ড. মিহির কুমার রায়
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১২:৩৮ পিএম
১০ আগস্ট চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ২০ মে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অন্যদিকে, গত বছর (২০২৫ সাল) পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এ বছর পাসের হার এবং জিপিএ-৫ উভয়েই কমেছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। পাসের হার ৬৪.০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। এ বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ হাজার ৪৭০ জন উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
এবার পরীক্ষায় অংশ নেওয়া ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬৬৯টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে ৩১৫টি। শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়ে হয়েছে ৩১২টি। পরিসংখ্যান অনুযায়ী, বোর্ডভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ।
শিখন ঘাটতি, বারবার কারিকুলাম পরিবর্তন, ইংরেজি, গণিতসহ বিষয়ভিত্তিক দুর্বলতার কারণে বহু বছর পর পরীক্ষায় কঠোর মনিটরিংÑ এসব কারণে পাসের হার কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া দীর্ঘদিন চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অতিরিক্ত নম্বর দেওয়া বা পাসের হার বাড়ানো থেকে বেরিয়ে এসেছে সরকার। শিক্ষার্থীদের পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়নের নির্দেশনা ছিল বোর্ড থেকে। এটাও ফলের ওপর প্রভাব পড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পাসের হার প্রায় শতভাগ। বিপরীতে ইংরেজি ও গণিতে পাসের হার নেমে এসেছে ৭০ শতাংশের ঘরে। এ ছাড়া মানবিক বিভাগ থেকে এবার ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। এ বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ ফেল করেছে ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। এ বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।
বিশ্লেষকদের বলছেন, করোনার কারণে দীর্ঘদিনের শিখন ঘাটতি তৈরি হয়। ২০২৪ সালে নবম শ্রেণিতে থাকা শিক্ষার্থীদের নতুন কারিকুলামের সঙ্গে খাপ খাওয়ানোর চাপ এবং দশম শ্রেণিতে উঠে আবার আগের ধারার কারিকুলামে ফিরে আসায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের পরিবর্তন তৈরি হয়। এর সঙ্গে পরীক্ষার হলে প্রথমবার সিসিটিভি ক্যামেরাসহ কঠোর নজরদারি এবং মূল্যায়নে কড়াকড়িও ফলে প্রভাব ফেলতে পারে। যদিও শিক্ষার প্রকৃত মান যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে এই কড়াকড়ি করা হয়েছে বলে জানান তারা। ফল বিশ্লেষণে পাসের হার কমে যাওয়ার পেছনে আরও একটি কারণ চিহ্নিত করা গেছে। সেটি হচ্ছে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের তুলনামূলক খারাপ ফল হওয়া।
এ অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি তা নিয়ে ভাবনার সুযোগ এসেছে । এটা মনে রাখা উচিত যে শিক্ষার্থীদের জীবনে মাধ্যমিক স্তরের পরীক্ষার ফলাফল বিশেষ গুরুত্বপূর্ণ। পাসের হার বাড়ানোর চেয়েও বেশি জরুরি শিক্ষার মান বাড়ানো। এ ক্ষেত্রে অগ্রগতি কতটা হয়েছে তার যথাযথ নিরীক্ষা হওয়া দরকার। কারণ পরীক্ষায় উত্তীর্ণদের একটি বড় অংশ পরবর্তী ধাপে পৌঁছানোর আগেই ঝরে পড়ছে। তবে এটা স্বীকার করতে হবে- বর্তমানে পরীক্ষায় নকলের প্রবণতা কমে গেছেÑ এটা ঠিক দেশে এখনও নোট-গাইড বইয়ের দৌরাত্ম্য, কোচিং বাণিজ্য ও প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি বন্ধ হয়নি। এগুলো শিক্ষার মানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়গুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও দৃষ্টির প্রয়োজন।
দেশে উচ্চমাধ্যমিক স্তরে হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র কয়েকশ। এ তথ্য থেকে দেশে উচ্চমাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও দক্ষ শিক্ষকের সংখ্যার বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে এই স্তরে ভর্তিযোগ্য আসন আছে প্রায় সাড়ে ৩৩ লাখ। এবার ভর্তির ক্ষেত্রে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতা হলেও কলেজ পর্যায়ে অন্তত ১৭ লাখ আসন শূন্য থাকতে পারে। পাস করা শিক্ষার্থীর তুলনায় এ স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আসন বেশি থাকায় শিক্ষার্থীরা ভর্তি নিয়ে চিন্তামুক্ত থাকবেÑ এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে কি না, তা নিয়ে শিক্ষার্থীরা চিন্তিত। যেহেতু ভর্তির ক্ষেত্রে এবারও পছন্দের শীর্ষে থাকা কিছু প্রতিষ্ঠানেই তুমুল প্রতিযোগিতা হবে, সেহেতু বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী সংকটে পড়বে। বস্তুত, সব স্তরেই ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম।
নিকটতম অতীতে দেখা যায়, দেশের অধিকাংশ কলেজ/বিশ্ববিদ্যালয়ে দুই দশকেরও বেশি সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার স্কোরে যোগ হচ্ছে। ফলে কম জিপিএ পাওয়া শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অনেক সময় বেশি নম্বর পেয়েও মেধা স্কোরে টিকতে পারছেন না। কিন্তু কেন এই নিয়ম, তার সুনির্দিষ্ট সন্তোষজনক ব্যাখ্যা কেউ দেয়নি। বরং এসব জিপিএ স্কোর থাকার কারণে কলেজ/বিশ্ববিদ্যালয়গুলো একটি নির্দিষ্ট গ্রুপকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে। বিশ বছর আগেও যেখানে জিপিএ-৫ পাঁচ হাজারের ঘরে থাকত, সেটি প্রায় ২০ গুণ বৃদ্ধি পেয়ে ঘরে ঘরে জিপিএ-৫ এ ঠেকছে, যা দেশের শিক্ষার মানকে সংকুচিতই করছে না, বরং রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করার প্রয়াস জোগাচ্ছে।
জিপিএ-৫ কে যে বা যারা মেধার মানদণ্ড মনে করছেন, তারা হয়তো জানেন না, এই জিপিএ-৫ পাওয়া মানেই মেধাবী নয়, এটি কেবল একটি নির্দেশক হতে পারে, সেটি কিছুতেই একজন শিক্ষার্থীর মেধা যাচাইয়ের মাধ্যম হতে পারে না। সৃজনশীল চিন্তাধারায় বিশ্বাসী শিক্ষার্থী গড়ায় নজর না দিয়ে কেবল নিয়মতান্ত্রিক প্রশ্ন আয়ত্ত করে পরীক্ষার খাতায় উগরে দিয়ে জিপিএ-৫ বাগিয়ে নেওয়া গেলেও আমাদের শিক্ষার্থীরা কতটা কম জানেন, তা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তেমনি দেশের বাইরে যখন উচ্চশিক্ষায় আসছেন তখন তারা ঠিকই টের পাচ্ছে। প্রতিবেশী দেশ যেমন ভারত, নেপালে উচ্চশিক্ষার ভর্তির বিষয়টি খুব মানসম্মতভাবে নিয়ন্ত্রণ করে থাকে যেখানে মেধার প্রকৃত মূল্যায়ন হয়।
আমাদের যে সকল বিষয়ের ওপর নজর দেওয়া উচিত তা হলো-
১. বিশ্বের অনেক কলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ে কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক ভর্তি পরীক্ষায় পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাপ্ত জিপিএ মূল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোরে বিবেচনায় নেয় না অথচ বাংলাদেশে এই নিয়ম চালু রেখেছে কলেজ/বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন কিংবা কেউ এই বিষয়টি নিয়ে কথা বলেনি। এর মধ্য দিয়ে দেশে একশ্রেণির শিক্ষার্থীদের সুবিধা দেওয়া হচ্ছে, অন্যদিকে বঞ্চিত হচ্ছে কম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা অথচ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিযোগিতা করার অধিকার সব শিক্ষার্থীদের হওয়া উচিত, প্রকৃত মেধাবীদের বের করে আনার দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিক।
২. করোনা মহামারির পরিবর্তিত পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শ্রেণিকক্ষের মূল্যায়ন, অবিরত মূল্যায়ন বিষয়টি অত্যন্ত জরুরি। দেশের শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বোপরি পুরো ব্যবস্থা অবিরত মূল্যায়ন পদ্ধতির জন্য প্রস্তুত করতে হবে, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে যাতে বাস্তবধর্মী পরীক্ষা নেওয়া হয় সে বিষয়টি লক্ষ রাখতে হবে।
৩. পাসের হারে এক বোর্ড থেকে আরেক বোর্ডের এগিয়ে থাকা কিংবা পিছিয়ে যাওয়ার কারণ কোনো বছরেই খতিয়ে দেখা হয় না, যা সঠিক নয়। এ ব্যাপারে প্রতিটি বোর্ডেই এজন্য একটি গবেষণা সেল থাকা উচিত; সর্বশেষে বলা যায় উচ্চশিক্ষা উন্মুক্ত রাখা উচিত কেবলমাত্র মেধাবীদের জন্য এবং অন্যদের জন্য কারিগরি/উদ্যোক্তা উন্নয়নে শিক্ষার প্রতি জোর দেওয়া উচিত।
লেখক: শিক্ষাবিদ ও গবেষক