ইসতিয়াক আহমেদ হৃদয়
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৩:২৪ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ছোটকাগজ বা লিটলম্যাগাজিন বাংলাসাহিত্যের বিরাট শক্তি নিয়ে কাজ করে। বাংলাসাহিত্য চর্চার ইতিহাসে লিটলম্যাগাজিন এক অনিবার্য ও স্বতন্ত্র ধারার নাম। মূলধারার বাণিজ্যিক প্রকাশনার বাইরে দাঁড়িয়ে যে সাহিত্যিক, চিন্তাশীল ও সৃজনশীল আন্দোলন দীর্ঘদিন ধরে নতুন ভাষা, নতুন ভাবনা ও নতুন লেখকের জন্ম দিয়েছে, তার প্রধান বাহনই লিটলম্যাগাজিন। এটি শুধু একটি পত্রিকা নয়; বরং এক ধরনের সাংস্কৃতিক অবস্থান, শক্তিশালী প্রতিবাদ এবং সৃজনশীল স্বাধীনতার প্রতীক। লিটলম্যাগাজিনের মূলশক্তি তার স্বাধীনতা। এখানে বাজারের চাহিদা নয়, বরং ভাবনার গভীরতা, ভাষার পরীক্ষা-নিরীক্ষা এবং শিল্পমানই প্রধান বিবেচ্য। ফলে যে বিষয়গুলো মূলধারার পত্রিকায় স্থান পায় না; অপ্রচলিত কাব্যভাষা, রাজনৈতিক বা দার্শনিক ভাবনা, প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, কিংবা নতুন নন্দনতত্ত্ব সেগুলো লিটলম্যাগাজিনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
এই স্বাধীনতার কারণেই লিটলম্যাগাজিন সাহিত্যের পরীক্ষাগার হিসেবে বিবেচিত। লিটলম্যাগাজিন চর্চার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন লেখক তৈরির ক্ষেত্র তৈরি করা। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নবীনদের লেখালেখির সুযোগ করে দিয়ে এটি এক ধরনের সাহিত্যিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে। অনেক বড় লেখকের সাহিত্যযাত্রা শুরু হয়েছে এই ছোট কাগজগুলোর হাত ধরেই। ফলে লিটলম্যাগাজিন কেবল সাহিত্য প্রকাশ করে না; এটি লেখক নির্মাণ করে, পাঠক তৈরি করে এবং চিন্তার পরিসর প্রসারিত করে। নতুন করে ভাবতে সহায়তা করে।
তবে লিটলম্যাগাজিন চর্চার সামনে নানা সংকটও রয়েছে। অর্থাভাব, নিয়মিত প্রকাশের অসুবিধা, পাঠকসংখ্যার সীমাবদ্ধতা, বিতরণব্যবস্থার দুর্বলতা এসব সমস্যা দীর্ঘদিনের। অধিকাংশ লিটলম্যাগাজিনই ব্যক্তিগত উদ্যোগে, স্বেচ্ছাশ্রমে ও ভালোবাসার টানে প্রকাশিত হয়। ফলে ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ডিজিটাল যুগে মুদ্রিত লিটলম্যাগাজিনের টিকে থাকা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু সংকটের মধ্যেও সম্ভাবনার নতুন দিগন্ত তৈরি হয়েছে। অনলাইন প্লাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল আর্কাইভ লিটলম্যাগাজিনকে নতুন পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে।
এখন লিটলম্যাগাজিন কেবল ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়; বরং বৈশ্বিক পাঠকমহলে প্রবেশ করতে পারছে। প্রযুক্তির সঠিক ব্যবহার এই ধারাকে আরও শক্তিশালী করতে পারে। লিটলম্যাগাজিনের প্রতি আমাদের প্রত্যাশা তাই বহুমাত্রিক। সাহিত্যমানের প্রশ্নে কোনো আপস নয়Ñ এটি হতে হবে সৃজনশীলতার মুক্ত ক্ষেত্র। নবীন ও প্রান্তিক কণ্ঠকে আরও বেশি জায়গা দিতে হবে। মুদ্রণ ও ডিজিটাল দুই মাধ্যমেই সমান্তরাল উপস্থিতি নিশ্চিত করতে হবে।
লিটলম্যাগাজিন টিকে থাকা মানে সাহিত্যের স্বাধীন চেতনা টিকে থাকা, নতুন ভাষা ও নতুন ভাবনার সম্ভাবনা টিকে থাকা। এটি সাহিত্যের অপরিহার্য সৃজনভূমি। যতদিন সৃজনশীল মানুষ থাকবে, প্রশ্ন থাকবে, নতুন ভাষার খোঁজ থাকবে, ততদিন লিটলম্যাগাজিন তার নিজস্ব দীপ্তি নিয়ে বেঁচে থাকবে। তাই লিটলম্যাগাজিনের প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ নজর ও সুবিধা নিশ্চিত করতে হবে।
লেখক: আক্কেলপুর, জয়পুরহাট