× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুঁজে ফিরি জীবনের মানে

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মানুষের সবচেয়ে আপনজন কে? কারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে? স্ত্রী-পুত্র-কন্য, পিতা-মাতা, বন্ধু-বান্ধব, স্বজন-পরিজন, কারা? নাকি মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে? এ প্রশ্নের সোজাসাপ্টা জবাব হয়তো কারও কাছে নেই। তবে প্রমাণিত যে, মানুষ আসলে তার নিজের জীবন, মানে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আর সবচেয়ে আপন হলো তার নিজের জীবন। এ সত্যটি বিধৃত হয়েছে বহুল প্রচারিত লোকগানÑ ‘ও জীবনরে জীবন, ছাইড়া না যাও মোরে/ তুই জীবন ছাড়িয়া গেলে, আদর করবে কে আমারে রে…।’ গানটিতে। এ গানের প্রতিটি চরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন মানুষের যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ততক্ষণ সবাই তার পাশে আছে। জীবনের পরিসমাপ্তি ঘটলে মানুষের নিথর দেহের ঠাঁই হয় মুসলমান-খ্রিস্টান হলে কবরস্থানে আর হিন্দু বা বৌদ্ধ হলে দাহ করা হয় শ্মশানে। জীবন যখন মানুষকে ছেড়ে যায়, তখন তার আপন বলতে আর কেউ থাকে না, সবাই তার পর হয়ে যায়। 

জীবন আসলে কী? সাধারণত মানুষের দেহে প্রাণ থাকাকে আমরা জীবন বলি। তবে জীবনের ব্যাপ্তি অনেক বড়। মূলত একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কে আমরা জীবনের ব্যাপ্তি বলে ধরে নিতে পারি। প্রাণের সঙ্গে জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। দেহে প্রাণ না থাকলে জীবনের অস্তিত্ব থাকে না। যদিও আমরা দেহে প্রাণ থাকাকেই জীবন বলে মনে করি। সবার জীবনের ব্যাপ্তি সমান হয় না। কেউ দীর্ঘ জীবন লাভ করে, আবার কারও জীবনের দৈর্ঘ্য হয় স্বল্পকালীন। জন্মের পর একটি মানবশিশু ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। শৈশব, বাল্যকাল, কৈশোর ও যৌবন পেরিয়ে পৌঁছে যায় প্রঢ়ৌত্বে। তারপর একসময় বৃদ্ধ হয় এবং সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী পৃথিবীতে তার ভ্রমণ শেষ করে। এই সময়ের মধ্যে মানষকে নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কারও জীবন হয় আনন্দময়, আবার কাউকে পার করতে হয় কষ্টকর জীবন। কেউ সারা জীবন ব্যস্ত থাকে নিজেকে নিয়ে, আবার কেউ তার জীবনের সিংহভাগ ব্যয় করেন মানুষ, তথা সমাজ ও জনহিতকর কাজে। কারও কাছে জীবনের অর্থ সবাইকে নিয়ে সুন্দরভাবে সময় কাটানো। আবার কারও চিন্তা নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের সংকীর্ণতায় সীমিত। তবে মনীষীদের মতে জীবন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য নয়। মহান প্রভু আমাদের এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের কল্যাণে ব্রতী হওয়ার জন্য। কবি কামিনী রায়ের ‘সুখ’ কবিতায় তারই প্রতিধ্বনি শুনি আমরাÑ ‘আপনারে লয়ে বিব্রত রহিতে/ আসে নাই কেহ অবনী পরে/সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’ কবিতার ‘প্রত্যেকে আমরা পরের তরে’ চরণে মানবজীবনের মুখ্য উদ্দেশ্য প্রতিভাত হয়ে উঠেছে। 

জীবনের মানে খুঁজেছেন বহু জ্ঞানী-গুণী, মুনি-ঋষি, বিজ্ঞানী ও দার্শনিক-তাত্ত্বিকগণ। তারা স্ব স্ব দৃষ্টিকোণ থেকে জীবনের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছেন। বিজ্ঞানের দৃষ্টিতে জীবন হলোÑ এক বা একাধিক কোষ দ্বারা তৈরি এবং খাবার খাওয়া, শক্তি তৈরি করা ও বংশ বৃদ্ধির মধ্যেই জীবন আবদ্ধ। সে সাথে পারিপার্শ্বিক পরিস্থতির সঙ্গে মানিয়ে চলার মধ্যেই জীবনের অর্থ নিহিত। অন্যদিকে দর্শনের দৃষ্টিতে জীবন হলো, সুখ-দুঃখ আশা-নিরাশার এক পথচলা। আর জীবনের উদ্দেশ্য কাজ ও ভালোবাসার মাধ্যমে ভালো থাকা। জীবনের অর্থ খোঁজার চেষ্টায় ব্রতী হয়েছিলেন স্কটিশ লেখক ও দার্শনিক টমাস কার্লাইল। তার মতে, ‘আমাদের জীবন প্রয়োজন দ্বারা পরিবেষ্টিত; তবুও জীবনের অর্থ স্বাধীনতা, স্বেচ্ছাশক্তি ছাড়া আর কিছুই নয়।’ কার্লাইলের উক্তিতে জীবনের যে উদ্দেশ্যের সন্ধান পাওয়া যায়, তা অধিকাংশ দার্শনিকই সমর্থন করেছেন। তার উক্তিতে এটা স্পষ্ট যে, স্বাধীনতা ছাড়া জীবন অর্থহীন। সে সাথে থাকতে হবে স্বেচ্ছায় কাজ করার ক্ষমতাও। ইসলাম ধর্ম মতে জীবনের মূল লক্ষ্য হলো, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশিত পথে পরিচালিত হওয়া। জীবন ও মৃত্যুর মধ্যেকার সময়কে পরীক্ষার সময় বলেও উল্লেখ করা হয়েছে পবিত্র আল-কুরআনে।

বিখ্যাত মনীষীগণ নানা দৃষ্টিকোণ থেকে জীবনকে ব্যাখ্যা করেছেন, সংজ্ঞায়িত করেছেন। জীবন নিয়ে তারা গবেষণা করেছেন, প্রবন্ধ লিখেছেন। তাদের চিন্তাভাবনায় জীবনের স্বরূপ ধরা পড়েছে পৃথকভাবে। এটা দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন।’ মার্কিন লেখক মার্ক টোয়েন মনে করেন, ‘ভালো বন্ধু, ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক : এটিই আদর্শ জীবন।’ আইনস্টাইন ও মার্ক টোয়েনের উপলব্ধিতে যে পার্থক্য, তা দৃষ্টিভঙ্গিজনিত। আইনস্টাইনের উক্তিতে ‘মানুষ মানুষের জন্য’ নীতির প্রতিফলন ঘটেছে। আর মার্ক টোয়েনের উক্তির একটি বড় অসঙ্গতি হলো, যে জীবনের বিবেক ঘুমিয়ে থাকে, সে জীবন তো গ্রহণযোগ্য হতে পারে না। অবশ্য তিনি যেহেতু রম্য লেখক ছিলেন, তাই এ উক্তির দ্বারা গড়পড়তা মানুষের জীবনকে কটাক্ষ করেছেন কি না তা বলা যাচ্ছে না। অন্যদিকে ইংরেজ কবি স্যামুয়েল টেইলর কোলারিজ (এসটি কোলারিজ) মনে করেন, ‘জীবন হলো মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী’। কোলারিজের উক্তি ‘মানুষ মরণশীল’ কথারই প্রতিধ্বনি। কবি বলেছেন, ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে।’ পৃথিবীতে এমন কেউ ছিল না, নেই বা থাকবে না, যার মৃত্যু নেই। 

জীবনের এ আনন্দ-বেদনাকে উপজীব্য করে লেখা হয়েছে গল্প, উপন্যাস, গান ও কবিতা। যে গল্প যত বেশি বেদনার কাহিনীনির্ভর, সে গল্প পাঠকের কাছে তত বেশি সমাদৃত। মানুষের ধারণা, যে গল্পকার মানুষের জীবনের আনন্দ-বেদনার চিত্র তার সৃষ্টিতে প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে পারেন, তিনিই সার্থক গল্পকার। আমাদের কবি-সাহিত্যিকদের সৃষ্টিতে জীবনের উল্লেখ আছে প্রচুর। তারা জীবনকে যেভাবে অবলোকন করেছেন, তা-ই তুলে ধরেছেন গল্প, কবিতা কিংবা গানে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকে দেখেছেন এক বিশাল ও বহুমাত্রিক অনুভবের আয়নায়। কেবল নিঃশ্বাস-প্রশ্বাসকেই তিনি জীবন মনে করেননি, বরং আনন্দ-বেদনা এবং প্রকৃতি ও মানুষের মিলনের এক অন্তহীন উৎস মনে করেছেন জীবনকে। ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’Ñ এ পঙ্‌ক্তি দুটি জীবনের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা ও তীব্র আকাঙ্ক্ষার কথাই জানায় আমাদের। তবে জীবনকে ভালোবাসলেও মানুষের মরণশীলতাকে ভুলে যাননি তিনি। বরং মরণকে জীবনের অবশ্যাম্ভাবী পরিণতি হিসেবেই দেখেছেন। তাইতো কিশোর বয়সে ‘ভানুসিংহ’ ছদ্মনামে লিখেছেন, ‘মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান।’ এ পঙ্‌ক্তির মাধ্যমে রবীন্দ্রনাথ মরণকে ভয়ের দৃষ্টিতে না দেখে পরম এক সত্য হিসেবেই দেখেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গোটা জীবনই ছিল দুঃখ-কষ্টের ঝঞ্ঝাক্ষুব্ধ এক মহাসমুদ্র; যা পাড়ি দিতে নিরন্তর সংগ্রাম করেছেন তিনি। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত নজরুল তাই জীবনকে খুঁজেছেন দুঃখ-কষ্টের মধ্যেই। বলেছেন, ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান/ তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান।’ দারিদ্র্য নজরুলকে খ্রিস্টের সম্মান দিয়েছিল কি না তা বিতর্কের বিষয়। তবে এ দারিদ্র্য তাকে বহুসংখ্যক অমর সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছে। দারিদ্র্যের তীব্র কশাঘাতে জর্জরিত নজরুল পৃথিবীর সব ভুখা মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে শিখেছিলেন। আর এ উপলব্ধি তাকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাম্যের গান গাইতে অনুপ্রাণিত করেছে। সম্ভবত দারিদ্র্যের মধ্যে বসবাসের কারণেই নজরুল যতটা জীবন-যন্ত্রণার চিত্র আঁকতে সক্ষম হয়েছেন, জমিদার নন্দন রবীন্দ্রনাথের সৃষ্টিতে আমরা তা অতটা খুঁজে পাই না। আমাদের আরেক কবি সুকান্ত ভট্টাচার্য তো দারিদ্র্যের কারণে জীবন থেকে কবিতাকেই ছুটি দিতে চেয়েছেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী ছিল তার কাছে গদ্যময়। পূর্ণিমার চাঁদ আর উপভোগ্য সৌন্দর্যের আধার থাকেনি, ধরা দিয়েছিল ঝলসানো রুটি হয়ে। 

রচনাটি শুরু করেছিলাম একটি লোকগানের কথা দিয়ে। শুধু ওই একটি গানই নয়, অসংখ্য বাংলা গানে জীবনের কথা এসেছে নানাভাবে। ‘জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল’ তেমনি একটি কালজয়ী গান। ১৯৪২ সালে প্রকাশিত এ গানটির রচয়িতা প্রণব রায়। গীতিকার এ গানে একজন মানুষের জীবদ্দশায় প্রাপ্য সম্মান ও মর্যাদা না পাওয়ার আক্ষেপকে বিধৃত করেছেন। জীবন যদি কেটে যায় অবহেলা-অবজ্ঞায়, মৃত্যুর পরে প্রদত্ত সম্মান সে ব্যক্তির সঙ্গে নিষ্ঠুর তামাশা ছাড়া আর কী হতে পারে? আমাদের দেশে জাতীয় বিভিন্ন ক্ষেত্রে ‘মরণোত্তর পুরস্কার’ দেওয়ার যে প্রচলন রয়েছে, প্রণব রায়ের গান যেন তারই প্রতি কটাক্ষ। 

মানুষের জীবন এক জটিল বিষয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টি সে পৃথিবীতে অতিবাহিত করে, তাকে নানা সমস্যা-সংকট, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়। কারও কারও কাছে জীবন মানে যন্ত্রণা। প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘জীবন মানে যন্ত্রণা/ নয় ফুলের বিছানা/ সে কথা সহজে কেউ মানতে চায় না’ গানে তা প্রতিভাত হয়ে উঠেছে। আসলে জীবন কোনো মসৃণ পথ নয়। এ পথে রয়েছে চড়াই-উতরাই, রয়েছে খানাখন্দ। এসব চড়াই-উতরাই খানাখন্দে হোঁচট খেতে হয় বারবার। অনেক সময় কারও কারও কাছে জীবন হয়ে ওঠে দুঃসহ। জীবনকে মনে হয় দুর্বহ বোঝা। সে বোঝা বইবার শক্তি হারিয়ে কেউ কেউ বেছে নেয় আত্মহননের পথ। এ পথ যারা বেছে নেয়, তারা দুর্বল চিত্তের। আর মনোবলে বলীয়ান যারা, তারা শত দুঃখ-কষ্ট-বঞ্চনার পরেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। বস্তুত বেঁচে থাকার এ লড়াইয়ের মধ্যেই জীবনের সার্থকতা নিহিত।


লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ  


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা