× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ অর্থনীতি ও এসএমই খাত

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১২:৩০ পিএম

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রামীণ অর্থনীতি আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। কৃষি, মৎস্য, পশুপালন, কুটিরশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও গ্রামীণ সেবাখাত এর প্রধান অংশ। সহজ করে বললে গ্রামীণ অর্থনীতি কর্মসংস্থান সৃষ্টি, খাদ্যনিরাপত্তা এবং মানুষের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাত শিল্পায়ন, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দুটি খাতের ওপর নির্ভরশীল। গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বৃদ্ধি পেলে স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়ে। নারীর কর্মসংস্থান ও স্বনির্ভরতাও বৃদ্ধি পায়। আরও সহজ করে বললে, গ্রামীণ অর্থনীতি ও এসএমই খাত একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। তাই দুটি খাতকে সমভাবে গুরুত্ব না দিলে রাষ্ট্রের কাঙ্ক্ষিত অগ্রগতির পথে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। 

অর্থায়নের অভাব, প্রযুক্তিগত দুর্বলতা, দক্ষ জনবলের সংকট, বাজারজাতকরণ সমস্যা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এ খাতের বড় চ্যালেঞ্জ। প্রান্তিক পর্যায়ে ব্যাংক ঋণ ও অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া গেলে গ্রামীণ অর্থনীতি ও এসএমই খাত আরও শক্তিশালী হবে। ফলে জাতীয় আয়, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার সুযোগ পাবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এই দুটি খাতের যে চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক। গত বছর ডিসেম্বরে দেশের গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতির প্রধান চালিকাশক্তি কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত এখন সম্প্রসারণ নয়, বরং সংকোচনের মুখে পড়েছে। এই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণস্থিতি ছিল ৩ লাখ ১৪ হাজার ২৭৩ কোটি টাকা। এর প্রায় তিন মাস পরই তা ৫ দশমিক ১৪ শতাংশেরও বেশি কমেছে। অথচ এ খাত কৃষি-বহির্ভূত মোট কর্মসংস্থানের প্রায় ৮০-৮৫ শতাংশ কর্মসংস্থান তৈরিতে অবদান রাখে। উল্লেখ্য, এ খাতের মোট প্রতিষ্ঠানের ৭০ শতাংশই গ্রামাঞ্চলে। যেহেতু পরিপূরক তাই এই খাত ধুঁকলে গ্রামীণ অর্থনীতিও সংকুচিত হয়ে পড়ে। অবশ্য সরকার এ দুটি খাতের সম্প্রসারণে এখন বাড়তি জোর দিচ্ছে। এই লক্ষ্যে প্রণোদনা তহবিলও গঠন করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনামূলক কম ঋণ বিতরণসহ নানামুখী সংকট দীর্ঘদিনের। 

আমাদের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোগের গুরুত্ব বহুদিন ধরেই স্বীকৃত। শহরের বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাম ও মফস্বলের অসংখ্য ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানই প্রতিদিনের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখে। কৃষিপণ্য উৎপাদন ও বিপণন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তাঁত, হস্তশিল্প, মৎস্য, প্রাণিসম্পদ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন সেবা খাতে লাখ লাখ মানুষ সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত। এসব প্রতিষ্ঠানের বড় অংশের পুঁজি সীমিত। ফলে সামান্য আর্থিক সংকটও তাদের ব্যবসার ওপর বড় আঘাত হানতে পারে।

আসলে অর্থনীতির চাকা যখন ধীর হয়ে আসে, তখন প্রথম বিপদে পড়ে সে মানুষটি, যার পুঁজি কম, সঞ্চয় সীমিত এবং বিকল্প আয়ের সুযোগও কম। অপ্রিয় হলেও সত্য, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বর্তমান বাস্তবতা অনেকটাই এমন। বিশেষ করে মূল্যস্ফীতির চাপ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারে চাহিদার দুর্বলতা, উচ্চ সুদহার এবং বিনিয়োগের অনিশ্চয়তাÑ সব মিলিয়ে প্রান্তিক পর্যায়ের ব্যবসা ও উৎপাদন কার্যক্রম ক্রমেই চাপে পড়ছে। অথচ এই উদ্যোক্তারাই গ্রামীণ কর্মসংস্থান, স্থানীয় বাজার এবং উৎপাদনশীল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ অবস্থায় গ্রামীণ অর্থনীতি ও এসএমই খাতে ব্যাংক ঋণ ও প্রাতিষ্ঠানিক অর্থায়ন বাড়ানো এখন কেবল উন্নয়ন নীতির বিষয় নয়; এটি অর্থনীতিকে সংকোচনের হাত থেকে রক্ষা করার অন্যতম উপায়ও।

অর্থনীতির বড় অংশ যখন মূল্যস্ফীতির কারণে চাপে থাকে, তখন ছোট উদ্যোক্তার সংকট আরও গভীর হয়। কাঁচামালের দাম বাড়ে, শ্রমের খরচ বাড়ে, পরিবহন ব্যয় বাড়ে; কিন্তু পণ্যের দাম একইহারে বাড়ানো সবসময় সম্ভব হয় না। কারণ স্থানীয় ক্রেতাদেরও আয় ও ক্রয়ক্ষমতা সীমিত। ফলে উদ্যোক্তার লাভের মার্জিন কমে আসে। অনেক ক্ষেত্রে ব্যবসা চালু রাখতেই তাকে নতুন করে ধার করতে হয়। আর একজন বড় শিল্পোদ্যোক্তার জন্য ব্যাংকঋণ পাওয়ার প্রক্রিয়া এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য এক হয় না। বড় প্রতিষ্ঠানের নিরীক্ষিত হিসাব, সম্পদের কাগজপত্র, ব্যাংক লেনদেনের দীর্ঘ ইতিহাস ও পর্যাপ্ত জামানত থাকে। কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা হয়তো কয়েক লাখ টাকার; হিসাবরক্ষণ অনানুষ্ঠানিক; ব্যবসার বড় অংশ নগদ লেনদেননির্ভর এবং তার নামে পর্যাপ্ত স্থাবর সম্পদও থাকে না। ফলে ব্যাংকের প্রচলিত ঋণ মূল্যায়ন পদ্ধতিতে তিনি পিছিয়ে পড়েন। এখানেই নীতিগত পরিবর্তন প্রয়োজন। ব্যবসার নগদ প্রবাহ, বিক্রির ইতিহাস, স্থানীয় বাজারে অবস্থান, ডিজিটাল লেনদেনের রেকর্ড, ব্যবসার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ আয় করার সক্ষমতাকেও মূল্যায়নের আওতায় আনা প্রয়োজন।  

সুখবর হলোÑ বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এই দুটি খাতের জন্য পুনঃঅর্থায়ন ও সহায়ক তহবিলের উদ্যোগ নিয়েছে। ক্লাস্টারভিত্তিক অর্থায়ন, কার্যকরী মূলধন পুনঃঅর্থায়ন এবং প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। এসব উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু নীতিমালা ও বাস্তবতার মধ্যে দূরত্ব যতদিন থাকবে, ততদিন এসব উদ্যোগের কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। এই ক্ষেত্রে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং ব্যবস্থাকে আরও সহজ  ও বাস্তবমুখী করা জরুরি। গ্রামীণ অর্থনীতির আরেকটি বড় সম্ভাবনা নারী উদ্যোক্তারা। তারা ক্ষুদ্র খাদ্য উৎপাদন, পোশাক, হস্তশিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, অনলাইন ব্যবসা, বিউটি ও ব্যক্তিগত সেবা থেকে শুরু করে নানা ক্ষেত্রে কাজ করছেন। তাদের একটি অংশ পরিবারকে আয় দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও কর্মসংস্থানে ভূমিকা রাখছেন। কিন্তু অর্থায়নের ক্ষেত্রে নারীরা এখনও নানা বাধার মুখে পড়েন। সম্পদের মালিকানা, জামানত, ব্যবসার আনুষ্ঠানিক নথি এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা তাদের ঋণপ্রাপ্তিকে কঠিন করে রেখেছে।

এটা মানতে হবে, গ্রামীণ অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলোÑ জামানত। বিশেষ করে নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে এ সমস্যা প্রকট। ব্যবসা করার সক্ষমতা থাকলেও তাদের অনেকের নামে পর্যাপ্ত জমি বা স্থাবর সম্পদ না থাকায় ঋণপ্রাপ্তির ক্ষেত্রে নানা জটিলতা্ দেখা দেয়। এক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি ব্যবস্থার পরিধি বাড়ানো জরুরি। সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি আংশিক ঋণঝুঁকি বহন করে, তাহলে ব্যাংকও জামানতহীন বা স্বল্প-জামানতের ঋণ দিতে উৎসাহিত হবে। পাশাপাশি কঠোর নজরদারিও প্রয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তার আধিক্য রয়েছে। কোথাও তাঁত, কোথাও মৃৎশিল্প, কোথাও জুতা, কোথাও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কোথাও আসবাব বা হস্তশিল্প। এসব এলাকাকে ক্লাস্টার হিসেবে বিবেচনা করে অর্থায়নের সুযোগ বাড়ানো যেতে পারে। 

অস্বীকার করা যাবেনা, ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ দিয়ে যদি তার পণ্য বিক্রির বাজার নিশ্চিত করা না যায়, তাহলে অর্থায়ন দীর্ঘমেয়াদে টেকসই হবে না। তাই ব্যাংকঋণের পাশাপাশি বাজারসংযোগের ওপরও গুরুত্ব দিতে হবে। বড় শিল্পপ্রতিষ্ঠানের সরবরাহশৃঙ্খলে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করা, সরকারি ক্রয়ে স্থানীয় সিএমএসএমই’র অংশগ্রহণ বাড়ানো এবং ডিজিটাল মার্কেটপ্লেসে তাদের প্রবেশ সহজ করা প্রয়োজন। একই সঙ্গে উদ্যোক্তাদের হিসাবরক্ষণ, প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ, ডিজিটাল বিপণন ও কর-সংক্রান্ত মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

প্রান্তিক পর্যায়ে ঋণ বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি বিষয় উপেক্ষা করা যাবে নাÑ তা হলো ঋণের গুণগত মান। রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে ঋণ বিতরণ বাড়ানো হলে তা শেষ পর্যন্ত ব্যাংকিং খাতের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। প্রকৃত উদ্যোক্তা ও ইচ্ছাকৃত খেলাপির মধ্যে পার্থক্য করতে হবে। বাজারে সাময়িক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা অন্য কোনো বাস্তব কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তার জন্য পুনঃতফসিল বা পুনর্গঠনের সুযোগ থাকা উচিত। 

অর্থনৈতিক বাস্তবতায় গ্রামীণ অর্থনীতি ও এসএমই খাতকে অবহেলা করার সুযোগ নেই। তাই এখনই কয়েকটি পদক্ষেপ জরুরি। প্রথমত. উপজেলা ও গ্রাম পর্যায়ে এই খাতের ঋণের জন্য আলাদা কার্যকর সেবা কাঠামো গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত. ছোট ঋণের আবেদন ও যাচাই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে। তৃতীয়ত. ক্রেডিট গ্যারান্টি ও বিকল্প জামানত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত. নারী, তরুণ ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে হবে। পঞ্চমত. ক্লাস্টারভিত্তিক অর্থায়নকে বাস্তব উৎপাদন ও বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। ষষ্ঠত. ব্যাংকগুলোর গ্রামীণ ঋণ বিতরণের পরিমাণের পাশাপাশি প্রকৃত উদ্যোক্তার কাছে অর্থ পৌঁছানোর হারও নিয়মিত প্রকাশ ও মূল্যায়ন করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অর্থায়নকে শুধু ব্যাংকের ব্যবসা হিসেবে না দেখে জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। গ্রামের ছোট দোকান, ক্ষুদ্র কারখানা, নারী উদ্যোক্তার ঘরভিত্তিক উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কিংবা স্থানীয় পরিবহন ব্যবসাÑ এসব মিলেই গ্রামীণ অর্থনীতির প্রাণ। এই অর্থনীতি দুর্বল হলে জাতীয় অর্থনীতির ভিত্তিও দুর্বল হবে। তাই এই সময়ে ব্যাংকের দরজা আরও উন্মুক্ত হওয়া দরকার। প্রান্তিক উদ্যোক্তার হাতে সময়মতো সাশ্রয়ী মূলধন পৌঁছানো গেলে শুধু একটি ব্যবসা বাঁচবে না; বাঁচবে কর্মসংস্থান, স্থানীয় বাজার এবং অসংখ্য পরিবারও। তাই গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে গ্রামীণ উদ্যোক্তা তথা এসএমই খাতকে টিকিয়ে রাখতে হবে। আর সেই কাজের প্রথম শর্তÑ প্রাতিষ্ঠানিক অর্থায়নের দরজা তাদের জন্য সত্যিকার অর্থে খুলে দেওয়া। আমি মনে করি, এখন আর নতুন নীতির অপেক্ষা নয়, বিদ্যমান উদ্যোগগুলোকে মাঠপর্যায়ে কার্যকর করারই সঠিক সময়।

লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা