সম্পাদকীয়
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
‘মর্নিং শোজ দ্য ডে’ বলে ইংরেজিতে যে প্রবচনটি প্রচলিত, তা সব সময় সঠিক না হলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ উজ্জ্বল কিরণ নিয়ে সকালে যে রবি উদিত হয়, কখনও কখনও তা ঘন মেঘের আড়ালে ঢাকা পড়ে যেতে পারে। তবে তা সাময়িক। কালো মেঘের আস্তরণ ভেদ করে একসময় সূর্যের আলো চারদিক উদ্ভাসিত করে। দীর্ঘ দেড় যুগ পর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সরকারে এসেছে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলটি পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন ও নিপীড়নে এদেশের মানুষ প্রতিমুহূর্তে মুক্তির পথ খুঁজেছে। ৫ আগস্ট সে পথ উন্মুক্ত করে দেয়। তারই ধারাবাহিকতায় জনগণের দ্ব্যর্থহীন সমর্থন নিয়ে সরকারে এসেছে বিএনপি।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস বা ১৮০ দিনের একটি লক্ষ্য ঘোষণা করেছিলেন। পতিত গণবিরোধী সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে যে অরাজক অবস্থা তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণ ও প্রশাসনকে গতিশীল করাই ছিল নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জের কথা বিএনপির নির্বাচনী ইশতেহারেও উল্লেখ আছে। ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে শক্তিশালী করে গড়ে তোলা আক্ষরিক অর্থেই কঠিন চ্যালেঞ্জ। নতুন সরকার সে চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপে এগোচ্ছে, তা অস্বীকার করা যাবে না।
পাঁচ বছর মেয়াদী একটি সরকারের জন্য ছয় মাস খুব একটা বেশি সময় নয়। তবে এভাবেই দিন গড়িয়ে যাবে এবং একসময় মেয়াদের অন্তিমকাল উপস্থিত হবে। সেজন্য শুরুতেই বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে দৃঢ় সংকল্প গ্রহণ করা অপরিহার্য। সরকারের প্রতিটি মেশিনারি যদি সঠিকভাবে ক্রিয়া করে, তাহলে সাবলীল গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া কঠিন কোনো ব্যাপার নয়। সরকারের ছয় মাসপূর্তি উপলক্ষে গতকাল দেশের সংবাদপত্রগুলো বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিদিনের বাংলাদেশ-এর বিশেষ প্রতিবেদনের শিরোনাম ছিলÑ ‘আলো-আঁধারির ছয় মাস।’ গত ছয় মাসে তারেক রহমান সরকারের সাফল্য-ব্যর্থতার খতিয়ান তাতে তুলে ধরা হয়েছে। বিষয়ভিত্তিক আলোচনায় না গিয়েও বলা যায়, এ সময়ে সরকারের যতটা অর্জন করবে বলে দেশবাসী আশা করেছিল, ততটা সম্ভব হয়ে ওঠেনি। বিশেষ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে না পারা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনা, দ্রব্যমূল্য স্থিতিশীল না হওয়া জনমনে হতাশার জন্ম দিচ্ছে। আওয়ামী লীগের পতনের পর জনরোষে পুলিশ বাহিনীর মধ্যে যে আতঙ্কের জন্ম নেয়, তা সম্পূর্ণ দূরীভূত হয়েছেÑ এ কথা বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের সময় মহামারির মতো ছড়িয়ে পড়া মবসন্ত্রাস এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস ফিরে না আসায় তারা দায়িত্ব পালনে শতভাগ সক্রিয় হতে পারছে না। এখনও দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে উঠে আসছে। আওয়ামী লীগ আমলে সন্ত্রাসের উদ্বাহু নৃত্য মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। সে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বিএনপি দেশকে মুক্ত করবেÑ জনগণের প্রত্যাশা ছিল সেটাই। সরকারকে সেদিকে অধিকতর মনোযোগ দিতে হবে।
অপরদিকে গত মাসাধিককাল ধরে বিদ্যুতের চরম সংকট দেশবাসীর প্রাত্যহিক জীবনকে ওষ্ঠাগত করে তুলেছে। এ বিষয়ে এর আগেও প্রতিদিনের বাংলাদেশ সম্পাদকীয় স্তম্ভে মন্তব্য করেছে বিধায় তার পুনরুক্তি অপ্রয়োজনীয়। তবে এ সময়ের মধ্যে সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে বা সাফল্য অর্জনের পথে যাত্রা করেছে। এগুলোর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, কৃষক কার্ড বিতরণ, সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন ইত্যাদি উল্লেখযোগ্য। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি, মূল্যস্ফীতি হ্রাস পাওয়া ইত্যাদি কিছু ক্ষেত্রে ইতিবাচক অর্জন রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তৃতা-ভাষণে তার দলের রাষ্ট্র সংস্কার কর্মসূচি এবং নির্বাচনী মেনিফেস্টোতে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পালনের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করছেন। দেশবাসী তার কথায় আস্থা রাখতে চাইলেও পারিপার্শ্বিক কিছু কারণে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। কেননা, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে যে রাজনৈতিক ঐকমত্য দরকার, তা এখন আর দৃশ্যমান নেই। বরং চব্বিশের গণঅভ্যুত্থানের সময়ে যে অভূতপূর্ব গণঐক্য গড়ে উঠেছিল, বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতানৈক্যের কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপি ও রাষ্ট্রের পরিচালক হিসেবে সরকারকে বিরোধী দলের সঙ্গে সৃষ্ট দূরত্ব দূর করে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে মনোযোগী হওয়া প্রয়োজন। মনে রাখা দরকার, বিভেদ-বৈরিতা সব সময় অমঙ্গলকে আহ্বান করে। ঐক্য ও সৌভ্রাতৃত্ব পারে সে অমঙ্গলকে প্রতিহত করতে।
পাঁচ বছরের জন্য নির্বাচিত একটি সরকারের প্রথম তিন বা ছয় মাসকে ‘হানিমুন পিরিয়ড’ বা মধুচন্দ্রিমার সময় বলা হয়ে থাকে। নব দম্পতি যেমন হানিমুন শেষে বাস্তব সংসারজীবনে প্রবেশ করে, তেমনি হানিমুন পিরিয়ড শেষে সরকারকে এখন রাষ্ট্রের বাস্তবতার নিরিখে কর্মে নিমগ্ন হতে হবে। ছয় মাসের সাফল্য-অসাফল্যের খতিয়ান নিশ্চয়ই সরকারপ্রধান তারেক রহমানের হাতে রয়েছে। তারই আলোকে তিনি তার সরকারের অবয়বে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন করবেনÑ দেশবাসীর সে আস্থা রয়েছে। তারা বিশ্বাস করে, রাষ্ট্র পরিচালনায় সাফল্যের ঐতিহাসিক নজির স্থাপনকারী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান তার সরকারের কর্মপন্থা নির্ধারণ করবেন। স্মরণ রাখতে হবে, সঠিক কর্মপন্থা নির্ধারণ এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ই পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায়।