস্ত হয়ে চোখের পানি মুছতে মুছতে আবার ফিরে গেছে অনেকে আপন ঠিকানায়। তারপরও অনেকের বুকের ভেতর রয়ে গেছে অমোচনীয় স্মৃতি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেরিয়েছে সে প্রভাব। ক্ষণে ক্ষণে জাগিয়েছে সহানুভূতি। মুসলমানরাও পিছিয়ে নেই। স্পেনবাসীকে তারা আপন মনে করছে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বিজয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মদ আব্বাস অভিনন্দন জানিয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে। অভিনন্দন জানিয়েছে হামাস এবং ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ। ফুটবলে স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় খুশির আনন্দে ভাসছে। স্পেন ফুটবল দলের একমাত্র মুসলমান খেলোয়াড় লামিন ইয়ামালের ফিলিস্তিনবাসীর জন্য সর্বাঙ্গীণ শুভকামনা দেখে আনন্দ শতগুণে বাড়িয়ে দিয়েছে। মুসলমানরা ইয়ামালকে অন্তরের গভীরতম স্থানে বসিয়ে নিয়েছে।
বিশ্বকাপ ফুটবল সমগ্ৰ বিশ্বকে এক সুতায় বেঁধে নিয়েছে। ২০২৬-এর বিশ্বকাপকে সুন্দর, সুবর্ণ, তারুণ্য আর লাবণ্যে ইয়ামাল ফুটিয়ে তুলেছে দারুণভাবে। মাত্র ১৯ বছরের একটি ছেলের খেলা দেখে বিশ্ববাসী রোমাঞ্চিত হয়েছে। পেলে খুব অল্প বয়সে ফুটবল খেলে বিশ্বব্যাপী যে সুনাম অর্জন করেছেন সে পথের পথিক হিসেবে অনেকেই ইয়ামালকে ধরে নিচ্ছে। ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অন্তর্ভুক্ত হয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন। ২০২৪ সালে স্পেনের ইউরোকাপ জয়ে অসাধারণ খেলে দর্শকমন জয় করে নিয়েছেন। তা ছাড়াও লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতা খেলোয়াড় হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি খেলেন রাইট উইংয়ের ডান প্রান্তে। তার গতি এবং পাসিং জাদু অনন্য। বিশ্বকাপের ফাইনাল খেলায় আর্জেন্টিনার শক্তিশালী ডিফেন্সের বিরুদ্ধে বার বার হানা দিয়ে ভিত কাঁপিয়ে দিয়েছেন, যা দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেছেন। বিশ্বের সেরা সেরা ফুটবলপ্রেমীরা ইয়ামালকে মেসির উত্তরসুরি মনে করছেন। তার রয়েছে অসাধারণ দৃষ্টিভঙ্গি ও মানসিকতা। খেলার মাঠে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে বিনয়ের সহিত দুই হাত উঁচিয়ে আবেদন সবার দৃষ্টি কেড়ে নেয়। হারজিত যাই হোক খেলা শেষে প্রতিপক্ষ খেলোয়াড়কে বুকে জড়িয়ে নেন। গোলের পর তিনি ‘৩০৪’ সংখ্যা প্রদর্শন করে তার শৈশবের সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কোড নাম্বার দেখান। খেলায় গোলের পর একটি সেজদা দিয়ে দুই হাত তুলে ক্ষণিক দোয়ার মাধ্যমে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।
ইয়ামাল একজন মুসলমান। পুরো নাম লামিন ইয়ামাল। আরবি শব্দে ‘লামিন’ সাধারণত ‘আল আমিন’ শব্দের সমার্থক মনে করা হয়। আবার ইয়ামাল ‘জামাল’ শব্দের রূপান্তর। তার বাবা মরক্কোবাসী, নাম মুনির নাসরাউই এবং মা শিলা ইবান গিনির অধিবাসী ছিলেন। স্পেনেই তাদের প্রথম সাক্ষাৎ ও পরিচয়। পরিচয় থেকে পরিণয়। বাবা রং মিস্ত্রির কাজ করতেন এবং মা ফাস্টফুডের দোকানের কর্মচারী ছিলেন। বিয়ের কিছুদিনের মধ্যে পুত্র সন্তান লাভ করেন তারা। নাম রাখা হয় লামিন ইয়ামাল। উল্লেখ্য, এ দম্পতির বন্ধু ও অত্যন্ত কাছের মানুষ ছিলেন দুইজন। যাদের একজনের নাম লামিন আর অপরজন ইয়ামাল। মা-বাবা ওই দুই বন্ধুর নাম একত্রিত করে ছেলের নাম রাখেন লামিন ইয়ামাল। কিন্তু দুঃখজনক যে, ছেলের বয়স যখন মাত্র ৩ বছর তখন তাদের ছাড়াছাড়ি অর্থাৎ ডিভোর্স হয়ে যায়। তাদের আয় দিয়ে সংসার চলত না, আর আর্থিক অভাব অনটনই ডিভোর্সের জন্য দায়ী বলে মনে করা হয়। অনন্যোপায় হয়ে তার দিদিমা ফাতেমা অত্যধিক পরিশ্রম করে ইয়ামালকে বড় করে তোলেন। দিদিমা ফাতেমা একদিন অভাব অনটনের কারণে স্পেনে একাকী পাড়ি জমিয়েছিলেন। তার কিছু পর ছেলে অর্থাৎ ইয়ামালের বাবাকে নিয়ে আসেন। দাদিমা ফাতেমা কঠোর পরিশ্রমের কাজ করে অতি কষ্টে ইয়ামালকে বড় করে তোলেন। তখন তারা বসবাস করত একটি দরিদ্র এলাকায়। সেই দরিদ্র পরিবারের সদস্যদের জন্য ইয়ামাল একটি করে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। ইতোমধ্যে তার দিদিমার জন্য পছন্দের বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এ বাড়িতে বসেই বর্তমান ২০২৬-এর বিশ্বকাপের খেলায় তিনি নাতির পারফরমেন্স দেখেছেন প্রাণভরে। মা ও বাবাকে স্টেডিয়ামের স্বতন্ত্র গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থা করে দেন। মার সাথে খেলা দেখেছেন সৎ ভাই কিয়েন। গার্লফ্রেন্ড ইন্যাস গার্সিয়া সান্তোসের জন্য তো ছিলই স্পেশাল ব্যবস্থা।
বর্তমান বিশ্বের শীর্ষ ফুটবলারদের একজন হয়ে উঠেছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ের দৌড়ে তিনি বিশ্ব ফুটবলের একেবারেই কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন। বার্সেলোনায় তার ১০ নাম্বার জার্সি ছিল। বিশ্বকাপে মেসিকে সম্মান জানিয়ে ইয়ামাল ১৯ নাম্বার জার্সি পরিধান করেছেন। ১৯ নাম্বারটি তিনটি কারণে ধন্য হয়েছে। ইয়ামালের বয়স ১৯, তার জার্সি নাম্বার ১৯ এবং জুলাই মাসের ১৯ তারিখে আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলায় তার দল জয়ী হয়েছে। অন্যদিকে মেসির বয়স ৩৮ আর তার সতীর্থ ইয়ামাল অর্ধেক ১৯ নাম্বার একটি লাকী নাম্বার হিসেবে ধরে নেয় অনেকেই। ইয়ামালের বুট জোড়ায় রয়েছে তিনটি বিশেষ প্রতীক, যথাক্রমে বাবার সম্মানে মরক্কোর পতাকা, মায়ের সম্মানে গিনির পতাকা ও বার্সেলোনার সেই দরিদ্র এলাকার ৩০৪ নাম্বার যেথায় বড় হয়েছেন।
বিশ্বমঞ্চে ইয়ামাল মুসলিম পরিচয় নিয়ে গর্ববোধ করেন। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বতা বিশ্বের মুসলমানদের মতো তাকেও আহত করেছে। ধর্মীয় বিশ্বাস ও বর্ণবাদের বিরুদ্ধ তার দৃঢ় অঙ্গীকার রয়েছে। ধর্ম নিয়ে উপহাস করা চরম অসম্মানজনক মনে করেন তিনি। তার মতে যারা ধর্মের ভিত্তিতে মানুষের বিচার করে ও উপহাসের হাতিয়ার বানায় তারাই মূলত বর্ণবাদী। বর্ণবাদ ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে তার এমন অবস্থানের কারণে স্পেনিশ ফুটবল ফেডারেশন ও ফিফা তার পাশে দাঁড়িয়েছে। এক কথায় বর্ণবাদের বিরুদ্ধে ইয়ামাল সোচ্চার, যে কারণে তার প্রতি মুগ্ধতায় মুসলমানরা আপ্লুত। বিশ্বের অন্যান্য মুসলিম ফুটবলারদের তিনি ছাড়িয়ে গেছেন বলে অনেকে মনে করেন।
লেখক: কলামিস্ট ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার।