× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়িত হোক

সম্পাদকীয়

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১০:৪৭ এএম

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি ব্রত, একটি নৈতিক অঙ্গীকার। শিক্ষকরা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যয় করেন। শ্রেণিকক্ষে জ্ঞান বিতরণ, শিক্ষার্থীর সাফল্যে আনন্দ, ব্যর্থতায় উদ্বেগÑ সবকিছুর মধ্য দিয়েই তারা সমাজের ‘ভবিষ্যৎ’ বিনির্মাণে ভূমিকা রাখেন। অথচ কর্মজীবনের শেষ প্রান্তে এসে তাদের প্রাপ্য ‘অবসর ভাতা’ ও ‘কল্যাণ তহবিল’-এর প্রাপ্য অর্থের জন্য অফিসে অফিসে ঘুরতে হয়। যারা জাতির ভবিষ্যৎ গড়ার ব্যস্ততায় নিজেদের দিকে তাকানোর ফুরসত পাননি, চাকরিজীবন শেষে তাদের এ হেনস্থা শুধু দুঃখজনকই নয়, বরদাশতও করা যায় না।

বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজর এড়ায়নি। সে কারণেই তিনি নিশ্চয়তা দিয়েছেন, এখন থেকে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। ভোগান্তি এবং মধ্যস্বত্বভোগীদের উৎপাত ছাড়াই তারা যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। সরকার তার নিজস্ব উদ্যোগে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেবে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেছেন, শিক্ষক সমাজ, যারা নীতিনৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়; সেটি জাতি হিসেবে আমাদের দীনতারই প্রকাশ। তিনি উল্লেখ করেন, অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের এই পথটি সহজ ছিল না। ফ্যাসিবাদী সরকার ব্যাংক-বীমাসহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও অর্থ লুটেছে। জাল ইনডেক্স তৈরি, লুটপাটের উদ্দেশ্যে শিক্ষকদের কল্যাণ তহবিলের অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে তহবিল দুটিকে দেউলিয়া করে ফেলেছিল। সেই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাই। উল্লেখ্য, এবার দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘ চার বছর পর সরকারি দুটি ফান্ডে জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন। যার মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের অনিশ্চয়তার কিছুটা হলেও অবসান ঘটেছে। জানা গেছে, এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে শিক্ষক-কর্মচারীকে এই অবসর ভাতা দেওয়া হচ্ছে। 

বলা বাহুল্য, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ ও ২০০২ সালে ‘অবসর সুবিধা বোর্ড’ প্রতিষ্ঠিত হয়েছিল। সেসময়কার প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া প্রথমে ১৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে পর্যায়ক্রমে ৮৯ কোটি টাকার ফান্ড গঠন করে তহবিলের সুদৃঢ় ভিত্তি গড়েন। এখানে আরও উল্লেখ্য, বেগম খালেদা জিয়া প্রবর্তিত ‘শিক্ষা উপবৃত্তি ও নারী শিক্ষার জন্য বিনা বেতনে পড়ার সুযোগ’ আজ বিশ্বে অনুসরণীয় মডেল হিসেবে সমাদৃত। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহজ পথে প্রাপ্য টাকা পাওয়ার এমন আশ্বাস নিঃসন্দেহে আশাব্যঞ্জক। আমরাও মনে করি, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক যখন তার প্রাপ্য অর্থের জন্য বারবার কোনো দপ্তরে যান, ফাইলের খোঁজ নেন, কাগজপত্র নিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ছুটে বেড়ান, তখন শুধু প্রশাসনিক হয়রানিতে সীমাবদ্ধ থাকে না, শিক্ষকদের আত্মমর্যাদার প্রশ্নে পরিণত হয়। বয়সের ভারে ন্যুব্জ একজন শিক্ষককে যখন নিজের ন্যায্য পাওনা আদায়ের জন্য দিনের পর দিন হয়রান হতে হয়, তখন সরকারি অফিসের অনিয়ম-দুর্নীতির চিত্র প্রকট হয়ে ধরা দেয়। 

অবসর ভাতা দয়া বা অনুগ্রহ নয়। এটি একজন শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের ন্যায্য প্রাপ্য। সেই প্রাপ্য পেতে তাকে যদি বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে অবসরের আনন্দ ম্লান হয়ে যায়। অনেক শিক্ষক চিকিৎসা, সংসার ও দৈনন্দিন জীবনের ব্যয় মেটাতে এই অর্থের ওপর নির্ভর করেন। ফলে ভাতা পেতে বিলম্ব হলে তাদের জীবনে সরাসরি আর্থিক ও মানসিক চাপ তৈরি হয়।

আশার কথা, বিষয়টি প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন। এখন প্রয়োজন তার নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ। এজন্য দরকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাপনা, নির্দিষ্ট সময়সীমা, অনলাইনে আবেদনের অগ্রগতি জানার সুযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। 

আমরা চাই, শিক্ষকতার জীবন শেষে অবসর সময়টা যেন কারও পাওনা আদায়ের দৌড়ঝাঁপে না কাটে। যিনি সারা জীবন অন্যকে পথ দেখিয়েছেন, অবসরের পর তার পথটি রাষ্ট্রকেই সহজ করে দিতে হবে। প্রধানমন্ত্রীর আশ্বাস সে পথ নির্মাণের সূচনা বলে দেশবাসী মনে করে। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর আশ্বাস অচিরেই বাস্তবায়িত হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা