× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিংক বাসের যাত্রা শুভ হোক

সম্পাদকীয়

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গণপরিবহনে নারীদের যাতায়াত নিরাপদ করতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নেমেছে বিআরটিসির ‘পিংক বাস’। প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টিসহ মোট ১৪টি বাস নামানো হয়েছে। এর মধ্যে দেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামে দুটি এবং জনবহুল শহর বগুড়ায় দুটি বাস রয়েছে। গতকাল তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে বিশেষ এই বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম পর্যায়ে এই পরিবহন রাজধানীর নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুটে চলাচল করবে। উল্লেখ্য, গোলাপি রঙের এ বাসগুলোর চালক ও কন্ডাক্টর দুই দায়িত্বেই থাকছেন নারীরা। 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এই বিশেষ বাস সার্ভিস চালু করা হলো। আমরা মনে করি, এই গণপরিবহন নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে তাদের কর্মসংস্থান ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। বলা প্রয়োজন, এর আগেও বিআরটিসির উদ্যোগে নানা সময়ে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হয়েছিল। তবে তা নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এবার নতুন করে বাস সার্ভিস চালুর ফলে নগরীর নারী যাত্রীদের মধ্যে যে আশা জেগেছে- তা যেন অতীতের মতো ব্যাহত না হয়। স্বীকার করতে হবে, রাজধানী এখন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বহু ফ্লাইওভারসমৃদ্ধ। ইতোমধ্যে মেট্রোরেলে নারীদের জন্য আলাদা বগি বরাদ্দ করা হয়েছে। যা নারীদের নিরাপদ পরিবহন ব্যবস্থার উদাহরণ বলা যায়। 

এ কথা সত্য যে, ঢাকার ব্যস্ত সড়কে প্রতিদিন লাখো মানুষ গণপরিবহনে যাতায়াত করে। তাদের বড় একটি অংশ নারী। কর্মজীবী নারী, শিক্ষার্থী, গৃহিণী কিংবা বিভিন্ন পেশার মানুষÑ জীবিকার তাগিদে ও প্রয়োজনের কারণে প্রতিদিনই তাদের গণপরিবহনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু ভিড়, অতিরিক্ত যাত্রী, বখাটেদের অনাকাঙ্ক্ষিত স্পর্শ, হয়রানি, অস্বস্তিকর পরিবেশ এবং নিরাপত্তাহীনতার কারণে নারীদের গণপরিবহনে চলাচল এখনও দুর্ভোগের নাম। এই বাস্তবতায় রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য এই বিশেষ বাস চালুর উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে ঢাকার মতো মেগাসিটিতে মাত্র ১০টি বাস যে নিতান্তই অপ্রতুল তা বলার অপেক্ষা রাখে না। এ উদ্যোগের সুফল পেতে হলে বাসের সংখ্যা ও রুট আরও বাড়াতে হবে। সে সাথে বিআরটিসির পাশাপাশি হাতিরঝিল ও গুলশানের চক্রাকার বাস সার্ভিসের মতো রাজউক ও সিটি করপোরেশনের উদ্যোগে অনুরূপ সার্ভিস চালু করলে তা অধিকতর সুফল বয়ে আনবে। 

রাজধানীর যানজট এখন আর আকস্মিক ঘটনা নয়, এটি নগরজীবনের নিত্যদিনের বাস্তবতা। এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কে প্রশিক্ষিত ও দক্ষ চালকের সংকট। এমন পরিস্থিতিতে নারীদের পরিচালনায় চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মূল লক্ষ্যই যদি হয় নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাÑ তাহলে চালকের দক্ষতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।

বাস পরিচালনায় নারীরা যুক্ত থাকবেনÑ এটি নিঃসন্দেহে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। তবে নারীচালক বা কর্মীদের শুধু গাড়ি চালানোর দক্ষতা অর্জন করলেই হবে না; রাজধানীর জটিল ট্রাফিক পরিস্থিতি মোকাবিলা, প্রতিকূল আবহাওয়া, যাত্রী ওঠানামা, জরুরি পরিস্থিতি এবং দুর্ঘটনা এড়ানোর কৌশলেও তাদের বিশেষ প্রশিক্ষণ জরুরি। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণের বিষয়টিও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। এর পাশাপাশি নিয়মিত দক্ষতা যাচাই, ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান এবং নিরাপত্তা প্রটোকল অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, এটি শুধু একটি পরিবহনসেবা নয়, এটি নারীর নিরাপত্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত একটি উদ্যোগ। 

শুধু তাই নয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, জরুরি যোগাযোগব্যবস্থা এবং অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। নির্দিষ্ট স্টপেজে নিয়ম মেনে বাস থামানো এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ করাও নিশ্চিত করতে হবে। এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, নারীদের গণপরিবহন ব্যবহারে আস্থা বাড়ানো। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে অনেক নারী ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হতে পারেন। এতে একদিকে যেমন নারীর চলাচলের স্বাধীনতা বাড়বে, অন্যদিকে রাজধানীর যানজট ও পরিবেশদূষণ কমাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। 

এই বাস সার্ভিসকে বিচ্ছিন্ন কোনো প্রকল্প হিসেবে দেখলে চলবে না। নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে হলে পুরো পরিবহনব্যবস্থাকেই নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জবাবদিহিমূলক করতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সব যাত্রীর জন্য নিরাপদ গণপরিবহনই হওয়া উচিত আমাদের চূড়ান্ত লক্ষ্য। এটি নারীর নিরাপদ চলাচলের পথে একটি সম্ভাবনাময় পদক্ষেপ মাত্র। উদ্যোগটি যদি পরিকল্পিত পরিচালনা, নিয়মিত নজরদারি ও কার্যকর জবাবদিহির মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তাহলে এই গোলাপি উচ্ছ্বাস একদিন রাজধানীর প্রতিটি গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমরা মনে করি, নারীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা কেবল নারীর অধিকার নয়Ñ এটি একটি আধুনিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক নগরীর অপরিহার্য শর্ত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা