× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকট: উন্নয়নের পথে বাধা

ফারহানা মুনমুন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৩:১৯ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতি ও জনগণের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে রান্নাবান্না সকল ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অপরিহার্য। আবার একটি দেশের উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। মৌলিক চাহিদার মধ্যে সর্বপ্রথম চাহিদা হলো খাদ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে, যেটা মানুষের মৌলিক চাহিদা পূরণের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু মানুষের মৌলিক চাহিদা নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। গ্যাস সংকট কেবল একটি জ্বালানি সংকট নয়, বরং দেশের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 

গ্যাস সংকটের কারণে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকলে নতুন স্থাপনের আগ্রহ কমে যায়, যা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত করে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাসের চাপ কম থাকে কিংবা একেবারেই গ্যাস পাওয়া যায় না। যার দরুন সাধারণ মানুষকে রান্না করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় আবার অনেক সময় তারা রান্নাই করতে পারে না। শহরের সাধারণ জনগণের এই দুর্ভোগের পাশাপাশি ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট এবং বেকারিগুলোরও উৎপাদন ব্যাহত হওয়ায় সকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্যাস সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে শিল্প খাতে।

দেশের তৈরি পোশাক ও সিরামিকসহ অন্যান্য শিল্পকারখানায় উৎপাদন কমে যাচ্ছে। অনেক শিল্পকারখানা প্রাকৃতিক গ্যাস না পেয়ে বিকল্প ব্যবস্থা করছে আবার অনেক কারখানা তাদের উৎপাদন বন্ধ রেখেছে। এতে দেশের মানুষের চাহিদা পূরণে সমস্যা হচ্ছে এবং সেই সঙ্গে রপ্তানি কমে যাচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতাসমূহ অবস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের আস্থা কমে যায়, যার নেতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর পড়ে। আবার বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস-নির্ভর হওয়ার কারণে গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ খাতে।

প্রাকৃতিক গ্যাস না থাকলে বিদ্যুৎ উৎপাদন কমে যায় এবং লোডশেডিং বেড়ে যায়। একই সাথে বিদ্যুতের ঘাটতির কারণে আবার শিল্প, স্বাস্থ্য, সেবা এবং তথ্যপ্রযুক্তির অন্যান্য খাতসহ প্রায় সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের সংকট পুরো অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে। প্রাকৃতিক গ্যাসের সংকটের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এ ক্ষেত্রে দেশের পুরনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও অনুসন্ধানের গতি প্রত্যাশিত নয়। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়নের কারণে গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে। গ্যাস সংকটের ব্যাপারে সরকারের উদাসীনতাও গ্যাস সংকটের একটি গুরুত্বপূর্ণ কারণ। এসবের পাশাপাশি গ্যাসের অপচয় অবৈধ সংযোগের কারণে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবিলায় শুধু স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি। গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম আরও জোরদার করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস উত্তোলন এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান করতে হবে। এলএনজি আমদানির পাশাপাশি সরবরাহ ব্যবস্থা আরও দক্ষ ও স্থিতিশীল করতে হবে। গ্যাসের অপচয় রোধ, অবৈধ সংযোগ বন্ধ এবং পাইপলাইনের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্প ও গৃহস্থালিতে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আমাদের উচিত এখনই প্রাকৃতিক গ্যাস সংকটের মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। নতুবা আমাদের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হবে এবং বাংলাদেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। যা কখনোই কাম্য নয়। বরং এই গ্যাস সমস্যা যদি কঠোর হাতে দমন করা যায়, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারব এক সম্ভাবনাময় বাংলাদেশ ।


লেখক: অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা