× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলুর বাজার-সংকট ও কৃষি অর্থনীতি

ড. নূর জাহিদ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১১:০৮ এএম

বাংলাদেশের কৃষি অর্থনীতিতে আলু এখন আর কেবল একটি সবজি নয়। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের কৃষি অর্থনীতিতে আলু এখন আর কেবল একটি সবজি নয়। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের কৃষি অর্থনীতিতে আলু এখন আর কেবল একটি সবজি নয়। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল । কৃষকের জমি থেকে শুরু করে বীজ, সার ও কৃষি উপকরণ, শ্রম, পরিবহন, কোল্ডস্টোরেজ, পাইকারি ও খুচরা বাজার, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এবং রপ্তানি সবকিছুর সঙ্গে আলুর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাই আলুর বাজারে দীর্ঘস্থায়ী সংকটকে শুধু কৃষকের ব্যক্তিগত লোকসান হিসেবে দেখার সুযোগ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গ্রামীণ অর্থনীতিসহ ক্যকমা-বানিজ্যেও। বর্তমান পরিস্থিতি তাই একই সঙ্গে আলুর বাজার সংকট কৃষকের এবং আমাদের কৃষি অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ আলু উৎপাদিত হয়। একক জমিতে তুলনামূলক বেশি খাদ্য ও পুষ্টি উৎপাদনের পাশাপাশি আলু কৃষকের জন্য একটি গুরুত্বপূর্ণ নগদ ফসল। কিন্তু উৎপাদন বাড়লেই কৃষকের আয় বাড়বেÑ এমন নিশ্চয়তা নেই। বর্তমান বাস্তবতায় প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৬ টাকারও বেশি। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত মোট খরচ ২৫ টাকারও বেশি হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে খুচরা বাজারে যদি আলুর দাম ২৫-৩০ টাকা হতে পারে, তাহলে উৎপাদক পর্যায়ে কেন ন্যায্য মূল্য তৈরি হচ্ছে না? 

সরবরাহ ও চাহিদা অবশ্যই বাজারদর নির্ধারণের অন্যতম ভিত্তি। কিন্তু আলুর বর্তমান মূল্য-সংকটকে কেবল ‘উৎপাদন বেশি হয়েছে’ বলে ব্যাখ্যা করা অসম্পূর্ণ। কৃষক ও ব্যবসায়ীর ওপর রয়েছে ঋণ পরিশোধের চাপ, কোল্ডস্টোরেজ ভাড়া, নগদ অর্থের প্রয়োজন এবং ভবিষ্যৎ বাজার নিয়ে অনিশ্চয়তা। ফলে অনেকেই বাজারের সম্ভাব্য ভবিষ্যৎ মূল্য বিবেচনা করার সুযোগ না পেয়ে দ্রুত আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে এটি শুধু মূল্যবৈষম্য নয়; এটি আমাদের কৃষিপণ্যের বাজারব্যবস্থার একটি কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত।

এটাই সম্ভবত বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন কৃষক যখন দেখেন, ‘উৎপাদন খরচ বাজারদরের চেয়ে বেশি’, তখন পরবর্তী মৌসুমে তিনি স্বাভাবিকভাবেই ভাববেন আবার কি আলু চাষ করবেন? একজন নয়, হাজার হাজার কৃষক যদি একই সিদ্ধান্ত নেন, তাহলে আলু উৎ’পাদনে যে ভয়াবহ ধস নামবে তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ আজকের সস্তা আলুর বাজারই আগামী দিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বীজ বপন করতে পারে। 

আমাদের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো আলুর বাজার এখনও অনেকাংশে ফ্রেশ মার্কেটনির্ভর। উৎপাদন বাড়লে সরবরাহ বাড়ে, দাম পড়ে যায়। উৎপাদন কমলে সরবরাহ কমে, দাম বেড়ে যায়। এই চক্র থেকে বের হতে হলে আলুর জন্য বহুমুখী বাজার তৈরি করতে হবে। ফ্রেশ মার্কেট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রাতিষ্ঠানিক ক্রেতা এবং রপ্তানিÑ এই চারটি বাজারকে সমান্তরালভাবে শক্তিশালী করতে হবে।

চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রোজেন আলু, ফ্লেক্স, স্টার্চ, বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য শিল্পে আলুর ব্যবহার বাড়ানো গেলে উদ্বৃত্ত আলুর একটি বড় অংশ বাজারে আত্তীকরণ সম্ভব। 

উৎপাদন অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি হলে শুধু দেশের বাজারের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। তাই রপ্তানি বাজারকে মৌসুমি বিকল্প নয়, বরং একটি নিয়মিত বাজার হিসেবে গড়ে তুলতে হবে। তবে শুধু আলু উৎপাদন করলেই রপ্তানি বাড়বে না। দরকার রপ্তানিযোগ্য জাত, সঠিক গ্রেডিং, প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ, অবশিষ্টাংশ সংক্রান্ত বিধি-বিধান পরিপালন, ফাইটোস্যানিটারি মান, কোল্ড চেইন এবং আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক। অর্থাৎ আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ‘আলু রপ্তানি’ নয় একটি পূর্ণাঙ্গ ‘রপ্তানিযোগ্য আলু সরবরাহশৃঙ্খল’ তৈরি করা।

সরকারের পক্ষে প্রতিটি কৃষিপণ্যের দাম নির্ধারণ করা বাস্তবসম্মত নয়। কিন্তু সরকার এমন একটি বাজারব্যবস্থা তৈরি করতে পারে, যেখানে তথ্য সবার জন্য স্বচ্ছ ও সহজলভ্য হবে। তাই প্রতিদিনের ভিত্তিতে জানা দরকার  কোন জেলায় কত আলু মজুদ রয়েছে, কোন কোল্ডস্টোরে কত স্টক রয়েছে, প্রতিদিন কত আলু বাজারে আসছে, পাইকারি ও খুচরা বাজারে দাম কত, রপ্তানির চাহিদা কত, পরবর্তী কয়েক সপ্তাহে সরবরাহের সম্ভাব্য চাপ কতটা হতে পারে। এসব তথ্য সমন্বিত করে একটি ‘National Potato Market Information System’ চালু করা যেতে পারে। বাজারের তথ্য যত স্বচ্ছ হবে, আতঙ্কজনিত বিক্রি এবং অযৌক্তিক মজুদ দুটিই নিয়ন্ত্রণ করা তত সহজ হবে।

বর্তমান পরিস্থিতিতে সব আলু একসঙ্গে বাজারে ছেড়ে দেওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি সব আলু ধরে রাখাও ঝুঁকিপূর্ণ। কারণ সংরক্ষণের প্রতিটি দিনের সঙ্গে অতিরিক্ত খরচ যুক্ত হয়। তাই আলুর মান, বাজারের চাহিদা এবং সম্ভাব্য মূল্য বিবেচনা করে কোল্ডস্টোর থেকে নিয়ন্ত্রিতভাবে আলু বাজারজাত করার পরিকল্পনা প্রয়োজন। প্রতিটি ব্যবসায়ীর নিজের জন্য অন্তত তিনটি বিষয় নির্ধারণ করা উচিত। লক্ষ্যমূল্য হবে স্টপ-লস মূল্য এবং সর্বোচ্চ ধারণকাল। আবেগের পরিবর্তে তথ্যভিত্তিক সিদ্ধান্ত যত বাড়বে, ক্ষতি নিয়ন্ত্রণও তত সহজ হবে। 

একজন কৃষক যখন একা ৫০ বা ১০০ বস্তা আলু নিয়ে বাজারে যান, তখন তার দরকষাকষির ক্ষমতা সীমিত থাকে। কিন্তু কৃষক উৎপাদক গ্রুপ, সমবায় বা যৌথ বিপণন ব্যবস্থার মাধ্যমে একত্রিত হলে বড় ক্রেতার সঙ্গে সরাসরি দরকষাকষির সুযোগ তৈরি হতে পারে। একইভাবে কোল্ডস্টোরেজ মালিক ও ব্যবসায়ীদেরও প্রক্রিয়াজাত শিল্প, সুপারশপ, বড় প্রাতিষ্ঠানিক ক্রেতা ও রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে হবে। কারণ বাজারে শক্তিশালী হতে হলে শুধু পণ্য থাকলেই হয় না দরকষাকষির ক্ষমতাও থাকতে হয়।

আলুর অর্থনৈতিক অবদান শুধু কৃষকের উৎপাদিত আলুর বাজারমূল্য দিয়ে বিচার করলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না। প্রতিটি ধাপে কর্মসংস্থান ও মূল্য সংযোজন সৃষ্টি হয়। তাই আলুর বাজারে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে শুধু কৃষক নয়, পুরো মূল্যশৃঙ্খলই চাপের মুখে পড়ে।

বর্তমান পরিস্থিতিকে যদি শুধু একটি মৌসুমি মূল্যধস হিসেবে দেখা হয়, তাহলে আমরা বড় একটি সুযোগ হারাব। প্রয়োজন একটি সমন্বিত জাতীয় আলু কৌশল, যেখানে থাকবে  উৎপাদন ও আবাদ পরিকল্পনা,  অঞ্চল ও জাতভিত্তিক উৎপাদন ব্যবস্থাপনা, কোল্ডস্টোরেজ সক্ষমতা ও আধুনিকায়ন, কৃষকের বাজারতথ্যপ্রাপ্তি, প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণ, চুক্তিভিত্তিক ও প্রাতিষ্ঠানিক বিপণন, রপ্তানি বাজার উন্নয়ন, কৃষক ও ব্যবসায়ীর জন্য অর্থায়ন ব্যবস্থা, কোল্ডস্টোরেজ থেকে নিয়ন্ত্রিত নিঃসরণ এবং একটি নির্ভরযোগ্য জাতীয় আলু বাজার তথ্যব্যবস্থা।

আজকের মূল্যধসকে যদি আমরা শুধু কৃষকের ব্যক্তিগত লোকসান হিসেবে দেখি, তাহলে ভুল করব। এটি আগামী দিনের খাদ্যবাজার, কৃষকের উৎপাদন-আস্থা এবং খাদ্য মূল্যস্ফীতির জন্য একটি আগাম সংকেত। তাই এখনই প্রয়োজন উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি এবং বাজার তথ্য সবকিছুর মধ্যে সমন্বয় তৈরি করা। কৃষককে বাঁচানো মানে শুধু একজন কৃষককে বাঁচানো নয়। কৃষককে উৎপাদনে ধরে রাখা মানে দেশের খাদ্য সরবরাহকে স্থিতিশীল রাখা। আজকের আলুর বাজার তাই আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছেÑআমরা কি শুধু আজকের আলুর দাম নিয়ে চিন্তা করব, নাকি আগামী দিনের খাদ্য অর্থনীতিকে নিরাপদ করার জন্য এখনই সিদ্ধান্ত নেব? 

লেখক: কৃষি বিশ্লেষক।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা